১৫ নভে, ২০২৬

একই মামলায় তিনবার আগাম জামিন: তিন আইনজীবীকে সতর্ক করে ক্ষমা, দুই তদবিরকারীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ হাইকোর্টের

ছবি: সংগৃহীত 
শেরপুরের একটি ফৌজদারি মামলায় তথ্য গোপন করে আসামিদের তিন দফা আগাম জামিন নেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট তিন আইনজীবীকে সতর্ক করে ক্ষমা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে জামিন প্রক্রিয়ায় অননুমোদিতভাবে তদবিরের সঙ্গে জড়িত দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি মামলার সব আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করতেও সংশ্লিষ্ট আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে।

ক্ষমাপ্রাপ্ত তিন আইনজীবী হলেন—তানিয়া সুলতানা, মো. মিজানুর রহমান ও সৈয়দ মো. ইউসুফ। অন্যদিকে, মামলার সঙ্গে যুক্ত দুই তদবিরকারী হলেন আরিফুল ইসলাম বিজয় ও মো. সৌরভ মন্ডল।

রবিবার (১৫ নভেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ হাসিবুর রহমান আদেশের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুনানিতে আইনজীবীরা আদালতকে ব্যাখ্যা দেন যে, সংশ্লিষ্ট আসামিরা একই মামলায় এর আগে আগাম জামিন নিয়েছিলেন—এ তথ্য তাঁদের জানা ছিল না। তাঁদের বক্তব্য ও ব্যাখ্যা বিবেচনায় নিয়ে আদালত সতর্ক করার পর ক্ষমা করেন।

এর আগে, গত ৫ নভেম্বর একই মামলায় আসামিদের তিনবার আগাম জামিন নেওয়ার বিষয়টি আদালতের নজরে এলে সংশ্লিষ্ট তিন আইনজীবীকে তলব করা হয়।

উল্লেখ্য, একই মামলায় একজন আসামির একাধিকবার আগাম জামিন নেওয়ার সুযোগ নেই। কিন্তু শেরপুরের এই মামলায় পূর্ববর্তী জামিনের তথ্য গোপন করে আসামিরা তিন দফা আগাম জামিন গ্রহণ করেন বলে আদালতের পর্যবেক্ষণে বিষয়টি উঠে আসে। এ ঘটনায় আদালত আইনজীবীদের সতর্ক করার পাশাপাশি জামিন প্রক্রিয়ায় তদবিরকারীদের ভূমিকার বিষয়েও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

সুত্রঃ বাংলা ট্রিবিউন

শেয়ার করুন

0 coment rios: