![]() |
| ছবি: সংগৃহীত |
হাইকোর্ট বিভাগের দেওয়ানি রিভিশন এখতিয়ারাধীন সিভিল রিভিশন নং- ৩৪৫২/২০০৫, হযরত আলী ও অন্যান্য বনাম বাংলাদেশ সরকার ও অন্যান্য মামলায় গত ২ জুলাই ২০২৬ তারিখে এ রায় দেওয়া হয়। পূর্ণাঙ্গ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয় ১৫ নভেম্বর, ২০২৬ তারিখে।
মামলার পটভূমি
মামলার বাদীপক্ষের দাবি ছিল, ঝালকাঠির রাজাপুর উপজেলার আঙ্গারিয়া মৌজায় তাদের পূর্বসূরিদের মালিকানাধীন জমির পাশেই জাঙ্গালিয়া নদী থেকে পলি জমে প্রায় ৩.১১ একর চরভূমির সৃষ্টি হয়। তাঁদের দাবি অনুযায়ী, ১৩৫৬ বঙ্গাব্দের দিকে জমিটি চাষাবাদের উপযোগী হলে পূর্বসূরিরা মূল জমির সঙ্গে ওই চরভূমিও ভোগদখল করতে থাকেন।
বাদীপক্ষ আরও দাবি করে, Settlement Case No. 77 R/65-66-এর মাধ্যমে ১৯৭০ সালে রাজস্ব সার্কেল কর্মকর্তার আদেশে তাঁরা ওই জমির বন্দোবস্ত পান এবং সরকারকে সেলামি ও খাজনা প্রদান করেন। কিন্তু পরবর্তী সময়ে সরকার একই জমি অন্য কয়েকজনের নামে বন্দোবস্ত দেয়। বাদীপক্ষের অভিযোগ ছিল, পরবর্তী বন্দোবস্তের কার্যক্রম অবৈধ ও প্রতারণামূলক।
এ ঘটনায় তাঁরা ১৯৮৬ সালে টাইটেল স্যুট দায়ের করে জমির ওপর রায়তি স্বত্ব ও মালিকানা ঘোষণার পাশাপাশি পরবর্তী বন্দোবস্তের কার্যক্রম অবৈধ ঘোষণার আবেদন করেন।
তবে ১৯৯২ সালের ২৯ জুন সহকারী জজ আদালত মামলাটি খারিজ করেন। পরবর্তী সময়ে ২০০৫ সালের ২৩ এপ্রিল যুগ্ম জেলা জজ, দ্বিতীয় আদালত, ঝালকাঠি আপিল খারিজ করে নিম্ন আদালতের রায় বহাল রাখেন। এর বিরুদ্ধে বাদীপক্ষ হাইকোর্টে দেওয়ানি রিভিশন দায়ের করে।
আদালতের পর্যবেক্ষণ
হাইকোর্ট মামলার নথি, সাক্ষ্যপ্রমাণ এবং সংশ্লিষ্ট সরকারি আদেশ পর্যালোচনা করে দেখতে পান, বাদীপক্ষের পূর্বসূরিরা রাজস্ব সার্কেল কর্মকর্তার মাধ্যমে জমির বন্দোবস্ত পাওয়ার দাবি করলেও সেই বন্দোবস্ত জেলা প্রশাসকের কার্যালয় থেকে চূড়ান্ত অনুমোদন পায়নি। অথচ আইন অনুযায়ী সংশ্লিষ্ট ক্ষেত্রে জেলা প্রশাসকের অনুমোদন প্রয়োজন ছিল।
আদালত আরও লক্ষ্য করেন, বাদীপক্ষের উপস্থাপিত খাজনার রসিদগুলো ১৯৮৬ সালের। ফলে তাঁদের পূর্ববর্তী সময় থেকে জমির মালিকানা ও দখলের দাবির পক্ষে এসব নথি যথেষ্ট প্রমাণ হিসেবে বিবেচিত হয়নি।
রায়ে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০-এর ধারা ৮৭ বিশেষভাবে আলোচনা করা হয়। এ ধারায় বলা হয়েছে, নদী বা সমুদ্রের পানি সরে গিয়ে নতুনভাবে যে জমি সৃষ্টি হয়, তা সাধারণভাবে সংলগ্ন কোনো জমির বর্ধিত অংশ হিসেবে গণ্য হবে না; বরং সরকারের ওপর ন্যস্ত হবে।
তবে ধারা ৮৭(২) অনুযায়ী, ১৯৭২ সালের ২৮ জুনের আগে সৃষ্ট কোনো জমির ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। যদি ১৯৭২ সালের রাষ্ট্রপতির ১৩৭ নম্বর আদেশ কার্যকর হওয়ার আগে কোনো উপযুক্ত কর্তৃপক্ষ বা আদালত সংশ্লিষ্ট ব্যক্তির জমির বর্ধিত অংশ হিসেবে অধিকার চূড়ান্তভাবে স্বীকৃতি দিয়ে থাকে, তাহলে ওই বিধান প্রযোজ্য হবে না।
এ প্রসঙ্গে আদালত Abdul Mannan and others Vs. Kulada Ranjan Mowali and others, 31 DLR (AD) 195 মামলার সিদ্ধান্ত অনুসরণ করেন। আপিল বিভাগের ওই সিদ্ধান্তে ধারা ৮৭-এর পূর্বপ্রযোজ্যতা এবং রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের পঞ্চম খণ্ড কার্যকর হওয়ার সময়সীমা নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছিল।
হাইকোর্ট মনে করেন, আলোচ্য মামলায় বাদীপক্ষ জমিটি ১৯৫৬ সালের আগে তাদের মূল জমির সঙ্গে যুক্ত হয়েছিল এবং বর্ধিত খাজনা দিয়ে ভোগদখল করেছিল—এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ দিতে পারেনি। একইভাবে, ১৯৭২ সালের রাষ্ট্রপতির ১৩৭ নম্বর আদেশ কার্যকর হওয়ার আগে কোনো উপযুক্ত কর্তৃপক্ষ বা আদালত তাঁদের অধিকার চূড়ান্তভাবে স্বীকৃতি দিয়েছিল, তাও প্রমাণিত হয়নি।
আদালতের সিদ্ধান্ত
আদালত সিদ্ধান্ত দেন, বাদীপক্ষ জমিটির ওপর কোনো বৈধ স্বত্ব, মালিকানা ও দখল প্রতিষ্ঠা করতে পারেনি। উপরন্তু, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০-এর ধারা ৮৭(৩) অনুযায়ী, নদী বা সমুদ্র থেকে সৃষ্ট জমিকে কোনো হোল্ডিংয়ের বর্ধিত অংশ হিসেবে দাবি করে দায়ের করা সংশ্লিষ্ট মামলা ও কার্যক্রম তামাদি বা অবসিত হওয়ার বিধান রয়েছে।
তাই আদালত মনে করেন, ১৯৮৬ সালে দায়ের করা মামলাটি আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল না এবং বর্তমান রিভিশন কার্যক্রমও ধারা ৮৭(৩) অনুযায়ী অবসিত হয়েছে।
ফলে হাইকোর্ট রুল খারিজ করেন। তবে কোনো পক্ষের বিরুদ্ধে খরচের আদেশ দেওয়া হয়নি। একই সঙ্গে রিভিশন চলাকালে জমির ওপর দেওয়া অন্তর্বর্তী স্থিতাবস্থা বজায় রাখার আদেশও প্রত্যাহার করা হয়।
আইনি শিক্ষা
১. নদী বা সমুদ্র থেকে জেগে ওঠা চরভূমি সংলগ্ন জমির মালিকের জমির স্বয়ংক্রিয় বর্ধিত অংশ নয়; ধারা ৮৭ অনুযায়ী তা সাধারণভাবে সরকারের ওপর ন্যস্ত হয়।
২. ১৯৭২ সালের রাষ্ট্রপতির ১৩৭ নম্বর আদেশ কার্যকর হওয়ার আগে কোনো উপযুক্ত কর্তৃপক্ষ বা আদালতের মাধ্যমে জমির ওপর অধিকার চূড়ান্তভাবে স্বীকৃত হওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ।
৩. কেবল রাজস্ব সার্কেল কর্মকর্তার বন্দোবস্তের আদেশ থাকলেই মালিকানা প্রতিষ্ঠিত হয় না; আইন অনুযায়ী প্রয়োজনীয় চূড়ান্ত অনুমোদনও প্রমাণ করতে হবে।
৪. ধারা ৮৭(৩) অনুযায়ী, নদী বা সমুদ্র থেকে সৃষ্ট জমির অধিকারকে হোল্ডিংয়ের বর্ধিত অংশ হিসেবে দাবি করে দায়ের করা মামলা আইনগতভাবে বাধাগ্রস্ত হতে পারে।
সূত্র: হাইকোর্ট বিভাগের প্রকাশিত পূর্ণাঙ্গ রায়।
বিডি ল' পোস্ট/মাসুম

0 coment rios: