১৬ নভে, ২০২৬

সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল বিচারক হেমায়েত উদ্দিন, মন্ত্রণালয়ে সংযুক্ত হাবিবুর রহমান সিদ্দিকী

বাম থেকে মো. হেমায়েত উদ্দিন ও মুহাম্মদ হাবিবুর রহমান

বাংলাদেশ সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন। অন্যদিকে, সুপ্রিম কোর্টের বর্তমান রেজিস্ট্রার জেনারেল ও সুপ্রিম কোর্ট সচিবালয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের বিচার শাখা-৩ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের জ্যেষ্ঠ সদস্য মো. হেমায়েত উদ্দিনকে কুমিল্লার জেলা ও দায়রা জজের পদ থেকে বদলি করে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে পদায়ন করা হয়েছে। এ পদে তাঁর চাকরি প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্ট কর্তৃক নির্ধারিত তারিখে তিনি তাঁর বর্তমান কর্মস্থলের প্রশাসনিক দায়িত্ব জ্যেষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজের কাছে হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদান করবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

অন্যদিকে, রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা পৃথক প্রজ্ঞাপনে মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। উপসচিব মাসুম বিল্লার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী তাঁকে মন্ত্রণালয়ে সংযুক্ত করার সুপারিশের পরিপ্রেক্ষিতে এ আদেশ জারি করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৮ আগস্ট মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তৎকালীন রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঞা হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ায় পদটি শূন্য হলে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।

পরবর্তী সময়ে ২০২৫ সালের ১ ডিসেম্বর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাঁকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিবের অতিরিক্ত দায়িত্বও প্রদান করেন। ফলে তিনি রেজিস্ট্রার জেনারেলের দায়িত্বের পাশাপাশি সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন।

নতুন এ প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্টের প্রশাসনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ এ পদে পরিবর্তন এলো।

সূত্র: আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন


শেয়ার করুন

0 coment rios: