১৬ নভে, ২০২৬

হাতকড়া ছাড়া জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

ছবিঃ সংগৃহীত 
জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংসদে প্রশ্ন তোলেন বিএনপির সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। জবাবে আইনমন্ত্রী বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করেন সিলেট-২ আসনের বিএনপির সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী এ আশ্বাস দেন।

সংসদে তাহসিনা রুশদীর লুনা বলেন, অসংখ্য গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত জিয়াউল আহসানের বিরুদ্ধে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। গত বৃহস্পতিবার তাঁকে ট্রাইব্যুনালে নেওয়ার সময়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে তাঁর আচরণ দেখে মনে হয়েছে, তিনি যেন আনন্দ ভ্রমণে বের হয়েছেন। অন্যদিকে, তাঁর সঙ্গে থাকা পুলিশ সদস্যদের দেখে মনে হয়েছে, তাঁরা যেন তাঁর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত।

তিনি অভিযোগ করেন, জিয়াউল আহসান হাতকড়া পরতে অস্বীকৃতি জানানোর পরও তাঁকে হাতকড়া ছাড়াই ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। এমনকি তাঁকে ডাণ্ডাবেড়িও পরানো হয়নি। এ ঘটনায় গুম ও খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

জিয়াউল আহসানের ওপর সরকারের নিয়ন্ত্রণ রয়েছে কি না এবং তাঁকে কোনো বিশেষ সুবিধা বা সহানুভূতি দেওয়া হচ্ছে কি না, সে বিষয়েও আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা চান তাহসিনা রুশদীর।

আইনমন্ত্রীর বক্তব্য

জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার বিষয়টি তাঁরও নজরে এসেছে। আসামিকে কারাগার থেকে আদালতে আনার বিষয়টি আইন মন্ত্রণালয়ের সরাসরি দায়িত্বের মধ্যে না পড়লেও ঘটনাটি জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পরবর্তী সময়ে জিয়াউল আহসানকে আদালতে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা অনুসরণ করা হয়েছে।

আইনমন্ত্রী বলেন, “এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হবে না আদালত অঙ্গনে, সেটার নিশ্চয়তা আমরা দিচ্ছি, মাননীয় স্পিকার।”

বিচারপ্রক্রিয়ার নিরপেক্ষতা নিশ্চিত করতে চায় সরকার

আইনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলোতে ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার কাজ করছে। বিচারপ্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে যাতে কোনো প্রশ্ন ওঠার সুযোগ না থাকে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।

তিনি বলেন, সরকার কোনো ফরমায়েশি রায় চায় না। জিয়াউল আহসানসহ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার আসামিদের বিরুদ্ধে সংগৃহীত সব সাক্ষ্যপ্রমাণ আদালতে উপস্থাপন করা হচ্ছে। বিচার যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, পাশাপাশি অপরাধের যথাযথ শাস্তি নিশ্চিত হয়, সেটিও সরকারের লক্ষ্য।

গুম-খুন ও রাজনৈতিক নিপীড়নের বিচার হবে

তাহসিনা রুশদীর লুনার উদ্বেগের সঙ্গে একমত পোষণ করে আইনমন্ত্রী বলেন, গত ১৬ থেকে ১৭ বছরে দেশে সংঘটিত গুম, খুন, গায়েবি মামলা ও রাজনৈতিক নিপীড়নের প্রতিটি ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে নিহত এবং আহত হয়ে পঙ্গুত্ববরণকারীদের ঘটনারও বিচার করা হবে।

তিনি জানান, এর আগে জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ অনুযায়ী দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিভিন্ন জেলায় মানবতাবিরোধী অপরাধের তদন্তের পরিকল্পনার কথা জানিয়েছেন।

পরিকল্পনা অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তা ও চিফ প্রসিকিউটরের নেতৃত্বে তদন্ত দল বিভিন্ন জেলায় যাবে। সেখানে গত ১৬ বছরের গুম, খুন, গায়েবি মামলা, রাজনৈতিক নিপীড়নসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করা হবে।

এ ক্ষেত্রে সংসদ সদস্যদের সহযোগিতা কামনা করে আইনমন্ত্রী বলেন, কোনো এলাকায় কোন পুলিশ কর্মকর্তা, সাবেক বিডিআর কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিংবা রাজনৈতিক কর্মীর ইন্ধন, সহযোগিতা বা প্রশ্রয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সে বিষয়ে তথ্য দিয়ে তদন্ত দলকে সহায়তা করতে হবে। অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও বিচারের আওতায় আনতে সংসদ সদস্যদের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।

সূত্রঃ প্রথম আলো 


শেয়ার করুন

0 coment rios: