![]() |
| ছবি: সংগৃহীত |
আদালত বলেছেন, কোনো সম্পত্তি শেষ পর্যন্ত বাজেয়াপ্ত হতে পারে—শুধু এই আশঙ্কায় সেটির অন্তর্বর্তী জিম্মার আবেদন প্রত্যাখ্যান করা যাবে না। উপযুক্ত শর্ত আরোপ করে জব্দ করা সম্পত্তি প্রকৃত মালিকের জিম্মায় দেওয়া যেতে পারে। তবে মামলার বিচার শেষে বাজেয়াপ্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বিচারিক আদালতের থাকবে।
গত ৪ নভেম্বর ২০২৬ তারিখে দেওয়া এক রায়ে হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি উর্মী রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ পর্যবেক্ষণ দেন। মামলাটি মো. নজরুল ইসলাম বনাম রাষ্ট্র। ফৌজদারি মিসলেনিয়াস মামলা নম্বর ৩৮৪৬১/২০২৬। পূর্ণাঙ্গ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয় ১৫ নভেম্বর, ২০২৬ তারিখে।
মামলার প্রেক্ষাপট
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ২৯ জুন রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে ফেনসিডিল পরিবহনে ব্যবহারের অভিযোগে একটি ব্যাটারিচালিত চার্জিং ভ্যান জব্দ করে পুলিশ। ওই ভ্যান থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় হাতীবান্ধা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ১৩(খ) তফসিলসহ ৩৬(১)/৪১ ধারায় মামলা করা হয়।
তবে ওই মামলায় বর্তমান আবেদনকারী মো. নজরুল ইসলাম আসামি ছিলেন না। তিনি জব্দ করা ভ্যানটির বৈধ মালিকানা দাবি করে আদালতে অন্তর্বর্তী জিম্মার আবেদন করেন।
আবেদনে তিনি জানান, ভ্যানটি দীর্ঘদিন ধরে থানায় খোলা জায়গায় রোদ-বৃষ্টিতে পড়ে থাকায় এর অবস্থা ও বাজারমূল্য ক্রমাগত কমে যাচ্ছে। মামলার বিচার শেষ হতে দীর্ঘ সময় লাগতে পারে। ফলে এভাবে যানবাহনটি আটকে রাখলে তাঁর অপূরণীয় আর্থিক ক্ষতি হবে।
কিন্তু ২০২৫ সালের ১৭ আগস্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪, লালমনিরহাট তাঁর আবেদন নামঞ্জুর করেন। আদালতের যুক্তি ছিল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ২৬ ধারায় যানবাহনটি বাজেয়াপ্তযোগ্য হওয়ায় বিচার চলাকালে তা জিম্মায় দেওয়ার সুযোগ নেই।
পরবর্তী সময়ে লালমনিরহাটের জেলা ও দায়রা জজ আদালত ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ফৌজদারি মিসলেনিয়াস মামলা নম্বর ১০৩৮/২০২৫ খারিজ করে ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ বহাল রাখেন। এর বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৫৬১এ ধারায় হাইকোর্টে আবেদন করেন ভ্যানটির মালিক।
হাইকোর্টের পর্যবেক্ষণ
হাইকোর্ট পর্যবেক্ষণে বলেন, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী, কোনো ফৌজদারি মামলায় জব্দ করা সম্পত্তি অনির্দিষ্টকালের জন্য আদালত বা পুলিশের হেফাজতে রাখা উচিত নয়। বিশেষ করে দীর্ঘদিন হেফাজতে থাকার কারণে সম্পত্তির অবস্থা ও মূল্যমান কমে যাওয়ার আশঙ্কা থাকলে পরিস্থিতি বিবেচনায় যথাযথ ব্যক্তির কাছে তা অন্তর্বর্তী জিম্মায় দেওয়া যেতে পারে।
আদালত আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৫৪ ধারা অনুযায়ী, ওই আইনের অধীনে পরিচালিত কার্যক্রমে ফৌজদারি কার্যবিধির বিধান প্রযোজ্য হবে, যদি না সংশ্লিষ্ট আইনের কোনো বিধানের সঙ্গে অসামঞ্জস্য দেখা দেয়।
আইনটির ২৬ ধারা পর্যালোচনা করে হাইকোর্ট বলেন, জব্দ করা সম্পত্তি অন্তর্বর্তী জিম্মায় দেওয়ার ক্ষেত্রে কোনো সুস্পষ্ট নিষেধাজ্ঞা সেখানে নেই। তাই শুধু সম্পত্তিটি ভবিষ্যতে বাজেয়াপ্ত হতে পারে—এমন সম্ভাবনার ভিত্তিতে অন্তর্বর্তী জিম্মার আবেদন সরাসরি নাকচ করা আইনসম্মত নয়।
আদালতের মতে, অন্তর্বর্তী জিম্মায় দেওয়ার ক্ষমতা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা দুটি ভিন্ন বিষয়। উপযুক্ত শর্তে কোনো সম্পত্তি জিম্মায় দেওয়া হলে বিচারিক আদালতের পরবর্তী সময়ে আইন অনুযায়ী বাজেয়াপ্তের আদেশ দেওয়ার এখতিয়ার ক্ষুণ্ন হয় না।
যে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট
হাইকোর্ট মনে করেন, আবেদনকারীর জিম্মার আবেদনটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ২৬ ধারার অজুহাতে সরাসরি প্রত্যাখ্যান না করে ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট বিধান অনুসারে বিবেচনা করা উচিত ছিল। নিম্ন আদালত দুটি আইনের ভুল ব্যাখ্যা দিয়ে আবেদনটি খারিজ করেছেন।
এ কারণে হাইকোর্ট রুল যথাযথ ঘোষণা করে লালমনিরহাটের জেলা ও দায়রা জজ আদালতের ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখের আদেশ বাতিল করেন।
একই সঙ্গে আবেদনকারীর বৈধ মালিকানা সম্পর্কে নিশ্চিত হওয়ার পর ৯০ হাজার টাকার বন্ড গ্রহণ সাপেক্ষে জব্দ করা ব্যাটারিচালিত চার্জিং ভ্যানটি তাঁর জিম্মায় দেওয়ার জন্য সংশ্লিষ্ট আদালতকে নির্দেশ দেন।
তবে জিম্মায় পাওয়ার পর মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আবেদনকারী যানবাহনটি হস্তান্তর, বিক্রি বা অন্য কোনোভাবে বিলিবণ্টন করতে পারবেন না। আদালতের নির্দেশে প্রয়োজন হলে তাঁকে যানবাহনটি হাজির করতে হবে।
হাইকোর্ট আরও স্পষ্ট করেন, যানবাহনটি বাজেয়াপ্ত করা হবে কি না, সে বিষয়ে বিচারিক আদালত আইন অনুযায়ী স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ বিচারিক আদালতের সিদ্ধান্তকে প্রভাবিত করবে না।
মামলায় আইনজীবী
মামলাটিতে আবেদনকারী মো. নজরুল ইসলামের পক্ষে আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মো. সাজ্জাদ হোসেন। তিনি আবেদনকারীর পক্ষে যুক্তি উপস্থাপন করে বলেন, জব্দ করা যানবাহনটি দীর্ঘদিন অরক্ষিত অবস্থায় পড়ে থাকায় এর অবস্থা ও বাজারমূল্য নষ্ট হচ্ছে। এতে আবেদনকারী আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাই যানবাহনটি অন্তর্বর্তী জিম্মায় দেওয়ার আবেদন মঞ্জুর করা প্রয়োজন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মো. মাসুদ আলম দোহা। তিনি রুলের বিরোধিতা করে যুক্তি দেন, জব্দ করা যানবাহনটি মামলার গুরুত্বপূর্ণ আলামত এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ২৬ ধারা অনুযায়ী এটি বাজেয়াপ্তযোগ্য। ফলে বিচারাধীন অবস্থায় যানবাহনটি জিম্মায় দেওয়ার সুযোগ নেই।
রায় প্রদানকারী হাইকোর্ট বেঞ্চে সভাপতিত্ব করেন বিচারপতি মো. খায়রুল আলম। বেঞ্চের অপর সদস্য ছিলেন বিচারপতি উর্মী রহমান। তিনি রায়ের সঙ্গে একমত পোষণ করেন।
সূত্র: বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের রায়, ফৌজদারি মিসলেনিয়াস মামলা নম্বর ৩৮৪৬১/২০২৬। supremecourt.gov.bd
বিডি ল' পোস্ট/মাসুম

0 coment rios: