১৬ নভে, ২০২৬

রাউজান আদালতে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ৪০–৫০টি মামলার গুরুত্বপূর্ণ নথি

ছবি: সংগৃহীত 
চট্টগ্রামের রাউজান সিনিয়র সিভিল জজ আদালতের বিচারকের কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪০ থেকে ৫০টি বিচারাধীন মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। এ ছাড়া আগুনে এসি, কম্পিউটার, প্রিন্টারসহ বেশ কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত আদালতের বিচারক আবদুল মান্নানের কক্ষে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা যায়, সকালে আদালতের নৈশপ্রহরী ও নাজির কক্ষে প্রবেশের সময় ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন। পরে বিষয়টি বিচারককে অবহিত করার পাশাপাশি ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।

আদালতের নাজির আকাশ নাথ জানান, অগ্নিকাণ্ডে ৪০ থেকে ৫০টি বিচারাধীন মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। এ ছাড়া একটি এসি, কম্পিউটার, প্রিন্টার, বুকশেলফ, দরজা ও অন্যান্য আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে তালিকা প্রস্তুতের কাজ চলছে।

তিনি আরও জানান, আদালতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা থাকলেও সেগুলো সচল না থাকায় অগ্নিকাণ্ডের কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি।

এ ঘটনায় সোমবার আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ রাখা হয়। ফলে ওই দিনের কার্যতালিকায় থাকা শতাধিক মামলার বাদী-বিবাদীসহ সংশ্লিষ্ট বিচারপ্রার্থীদের দুর্ভোগে পড়তে হয়।

রাউজান ফায়ার সার্ভিসের সাব-অফিসার আবদুল্লাহ আল মামুন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যাওয়ায় তাদের আগুন নিয়ন্ত্রণে কোনো কাজ করতে হয়নি।

অন্যদিকে, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসি বিস্ফোরণ, বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি পরিকল্পিত অগ্নিসংযোগ—কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: প্রথম আলো


শেয়ার করুন

0 coment rios: