১৬ নভে, ২০২৬

আদালত ও বিচারকদের পর্যাপ্ত নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি: আইন সচিব

ছবিঃ সংগৃহীত 
আদালত প্রাঙ্গণ ও বিচারকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা বলেছেন, এখনো আদালত ও বিচারকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি। বিচারকদের নিরাপত্তা জোরদারে অতিরিক্ত জেলা জজদের জন্য সরকারি গাড়ি ও সার্বক্ষণিক গানম্যানের ব্যবস্থা করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি এ বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভা ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে জঙ্গি সংগঠন জেএমবির বোমা হামলায় নিহত দুই বিচারক শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ের স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

অনুষ্ঠানে ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, মহানগর দায়রা জজ শাহজাহান কবির, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব আবদুল আউয়াল, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মশিয়ার রহমান এবং মুনতাসির আহমেদ বক্তব্য দেন।

বক্তারা শহীদ দুই বিচারকের কর্মজীবন ও আত্মত্যাগের স্মৃতিচারণ করেন। একই সঙ্গে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানান।

এ সময় ঢাকা মহানগর হাকিম (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সম্প্রতি সিএমএম আদালত প্রাঙ্গণে বোমা হামলার ঘটনা তুলে ধরে আদালতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব আবদুল আউয়াল ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে সংঘটিত হামলার প্রত্যক্ষদর্শী হিসেবে সেদিনের ঘটনার স্মৃতিচারণ করেন। তিনি শহীদ দুই বিচারকের পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং তাঁদের পরিবারের পাশে রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শহীদ দুই বিচারকের পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।

সুত্রঃ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড 


শেয়ার করুন

0 coment rios: