![]() |
| ছবি: সংগৃহীত |
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি ঢাকার আদালতে পৌঁছান।
ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে আজ মামলাটির অভিযোগ গঠনসংক্রান্ত বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। শুনানিতে পরীমনির পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত অংশ নেবেন। তিনি আশা প্রকাশ করেছেন, এ মামলায় পরীমনি ন্যায়বিচার পাবেন।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে পায়ে ব্যথার কারণে সেদিন আদালতে উপস্থিত হতে পারেননি পরীমনি। পরে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানির তারিখ পিছিয়ে ১৭ নভেম্বর নির্ধারণ করেন।
যেভাবে মামলার সূত্রপাত
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। পরদিন ৫ আগস্ট র্যাবের পক্ষ থেকে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
তদন্ত শেষে একই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমনিসহ তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে যা বলা হয়েছে
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, পরীমনির বাসা থেকে উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিআইডিকে লিখিতভাবে জানায়, ২০১৯-২০ অর্থবছরে পরীমনির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হলেও পরবর্তী সময়ে সেটির মেয়াদ শেষ হয়ে যায়।
তদন্তে আরও অভিযোগ করা হয়, মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে বাসায় রাখতেন পরীমনি। পাশাপাশি তার ব্যবহৃত গাড়িটি মাদক পরিবহনের কাজে ব্যবহারের অভিযোগও আনা হয়। এসব মাদকদ্রব্য সংরক্ষণের বিষয়ে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
হাইকোর্টের নির্দেশে পুনরায় অভিযোগ গঠনের শুনানি
পরবর্তী সময়ে ২০২২ সালের ৫ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন পরীমনি।
এর পরিপ্রেক্ষিতে একই বছরের ১ মার্চ হাইকোর্ট রুল জারি করেন এবং পরীমনির ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরবর্তী সময়ে উচ্চ আদালত মামলাটিতে পুনরায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি গ্রহণের নির্দেশ দেন।
এর ধারাবাহিকতায় আজ ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ মামলাটির অভিযোগ গঠনসংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্র: চ্যানেল ২৪

0 coment rios: