১৬ নভে, ২০২৬

শব্দদূষণ রোধে অপ্রয়োজনীয় হর্ন ও আতশবাজির ব্যবহার নিয়ন্ত্রণে হাইকোর্টের নির্দেশ

ছবিঃ সংগৃহীত 
শব্দদূষণ রোধে অপ্রয়োজনীয় হর্ন ও আতশবাজির ব্যবহার নিয়ন্ত্রণ এবং নীরব এলাকাগুলোতে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টি, অভিযোগ গ্রহণে হটলাইন চালু এবং বিধিলঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়ের করা জনস্বার্থমূলক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

রুলে শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন সংবিধান পরিপন্থী ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত। একই সঙ্গে নীরব এলাকাগুলোতে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

আদেশে আদালত নীরব এলাকাগুলোতে যথাযথ চিহ্ন ও সাইনবোর্ড স্থাপন এবং এসব এলাকার জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে শব্দদূষণ নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি চালক, নির্মাণকাজের ব্যবস্থাপক ও শব্দদূষণ সৃষ্টির সম্ভাবনা রয়েছে এমন ব্যক্তিদের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি ও এসএমএসের মতো বিশেষ বার্তা প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া বিধিলঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি অপ্রয়োজনীয় হর্নের ব্যবহার বন্ধে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা এবং সড়ক পরিবহন আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে। আতশবাজি ও পটকার ব্যবহার নিয়ন্ত্রণেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

শব্দদূষণসংক্রান্ত অভিযোগ ও অসন্তোষ নিষ্পত্তির জন্য হটলাইন নম্বর চালুসহ বিশেষ ব্যবস্থা প্রবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার বিধান সম্পর্কে জনসচেতনতা তৈরিতে টেলিভিশন, রেডিও, সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।

আদালতের এসব নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে প্রতি তিন মাস অন্তর হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে বেলার পক্ষে মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার মো. আশরাফ আলী। তাঁকে সহযোগিতা করেন আইনজীবী হাসানুল বান্না।

উল্লেখ্য, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালতের চারপাশের ১০০ মিটার এলাকাকে নীরব এলাকা হিসেবে নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরের তিন কিলোমিটার এলাকা, সচিবালয় ও এর আশপাশ, আগারগাঁও, জাতীয় সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকা, ডিএনসিসি, গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাকেও নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।


শেয়ার করুন

0 coment rios: