২৫ অক্টো, ২০২৬

মালিকানা নিয়ে বিরোধ থাকলে চূড়ান্ত খতিয়ান পরিবর্তনে রাজস্ব কর্মকর্তার এখতিয়ার নেই: হাইকোর্টের রায়

জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের নিষ্পত্তি করতে হবে উপযুক্ত দেওয়ানি আদালতে
চূড়ান্তভাবে প্রকাশিত খতিয়ানে জমির মালিকানা নিয়ে বিরোধ দেখা দিলে কেবল তদন্ত প্রতিবেদন বা প্রশাসনিক আদেশের ভিত্তিতে সেই খতিয়ান পরিবর্তন করা যায় না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের নিষ্পত্তি করতে হবে উপযুক্ত দেওয়ানি আদালতে। এ ক্ষেত্রে দেওয়ানি আদালতের বিচারিক সিদ্ধান্তের বিকল্প হিসেবে পুলিশ বা প্রশাসনিক কর্মকর্তার প্রতিবেদন ব্যবহার করে চূড়ান্ত খতিয়ান সংশোধন করা আইনসম্মত নয়।

মো. নিজাম উদ্দিন বনাম বাংলাদেশ সরকার ও অন্যান্য, রিট পিটিশন নং ৯০৬৮/২০২৪ এর চূড়ান্ত শুনানি শেষে গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিচারপতি উর্মী রহমান ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ এ রায় দেন। রায়টির অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয় ২৫ অক্টোবর, ২০২৬ তারিখে। 

মামলার প্রেক্ষাপট

মামলার বাদী মো. নিজাম উদ্দিন উত্তরখান, ঢাকার একটি জমির মালিকানা উত্তরাধিকারসূত্রে দাবি করেন। তাঁর দাবি অনুযায়ী, জমিটি তাঁর দাদা কুদরত আলীর নামে সি.এস. খতিয়ানে রেকর্ডভুক্ত ছিল। পরবর্তী সময়ে উত্তরাধিকারসূত্রে তাঁর বাবা হাসেন উদ্দিন জমির মালিক হন এবং বাবার মৃত্যুর পর তিনি ওই সম্পত্তির উত্তরাধিকারী হন। পরবর্তী সময়ে আর.এস. খতিয়ান নং ৫৫১৪ তাঁর নামে প্রকাশিত হয়। তিনি জমিতে ভবন নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস এবং নিয়মিত হোল্ডিং ট্যাক্স ও ইউটিলিটি বিল পরিশোধ করে আসছিলেন বলে দাবি করেন।

অন্যদিকে, বিবাদীরা দাবি করেন, তাঁরা মূল রেকর্ডভুক্ত মালিকের উত্তরাধিকারীদের কাছ থেকে নিবন্ধিত দলিলের মাধ্যমে জমি কিনেছেন। তাঁদের অভিযোগ, নিজাম উদ্দিনের নামে প্রকাশিত খতিয়ান জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। এ নিয়ে একাধিক দেওয়ানি ও ফৌজদারি মামলা হয়। সংশ্লিষ্ট একটি ফৌজদারি মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল করলেও মামলাটি দেওয়ানি বিরোধের বিষয় হওয়ায় ১২ ডিসেম্বর ২০২৩ তারিখে খারিজ হয়।

এরপর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা ২০২৪ সালে বিতর্কিত খতিয়ান পরিবর্তন করে নতুন খতিয়ান প্রকাশের উদ্যোগ নেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট দপ্তরগুলো নতুন খতিয়ান অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়। এসব প্রশাসনিক পদক্ষেপের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন নিজাম উদ্দিন।

হাইকোর্টের পর্যবেক্ষণ

আদালত পর্যবেক্ষণে বলেন, এই মামলায় জমির মালিকানা ও দখল নিয়ে পক্ষগুলোর মধ্যে বিরোধ রয়েছে। তবে রিটের মাধ্যমে আদালতের বিবেচ্য বিষয় হলো, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা বিতর্কিত আদেশ দেওয়ার ক্ষেত্রে তাঁদের আইনগত এখতিয়ারের মধ্যে ছিলেন কি না। মালিকানা নিয়ে বিরোধ থাকলেই সরকারি কর্তৃপক্ষের বেআইনি বা এখতিয়ারবহির্ভূত পদক্ষেপের বৈধতা পরীক্ষা করার ক্ষমতা হাইকোর্ট হারায় না।

আদালত আরও বলেন, পুলিশি তদন্ত প্রতিবেদন ও জোনাল সেটেলমেন্ট কর্মকর্তার প্রতিবেদন কোনো উপযুক্ত দেওয়ানি আদালতের মাধ্যমে মালিকানা ও দখল নির্ধারণের বিকল্প হতে পারে না। সংশ্লিষ্ট কর্মকর্তারা দেওয়ানি আদালতের সিদ্ধান্ত ছাড়াই এসব প্রতিবেদনের ভিত্তিতে চূড়ান্তভাবে প্রকাশিত খতিয়ান পরিবর্তনের নির্দেশ দিয়েছিলেন। এ ধরনের পদক্ষেপ তাঁদের আইনগত এখতিয়ারের বাইরে।

রায়ে ২০২১ সালের ২৯ জুলাই প্রকাশিত ভূমি মন্ত্রণালয়ের গেজেট বিজ্ঞপ্তির কথাও উল্লেখ করা হয়। ওই বিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে প্রকাশিত খতিয়ানে জালিয়াতির মাধ্যমে অন্তর্ভুক্ত এন্ট্রি সংশোধনের একটি পদ্ধতি নির্ধারণ করা হয়েছিল। তবে জমির মালিকানা নিয়ে বিরোধ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি দেওয়ানি আদালতে নিষ্পত্তির জন্য পাঠাতে হবে। মামলার নথিতে ওই পদ্ধতি অনুসরণ করে কার্যক্রম গ্রহণের প্রমাণ পাওয়া যায়নি।

রিট মঞ্জুর, প্রশাসনিক আদেশ আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা

সব দিক বিবেচনায় হাইকোর্ট রুল যথাযথ ঘোষণা করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জারি করা বিতর্কিত স্মারক ও তার ভিত্তিতে নেওয়া পরবর্তী পদক্ষেপগুলো আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং আইনগত কার্যকারিতাহীন ঘোষণা করেন। আদালত কোনো খরচের আদেশ দেননি। এর আগে দেওয়া স্থগিতাদেশ ও স্থিতাবস্থার আদেশও প্রত্যাহার করা হয়।

আইনি শিক্ষা

চূড়ান্তভাবে প্রকাশিত খতিয়ানে জালিয়াতির অভিযোগ উঠলেই প্রশাসনিক কর্তৃপক্ষ ইচ্ছামতো তা পরিবর্তন করতে পারে না। আইননির্ধারিত পদ্ধতি অনুসরণ করতে হবে। বিরোধটি যদি প্রকৃতপক্ষে জমির মালিকানা ও দখলসংক্রান্ত হয়, তবে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে উপযুক্ত দেওয়ানি আদালতই তার নিষ্পত্তি করবে। সরকারি কর্মকর্তাদের ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রেও আইনগত এখতিয়ার ও নির্ধারিত পদ্ধতি অনুসরণ করা বাধ্যতামূলক।

বিডি ল' পোস্ট/মাসুম



শেয়ার করুন

0 coment rios: