১৬ নভে, ২০২৬

অপরাধ দমনে শুধু আইন-আদালত যথেষ্ট নয়: অ্যাটর্নি জেনারেল

ছবি: ভিডিও থেকে সংগৃহীত 
অপরাধ নিয়ন্ত্রণে আইন ও আদালতের পাশাপাশি সামাজিক প্রতিরোধ, ধর্মীয় ও পারিবারিক শিক্ষা এবং নৈতিক মূল্যবোধের চর্চা জরুরি বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, শুধু আইন প্রয়োগ ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সমাজের সব ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব নয়। এ জন্য সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর মিরপুরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার মামলার শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে এ মামলায় দণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) এবং তাঁদের দায়ের করা জেল আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটির রায় ঘোষণার জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেন।

নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অ্যাটর্নি জেনারেল বলেন, অপরাধ প্রতিরোধে সবচেয়ে বেশি প্রয়োজন সামাজিকভাবে অপরাধের বিরুদ্ধে অবস্থান নেওয়া। সমাজ যদি সম্মিলিতভাবে অপরাধ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে না পারে, তাহলে কেবল আইন ও আদালতের মাধ্যমে সব অপরাধ নিয়ন্ত্রণ করা কঠিন।

দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশা প্রসঙ্গে তিনি বলেন, মানুষ এমন শাস্তি দেখতে চায়, যাতে একই ধরনের অপরাধ সংঘটনের সাহস বা প্রবণতা অন্য কারও মধ্যে তৈরি না হয়। বিচারের অন্যতম উদ্দেশ্য হলো অপরাধীর শাস্তি নিশ্চিত করার পাশাপাশি সমাজে একটি সুস্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া। তবে অপরাধ প্রতিরোধের একমাত্র উপায় বিচারিক ব্যবস্থা নয়।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, অপরাধমুক্ত সমাজ গঠনে ধর্মীয় শিক্ষা, পারিবারিক অনুশাসন এবং নৈতিক মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। আট বছরের একটি শিশুর প্রতিও কারও কুদৃষ্টি পড়তে পারে—এমন বিষয় অত্যন্ত উদ্বেগজনক। মানুষের মধ্যে এ ধরনের নৃশংস মানসিকতা কীভাবে তৈরি হচ্ছে, তা সমাজবিজ্ঞানীদের গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন।

নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত মামলার ডেথ রেফারেন্স দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে পল্লবীর শিশু হত্যা মামলাকে কেন্দ্র করে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছিল। মামলাটির নিষ্পত্তির পরও এ ধরনের বিশেষ বেঞ্চের প্রয়োজনীয়তা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, দ্রুত বিচার পাওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার।

তিনি বলেন, স্পর্শকাতর মামলাগুলোর দ্রুত বিচার এবং রায় কার্যকরের মাধ্যমে বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করতে হবে। প্রধান বিচারপতির উদ্যোগে গঠিত বিশেষ বেঞ্চ ইতোমধ্যে অত্যন্ত দ্রুততার সঙ্গে ৩৫টি মামলার নিষ্পত্তি করেছে। এ ধরনের বিশেষ বেঞ্চ আরও দ্রুত মামলা নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি মনে করেন।

ফৌজদারি বিচারপ্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের ভূমিকা তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, কোনো মামলার বিচার উচ্চ আদালতে এলে রাষ্ট্রপক্ষ মামলার সব আইনগত বিষয় ও প্রমাণাদি পর্যালোচনা করে আদালতে বক্তব্য উপস্থাপন করে। রাষ্ট্রপক্ষের মূল লক্ষ্য হলো প্রকৃত অপরাধীর শাস্তি নিশ্চিত করা এবং একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে অন্যায়ভাবে দণ্ডিত না হন, তা নিশ্চিত করা।

সোহেল রানার বিষয়ে আদালতে রাষ্ট্রপক্ষের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আসামির বিষয়ে রাষ্ট্রপক্ষ আইন ও মামলার উপাদান বিবেচনায় নিয়েই আদালতে নিজেদের বক্তব্য তুলে ধরেছে।

সূত্র: গণমাধ্যমের প্রচারিত জেনারেলের সাক্ষাৎকার


শেয়ার করুন

0 coment rios: