১৭ নভে, ২০২৬

মাদক মামলায় হাজিরা দিতে আদালতে পরীমনি

মাদক মামলায় হাজিরা দিতে আদালতে পরীমনি

ছবি: সংগৃহীত 
রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন চিত্রনায়িকা পরীমনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি ঢাকার আদালতে পৌঁছান।

ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে আজ মামলাটির অভিযোগ গঠনসংক্রান্ত বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। শুনানিতে পরীমনির পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত অংশ নেবেন। তিনি আশা প্রকাশ করেছেন, এ মামলায় পরীমনি ন্যায়বিচার পাবেন।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে পায়ে ব্যথার কারণে সেদিন আদালতে উপস্থিত হতে পারেননি পরীমনি। পরে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানির তারিখ পিছিয়ে ১৭ নভেম্বর নির্ধারণ করেন।

যেভাবে মামলার সূত্রপাত

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। পরদিন ৫ আগস্ট র‍্যাবের পক্ষ থেকে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

তদন্ত শেষে একই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমনিসহ তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে যা বলা হয়েছে

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, পরীমনির বাসা থেকে উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিআইডিকে লিখিতভাবে জানায়, ২০১৯-২০ অর্থবছরে পরীমনির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হলেও পরবর্তী সময়ে সেটির মেয়াদ শেষ হয়ে যায়।

তদন্তে আরও অভিযোগ করা হয়, মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে বাসায় রাখতেন পরীমনি। পাশাপাশি তার ব্যবহৃত গাড়িটি মাদক পরিবহনের কাজে ব্যবহারের অভিযোগও আনা হয়। এসব মাদকদ্রব্য সংরক্ষণের বিষয়ে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

হাইকোর্টের নির্দেশে পুনরায় অভিযোগ গঠনের শুনানি

পরবর্তী সময়ে ২০২২ সালের ৫ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন পরীমনি।

এর পরিপ্রেক্ষিতে একই বছরের ১ মার্চ হাইকোর্ট রুল জারি করেন এবং পরীমনির ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরবর্তী সময়ে উচ্চ আদালত মামলাটিতে পুনরায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি গ্রহণের নির্দেশ দেন।

এর ধারাবাহিকতায় আজ ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ মামলাটির অভিযোগ গঠনসংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র: চ্যানেল ২৪

জমি বিনিময়ের দলিলের আড়ালে বিক্রয় প্রমাণিত হলে প্রি-এম্পশন দাবি করা যাবে: হাইকোর্ট

জমি বিনিময়ের দলিলের আড়ালে বিক্রয় প্রমাণিত হলে প্রি-এম্পশন দাবি করা যাবে: হাইকোর্ট

প্রাসঙ্গিক আইন: রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০-এর ৯৬ ধারা এবং দেওয়ানি কার্যবিধির ১১৫(১) ধারা।
জমি বিনিময়ের (এক্সচেঞ্জ) দলিল হিসেবে নিবন্ধন করা হলেও প্রকৃতপক্ষে সেটি বিক্রয় দলিল প্রমাণিত হলে আইন অনুযায়ী অগ্রক্রয় (প্রি-এম্পশন) দাবি করার অধিকার রয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সংলগ্ন জমির মালিক হিসেবে প্রি-এম্পশন আবেদনকারীর অবস্থান প্রমাণিত হলে এবং দলিলটি বিক্রয় হিসেবে চূড়ান্তভাবে নির্ধারিত হলে কেবল বিনিময় দলিলের অজুহাতে তাঁর প্রি-এম্পশনের অধিকার নাকচ করা যায় না।

সম্প্রতি বিচারপতি মো. আলী রেজা-এর একক হাইকোর্ট বেঞ্চ, আবদুল মোজিদ ওরফে মোহাম্মদ আবদুল মোজিদ ওরফে মুজিবুর রহমান বনাম মো. আবদুল মতিন (মৃত), তাঁর ওয়ারিশ আলেয়া বেগম ও অন্যান্য, সিভিল রিভিশন নং ৪১৭/২০২২-এর রায়ে এ সিদ্ধান্ত দেন। ২০২৬ সালের ২৫ জুন রায়টি ঘোষণা করা হয়। রায়ের পূর্নাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয় ১৬ নভেম্বর, ২০২৬ তারিখে। 

মামলার প্রেক্ষাপট

মামলার আবেদনকারী আবদুল মোজিদ ওরফে মোহাম্মদ আবদুল মোজিদ ওরফে মুজিবুর রহমান। অপরদিকে বিবাদী ছিলেন মৃত মো. আবদুল মতিনের ওয়ারিশ আলেয়া বেগমসহ অন্যান্যরা।

মাগুরার শালিখা উপজেলার মৌজা ছাইঘরিয়ার সি.এস. ৬০ নম্বর দাগের জমি আবেদনকারী ও তাঁর ভাইয়ের উত্তরাধিকার ও ক্রয়সূত্রে মালিকানাধীন ছিল। ওই দাগে তাঁদের বসতবাড়ি অবস্থিত। এর পাশেই রয়েছে সি.এস. ৬১ নম্বর দাগ।

আবেদনকারীর দাবি, ৬১ নম্বর দাগের ৮৯ শতাংশ জমি তাঁর বসতবাড়ির সংলগ্ন এবং ওই জমির ওপর দিয়েই বসতবাড়িতে যাতায়াতের একমাত্র সুবিধাজনক পথ রয়েছে।

১৯৯৩ সালের ২১ মার্চ ১০৫৭ নম্বর নিবন্ধিত দলিলের মাধ্যমে ওই ৮৯ শতাংশ জমি হস্তান্তর করা হয়। দলিলটি জমি বিনিময়ের দলিল হিসেবে নিবন্ধিত হলেও আবেদনকারীর দাবি ছিল, প্রকৃতপক্ষে এটি বিক্রয় দলিল। ফলে তিনি সংলগ্ন জমির মালিক হিসেবে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০-এর ৯৬ ধারায় অগ্রক্রয়ের অধিকার দাবি করেন।

বিনিময় দলিলকে বিক্রয় দলিল ঘোষণার মামলা

বিনিময় দলিলের আড়ালে প্রকৃত বিক্রয় সংঘটিত হয়েছে—এমন দাবি প্রতিষ্ঠার জন্য আবেদনকারী ১৯৯৩ সালে ৪৬ নম্বর স্বত্ব মামলা দায়ের করেন।

প্রথম আদালত মামলাটি খারিজ করলেও পরবর্তী সময়ে ১৯৯৪ সালের ৫৫ নম্বর স্বত্ব আপিলে আবেদনকারীর পক্ষে ডিক্রি দেওয়া হয়। সেখানে বিতর্কিত দলিলটিকে বিক্রয় দলিল হিসেবে ঘোষণা করা হয়।

এর বিরুদ্ধে ক্রেতাপক্ষ হাইকোর্ট বিভাগে ১৯৯৫ সালের ১৭০ নম্বর সিভিল রিভিশন দায়ের করে। হাইকোর্ট বিভাগ ২০০১ সালের ২৮ নভেম্বর ওই রুল নিষ্পত্তি করে দলিলটি প্রকৃতপক্ষে বিক্রয় দলিল বলে সিদ্ধান্ত দেন।

ওই রায়ে উল্লেখ করা হয়, কথিত বিনিময় লেনদেনটি ছিল কৃত্রিম প্রকৃতির এবং এর বিপরীতে ৫০ হাজার টাকা মূল্য পরিশোধের সুনির্দিষ্ট প্রমাণ ছিল। ফলে দলিলটি বিনিময়ের নামে নিবন্ধিত হলেও প্রকৃত লেনদেন ছিল বিক্রয়।

নিম্ন আদালতের সিদ্ধান্ত

আবেদনকারী ১৯৯৩ সালের ৫ এপ্রিল রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০-এর ৯৬ ধারায় ১০/১৯৯৩ নম্বর বিবিধ মামলা দায়ের করেন।

মাগুরার শালিখার সহকারী জজ আদালত ২০১৮ সালের ১৪ জানুয়ারি মামলাটি মঞ্জুর করেন। আদালতের পর্যবেক্ষণ ছিল, বিতর্কিত দলিলটি ইতোমধ্যে পৃথক স্বত্ব মামলায় বিক্রয় দলিল হিসেবে নির্ধারিত হয়েছে এবং হাইকোর্ট বিভাগও সেই সিদ্ধান্ত বহাল রেখেছেন। তাই প্রি-এম্পশন মঞ্জুরের ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রেতাপক্ষ ২০১৮ সালের ৩ নম্বর বিবিধ আপিল এবং অপর এক পক্ষ ৪ নম্বর বিবিধ আপিল দায়ের করে। মাগুরার যুগ্ম জেলা জজ, প্রথম আদালত ২০২১ সালের ৮ মার্চ উভয় আপিল খারিজ করে নিম্ন আদালতের রায় বহাল রাখেন।

পরবর্তী সময়ে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে সিভিল রিভিশন দায়ের করা হয়।

হাইকোর্টের পর্যবেক্ষণ

হাইকোর্ট বিভাগ পর্যবেক্ষণে বলেন, ২০০১ সালের ২৮ নভেম্বর হাইকোর্ট বিভাগের দেওয়া পূর্ববর্তী রায়ে বিতর্কিত দলিলটি প্রকৃতপক্ষে বিক্রয় দলিল বলে চূড়ান্তভাবে নির্ধারিত হয়েছে। ওই রায় সংশ্লিষ্ট পক্ষগুলোর জন্য বাধ্যতামূলক। তাই পরবর্তী প্রি-এম্পশন মামলায় দলিলটি বিনিময় দলিল ছিল—এমন দাবি পুনরায় উত্থাপনের সুযোগ নেই।

আদালত আরও বলেন, প্রমাণে দেখা গেছে, আবেদনকারী ছিলেন হস্তান্তরিত জমির সংলগ্ন জমির মালিক। বিবাদীপক্ষের একজন সাক্ষী জেরায় স্বীকার করেন, আবেদনকারীর জমি সাবেক ৬১ নম্বর দাগের পশ্চিম পাশে অবস্থিত। ফলে সংলগ্ন জমির মালিক হিসেবে আবেদনকারীর অবস্থান প্রমাণিত হয়েছে।

জমির মাঝখানে রাস্তা থাকার দাবি প্রমাণিত হয়নি

বিবাদীপক্ষের দাবি ছিল, ৬০ ও ৬১ নম্বর দাগের মাঝখানে একটি রাস্তা রয়েছে, যা স্থানীয় বাসিন্দারা যাতায়াতের জন্য ব্যবহার করেন।

তবে এ দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি তারা। বরং সি.এস. ও আর.এস. নকশা এবং সংশ্লিষ্ট আর.এস. রেকর্ড পর্যালোচনা করে আদালত দেখতে পান, উক্ত দুই দাগের মাঝখানে কোনো রাস্তা দেখানো হয়নি।

বিবাদীপক্ষের সাক্ষীও জেরায় রাস্তার অস্তিত্বের পক্ষে কোনো নকশা দেখাতে পারেননি। আদালত বলেন, রাস্তা থাকার দাবি মূলত প্রি-এম্পশনের অধিকার বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে উত্থাপন করা হয়েছিল, যার পক্ষে গ্রহণযোগ্য প্রমাণ নেই।

মূল্য নির্ধারণ ও উন্নয়ন ব্যয়ের যুক্তি

আবেদনকারী পক্ষের বিরুদ্ধে আরও দাবি করা হয়, জমিটির প্রকৃত মূল্য দলিলে উল্লেখিত ৯ হাজার ৯০০ টাকার চেয়ে বেশি ছিল। এ ছাড়া জমির উন্নয়নে ২০ হাজার টাকা ব্যয় করা হয়েছিল বলেও যুক্তি দেওয়া হয়।

হাইকোর্ট বলেন, বিতর্কিত দলিলেই জমির মূল্য ৯ হাজার ৯০০ টাকা উল্লেখ রয়েছে। দলিলের ওপর নির্ভর করে লেনদেন সম্পন্ন করার পর ক্রেতাপক্ষ এখন ভিন্ন মূল্য দাবি করতে পারে না। এ ছাড়া জমির উন্নয়ন ব্যয়ের যুক্তিও প্রি-এম্পশনের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে না।

হাইকোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত

সব পক্ষের বক্তব্য, সাক্ষ্য-প্রমাণ, দলিলপত্র এবং নিম্ন আদালতের রায় পর্যালোচনা করে হাইকোর্ট বিভাগ বলেন, নিম্ন আদালতগুলো যথাযথভাবে প্রমাণ মূল্যায়ন করে প্রি-এম্পশন মঞ্জুর করেছেন। তাদের সিদ্ধান্তে কোনো গুরুত্বপূর্ণ সাক্ষ্য ভুলভাবে বিবেচনা করা বা বাদ দেওয়ার প্রমাণ পাওয়া যায়নি। আইনগত ভুলের কারণেও রিভিশনাল এখতিয়ার প্রয়োগ করে হস্তক্ষেপের প্রয়োজন নেই।

ফলে আদালত সিভিল রিভিশনের রুল খারিজ করেন। একই সঙ্গে ২০২১ সালের ৮ মার্চ মাগুরার যুগ্ম জেলা জজ, প্রথম আদালতের দেওয়া রায় ও আদেশ বহাল রাখেন। হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়।

সূত্র: হাইকোর্ট বিভাগের ২৫ জুন ২০২৬ তারিখের রায়, সিভিল রিভিশন নং ৪১৭/২০২২।

বিডি ল' পোস্ট/ মাসুম

১৬ নভে, ২০২৬

বিচারকদের যাতায়াতের সুবিধায় ৯টি মাইক্রোবাস বিতরণ করল আইন মন্ত্রণালয়

বিচারকদের যাতায়াতের সুবিধায় ৯টি মাইক্রোবাস বিতরণ করল আইন মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত 
দেশের বিভিন্ন আদালতের বিচারকদের যাতায়াতের সুবিধা বৃদ্ধি এবং বিচারিক কার্যক্রমে প্রাতিষ্ঠানিক সহায়তা জোরদার করতে ৯টি মাইক্রোবাস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আবদুল গণি রোডে নিবন্ধন অধিদপ্তর প্রাঙ্গণে রংপুরের জেলা ও দায়রা জজের হাতে একটি মাইক্রোবাসের চাবি হস্তান্তরের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

আইন ও বিচার বিভাগের বাজেট ও উন্নয়ন অনুবিভাগের উদ্যোগে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে মাইক্রোবাসগুলো কেনা হয়েছে। রেজিস্ট্রেশন ব্যয়সহ ৯টি মাইক্রোবাস ক্রয়ে মোট ব্যয় হয়েছে ৪ কোটি ৬৮ লাখ টাকা।

যেসব আদালত পেল মাইক্রোবাস

বিতরণ করা ৯টি মাইক্রোবাসের মধ্যে ছয়টি দেওয়া হয়েছে চুয়াডাঙ্গা, লালমনিরহাট, যশোর, রংপুর, ঢাকা ও পঞ্চগড় জেলা জজ আদালতে। এছাড়া দুটি মাইক্রোবাস দেওয়া হয়েছে রাজশাহী ও সিলেট মহানগর দায়রা জজ আদালতে। অবশিষ্ট একটি পেয়েছে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

বিচারিক কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখবে

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ উদ্যোগের ফলে নির্ধারিত আদালতগুলোর বিচারকদের নিয়মিত যাতায়াত আরও সহজ ও নির্বিঘ্ন হবে। একই সঙ্গে বিচারিক দায়িত্ব পালনে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা বাড়বে এবং আদালতের কার্যক্রম পরিচালনায় সহায়ক পরিবেশ তৈরি হবে।

বিভিন্ন দপ্তর পরিদর্শন

মাইক্রোবাস বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে আইনমন্ত্রী নিবন্ধন অধিদপ্তর ও প্রশাসনিক ট্রাইব্যুনাল পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন, রংপুরের জেলা ও দায়রা জজ হালিম উল্লাহ চৌধুরী এবং আইনমন্ত্রীর একান্ত সচিব (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মো. সাজ্জাদুর রহমান। এছাড়া আইন মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সূত্র: দৈনিক বণিক বার্তা 


অপরাধ দমনে শুধু আইন-আদালত যথেষ্ট নয়: অ্যাটর্নি জেনারেল

অপরাধ দমনে শুধু আইন-আদালত যথেষ্ট নয়: অ্যাটর্নি জেনারেল

ছবি: ভিডিও থেকে সংগৃহীত 
অপরাধ নিয়ন্ত্রণে আইন ও আদালতের পাশাপাশি সামাজিক প্রতিরোধ, ধর্মীয় ও পারিবারিক শিক্ষা এবং নৈতিক মূল্যবোধের চর্চা জরুরি বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, শুধু আইন প্রয়োগ ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সমাজের সব ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব নয়। এ জন্য সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর মিরপুরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার মামলার শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে এ মামলায় দণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) এবং তাঁদের দায়ের করা জেল আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটির রায় ঘোষণার জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেন।

নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অ্যাটর্নি জেনারেল বলেন, অপরাধ প্রতিরোধে সবচেয়ে বেশি প্রয়োজন সামাজিকভাবে অপরাধের বিরুদ্ধে অবস্থান নেওয়া। সমাজ যদি সম্মিলিতভাবে অপরাধ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে না পারে, তাহলে কেবল আইন ও আদালতের মাধ্যমে সব অপরাধ নিয়ন্ত্রণ করা কঠিন।

দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশা প্রসঙ্গে তিনি বলেন, মানুষ এমন শাস্তি দেখতে চায়, যাতে একই ধরনের অপরাধ সংঘটনের সাহস বা প্রবণতা অন্য কারও মধ্যে তৈরি না হয়। বিচারের অন্যতম উদ্দেশ্য হলো অপরাধীর শাস্তি নিশ্চিত করার পাশাপাশি সমাজে একটি সুস্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া। তবে অপরাধ প্রতিরোধের একমাত্র উপায় বিচারিক ব্যবস্থা নয়।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, অপরাধমুক্ত সমাজ গঠনে ধর্মীয় শিক্ষা, পারিবারিক অনুশাসন এবং নৈতিক মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। আট বছরের একটি শিশুর প্রতিও কারও কুদৃষ্টি পড়তে পারে—এমন বিষয় অত্যন্ত উদ্বেগজনক। মানুষের মধ্যে এ ধরনের নৃশংস মানসিকতা কীভাবে তৈরি হচ্ছে, তা সমাজবিজ্ঞানীদের গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন।

নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত মামলার ডেথ রেফারেন্স দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে পল্লবীর শিশু হত্যা মামলাকে কেন্দ্র করে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছিল। মামলাটির নিষ্পত্তির পরও এ ধরনের বিশেষ বেঞ্চের প্রয়োজনীয়তা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, দ্রুত বিচার পাওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার।

তিনি বলেন, স্পর্শকাতর মামলাগুলোর দ্রুত বিচার এবং রায় কার্যকরের মাধ্যমে বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করতে হবে। প্রধান বিচারপতির উদ্যোগে গঠিত বিশেষ বেঞ্চ ইতোমধ্যে অত্যন্ত দ্রুততার সঙ্গে ৩৫টি মামলার নিষ্পত্তি করেছে। এ ধরনের বিশেষ বেঞ্চ আরও দ্রুত মামলা নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি মনে করেন।

ফৌজদারি বিচারপ্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের ভূমিকা তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, কোনো মামলার বিচার উচ্চ আদালতে এলে রাষ্ট্রপক্ষ মামলার সব আইনগত বিষয় ও প্রমাণাদি পর্যালোচনা করে আদালতে বক্তব্য উপস্থাপন করে। রাষ্ট্রপক্ষের মূল লক্ষ্য হলো প্রকৃত অপরাধীর শাস্তি নিশ্চিত করা এবং একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে অন্যায়ভাবে দণ্ডিত না হন, তা নিশ্চিত করা।

সোহেল রানার বিষয়ে আদালতে রাষ্ট্রপক্ষের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আসামির বিষয়ে রাষ্ট্রপক্ষ আইন ও মামলার উপাদান বিবেচনায় নিয়েই আদালতে নিজেদের বক্তব্য তুলে ধরেছে।

সূত্র: গণমাধ্যমের প্রচারিত জেনারেলের সাক্ষাৎকার

রাউজান আদালতে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ৪০–৫০টি মামলার গুরুত্বপূর্ণ নথি

রাউজান আদালতে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ৪০–৫০টি মামলার গুরুত্বপূর্ণ নথি

ছবি: সংগৃহীত 
চট্টগ্রামের রাউজান সিনিয়র সিভিল জজ আদালতের বিচারকের কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪০ থেকে ৫০টি বিচারাধীন মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। এ ছাড়া আগুনে এসি, কম্পিউটার, প্রিন্টারসহ বেশ কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত আদালতের বিচারক আবদুল মান্নানের কক্ষে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা যায়, সকালে আদালতের নৈশপ্রহরী ও নাজির কক্ষে প্রবেশের সময় ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন। পরে বিষয়টি বিচারককে অবহিত করার পাশাপাশি ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।

আদালতের নাজির আকাশ নাথ জানান, অগ্নিকাণ্ডে ৪০ থেকে ৫০টি বিচারাধীন মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। এ ছাড়া একটি এসি, কম্পিউটার, প্রিন্টার, বুকশেলফ, দরজা ও অন্যান্য আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে তালিকা প্রস্তুতের কাজ চলছে।

তিনি আরও জানান, আদালতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা থাকলেও সেগুলো সচল না থাকায় অগ্নিকাণ্ডের কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি।

এ ঘটনায় সোমবার আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ রাখা হয়। ফলে ওই দিনের কার্যতালিকায় থাকা শতাধিক মামলার বাদী-বিবাদীসহ সংশ্লিষ্ট বিচারপ্রার্থীদের দুর্ভোগে পড়তে হয়।

রাউজান ফায়ার সার্ভিসের সাব-অফিসার আবদুল্লাহ আল মামুন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যাওয়ায় তাদের আগুন নিয়ন্ত্রণে কোনো কাজ করতে হয়নি।

অন্যদিকে, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসি বিস্ফোরণ, বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি পরিকল্পিত অগ্নিসংযোগ—কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল বিচারক হেমায়েত উদ্দিন, মন্ত্রণালয়ে সংযুক্ত হাবিবুর রহমান সিদ্দিকী

সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল বিচারক হেমায়েত উদ্দিন, মন্ত্রণালয়ে সংযুক্ত হাবিবুর রহমান সিদ্দিকী

বাম থেকে মো. হেমায়েত উদ্দিন ও মুহাম্মদ হাবিবুর রহমান

বাংলাদেশ সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন। অন্যদিকে, সুপ্রিম কোর্টের বর্তমান রেজিস্ট্রার জেনারেল ও সুপ্রিম কোর্ট সচিবালয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের বিচার শাখা-৩ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের জ্যেষ্ঠ সদস্য মো. হেমায়েত উদ্দিনকে কুমিল্লার জেলা ও দায়রা জজের পদ থেকে বদলি করে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে পদায়ন করা হয়েছে। এ পদে তাঁর চাকরি প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্ট কর্তৃক নির্ধারিত তারিখে তিনি তাঁর বর্তমান কর্মস্থলের প্রশাসনিক দায়িত্ব জ্যেষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজের কাছে হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদান করবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

অন্যদিকে, রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা পৃথক প্রজ্ঞাপনে মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। উপসচিব মাসুম বিল্লার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী তাঁকে মন্ত্রণালয়ে সংযুক্ত করার সুপারিশের পরিপ্রেক্ষিতে এ আদেশ জারি করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৮ আগস্ট মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তৎকালীন রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঞা হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ায় পদটি শূন্য হলে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।

পরবর্তী সময়ে ২০২৫ সালের ১ ডিসেম্বর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাঁকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিবের অতিরিক্ত দায়িত্বও প্রদান করেন। ফলে তিনি রেজিস্ট্রার জেনারেলের দায়িত্বের পাশাপাশি সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন।

নতুন এ প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্টের প্রশাসনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ এ পদে পরিবর্তন এলো।

সূত্র: আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

শেয়ারবাজারে কারসাজির অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আরোপিত জরিমানা বহাল রাখল হাইকোর্ট, ২১টি রিটের রুল খারিজ: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেয়ারবাজারে কারসাজির অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আরোপিত জরিমানা বহাল রাখল হাইকোর্ট, ২১টি রিটের রুল খারিজ: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ছবি: সংগৃহীত 
শেয়ারবাজারে কারসাজির অভিযোগে বিনিয়োগকারীদের ওপর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আরোপ করা জরিমানা বহাল রেখেছেন হাইকোর্ট। এ ধরনের আইন লঙ্ঘনের ঘটনায় কমিশন চাইলে দেওয়ানি জরিমানা আরোপ করতে পারে, আবার ফৌজদারি মামলাও করতে পারে। কোন ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা কমিশনের বিবেচনাধীন—এমন পর্যবেক্ষণ দিয়েছেন আদালত।

একই সঙ্গে জরিমানা আরোপের আদেশ ও রিভিউ আবেদন খারিজের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা ২১টি রিট আবেদনের রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ওপর বিএসইসির আরোপিত জরিমানার সিদ্ধান্ত বহাল থাকল।

২০২৫ সালের ৬ নভেম্বর বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আয়নুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ এ রায় দেন।

মামলার পটভূমি

মামলার বিবরণ অনুযায়ী, সংশ্লিষ্ট রিট আবেদনকারীরা বাংলাদেশের শেয়ারবাজারের বিনিয়োগকারী। বিএসইসির অভিযোগ ছিল, তাঁরা অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ শেয়ার কেনেন। এর ফলে শেয়ারবাজারে কারসাজির পরিস্থিতি তৈরি হয় এবং সাধারণ ক্রেতাদের মধ্যে সংশ্লিষ্ট শেয়ারের দাম শিগগিরই বাড়বে—এমন ধারণা সৃষ্টি হয়।

এ ঘটনায় বিএসইসি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের কারণ দর্শানোর নোটিশ দেয়। তাঁদের লিখিত বক্তব্য গ্রহণের পাশাপাশি ব্যক্তিগত শুনানির সুযোগ দেওয়া হয়। শুনানি শেষে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ২২ ধারায় বিভিন্ন অঙ্কের জরিমানা আরোপ করে কমিশন।

এর মধ্যে রিট পিটিশন নং ৬০৩/২০২৫-এর আবেদনকারীদের ওপর ২৫ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়েছিল। পরবর্তী সময়ে আবেদনকারীরা কমিশনের রিভিউ কমিটির কাছে আবেদন করেন। তবে রিভিউ আবেদন প্রত্যাখ্যান করে আগের জরিমানার সিদ্ধান্ত বহাল রাখা হয়। এরপর তাঁরা হাইকোর্টে পৃথক রিট আবেদন করেন।

রিট আবেদনকারীদের বক্তব্য

আবেদনকারীদের আইনজীবীরা আদালতে যুক্তি দেন, তাঁদের বিরুদ্ধে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের অভিযোগ থাকলে ১৯৬৯ সালের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্সের ২৪ ধারায় ফৌজদারি মামলা করা উচিত ছিল। কারণ, কোনো ব্যক্তি কত পরিমাণ শেয়ার কিনতে বা বিক্রি করতে পারবেন, সে বিষয়ে সংশ্লিষ্ট আইনে নির্দিষ্ট কোনো নিষেধাজ্ঞা নেই।

তাঁদের দাবি ছিল, আইনবহির্ভূত ও স্বেচ্ছাচারীভাবে জরিমানা আরোপ করা হয়েছে। তা ছাড়া রিভিউ আবেদন নিষ্পত্তির সময় কমিশন স্বাধীনভাবে বিষয়টি বিবেচনা না করে আগের সিদ্ধান্তই পুনরাবৃত্তি করেছে।

বিএসইসির বক্তব্য

অন্যদিকে বিএসইসির পক্ষে আইনজীবীরা বলেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর অধীনে আইন লঙ্ঘনের ঘটনায় কমিশনের সামনে দুটি ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। এর একটি হলো ২২ ধারায় দেওয়ানি জরিমানা আরোপ এবং অন্যটি ২৪ ধারায় ফৌজদারি কার্যক্রম গ্রহণ।

কোন পদ্ধতিতে ব্যবস্থা নেওয়া হবে, তা কমিশনের এখতিয়ার ও বিবেচনাধীন। তাঁরা আরও বলেন, প্রত্যেক আবেদনকারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, লিখিত বক্তব্য গ্রহণ করা হয়েছে এবং ব্যক্তিগত শুনানির সুযোগ দেওয়ার পর জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ন্যায়বিচারের স্বাভাবিক নীতির কোনো লঙ্ঘন ঘটেনি।

হাইকোর্টের পর্যবেক্ষণ

আদালত বলেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ প্রণয়নের অন্যতম উদ্দেশ্য হলো বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা, পুঁজিবাজার নিয়ন্ত্রণ এবং সিকিউরিটিজ লেনদেনে প্রতারণা ও কারসাজি প্রতিরোধ করা। সাধারণ বিনিয়োগকারীরা যাতে তাঁদের সঞ্চিত অর্থ হারিয়ে না ফেলেন, সে লক্ষ্যেই আইনটি প্রণয়ন করা হয়েছে।

আদালত আরও উল্লেখ করেন, অর্ডিন্যান্সের বিভিন্ন ধারাকে বিচ্ছিন্নভাবে না দেখে সামগ্রিক উদ্দেশ্য ও বিধান বিবেচনা করতে হবে। কমিশন আইন লঙ্ঘনের ঘটনায় ২২ ধারায় দেওয়ানি জরিমানা আরোপ করবে, নাকি ২৪ ধারায় ফৌজদারি কার্যক্রম গ্রহণ করবে, তা কমিশনের বিবেচনার বিষয়। তাই আবেদনকারীদের পক্ষে ২৪ ধারায় ফৌজদারি মামলা করার বাধ্যবাধকতার যে যুক্তি দেওয়া হয়েছে, তার কোনো গ্রহণযোগ্যতা নেই।

ন্যায়বিচারের স্বাভাবিক নীতি লঙ্ঘিত হয়নি

আদালত বলেন, কাউকে কোনো শাস্তিমূলক বা ক্ষতিকর সিদ্ধান্তের মুখোমুখি করার আগে তাঁর বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া ন্যায়বিচারের অন্যতম মৌলিক নীতি।

তবে মামলার নথি পর্যালোচনায় দেখা যায়, বিএসইসি আবেদনকারীদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, তাঁদের লিখিত জবাব গ্রহণ করেছে এবং ব্যক্তিগত শুনানির সুযোগ দিয়েছে। এরপর সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে জরিমানা আরোপ করা হয়েছে।

পরবর্তী সময়ে আবেদনকারীরা ১৯৬৯ সালের অর্ডিন্যান্সের ২৬ ধারায় রিভিউ আবেদন করলেও কমিশন তা শুনানি ও বিবেচনার পর প্রত্যাখ্যান করে আগের সিদ্ধান্ত বহাল রাখে। ফলে পুরো প্রক্রিয়ায় কোনো পদ্ধতিগত অনিয়ম খুঁজে পাননি আদালত।

বিতর্কিত তথ্য রিটে নিষ্পত্তিযোগ্য নয়

আদালত আরও বলেন, আবেদনকারীদের দাবি ছিল, তাঁরা সৎ উদ্দেশ্যে শেয়ার কিনেছেন এবং তাঁদের লেনদেনের মাধ্যমে বাজারে কোনো কারসাজি হয়নি। অন্যদিকে বিএসইসির বক্তব্য ছিল, অল্প সময়ে বিপুল পরিমাণ শেয়ার কেনার মাধ্যমে বাজারে কারসাজি করা হয়েছে।

আদালতের মতে, আবেদনকারীরা প্রকৃতপক্ষে সৎ উদ্দেশ্যে লেনদেন করেছেন কি না কিংবা শেয়ারবাজারে কারসাজি হয়েছে কি না, তা তথ্যগত বিরোধের বিষয়। এ ধরনের বিতর্কিত বিষয় বিস্তারিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে নিষ্পত্তি করতে হয়। তাই রিট এখতিয়ারে এসব প্রশ্নের বিচার করা সম্ভব নয়।

এ প্রসঙ্গে আদালত Director, HBRI বনাম Darus Salam Co-operative Society মামলায় ২০০২ সালের বিএলডি (এডি) ১৩৪ এবং Abdul Hamid বনাম Miah Nurul Islam মামলায় ৪২ ডিএলআর (এডি) ৪৯-এর সিদ্ধান্তের উল্লেখ করেন।

আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত

সব দিক বিবেচনায় ২১টি রিট আবেদনের কোনো গ্রহণযোগ্যতা খুঁজে না পেয়ে হাইকোর্ট সব রুল খারিজ করে দেন। আদালত কোনো খরচের আদেশ দেননি। একই সঙ্গে আগে দেওয়া অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ প্রত্যাহার ও বাতিল করেন এবং সংশ্লিষ্ট অন্যান্য আবেদনও খারিজ করে দেন।

মামলার তথ্য

আদালত: বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ।

মামলার ধরন: রিট পিটিশন।

মামলা নম্বর: রিট পিটিশন নং ৬০৩/২০২৫-এর সঙ্গে ৩২৪৮/২০২৫ থেকে ৩৬৩৪/২০২৫-এর সংশ্লিষ্ট রিট এবং ৬৩২১/২০২৫ থেকে ৬৩২৬/২০২৫ পর্যন্ত মোট ২১টি রিট।

বিচারপতি: বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আয়নুন নাহার সিদ্দিকা।

রায় ঘোষণার তারিখ: ৬ নভেম্বর ২০২৫।

আবেদনকারীদের পক্ষে: অ্যাডভোকেট এ এস এম আবদুর রাজ্জাক, অ্যাডভোকেট মো. রাবিউল ইসলাম, সিনিয়র অ্যাডভোকেট এ এম মাসুম, অ্যাডভোকেট মো. ফারহাদ বিন হোসেন, অ্যাডভোকেট মো. একরামুল হক তুতুল, অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম খলিল, অ্যাডভোকেট মোহাম্মদ উল্লাহসহ অন্যান্য আইনজীবী।

বিএসইসির পক্ষে: সিনিয়র অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট সালমা সুলতানা, অ্যাডভোকেট সালেহ উদ্দিন, অ্যাডভোকেট আকলিমা আক্তার হীরাসহ অন্যান্য আইনজীবী।

রায়ের মূল আইনি দিক: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ১৭, ২২, ২২এ, ২৪ ও ২৬ ধারা।

সূত্র: বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ৬০৩/২০২৫-সহ ২১টি রিটের সমন্বিত রায়, ৬ নভেম্বর ২০২৫।

বিডি ল' পোস্ট / মাসুম