![]() |
| ছবি: সংগৃহীত |
বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ ও বিচারপতি নাসরীন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ ৯ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে ফৌজদারি আপিল নং ৪৬৮২/২০২৬-এর রায় ঘোষণা করেন। পূর্ণাঙ্গ রাইট সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয় ১৬ নভেম্বর ২০২৬ তারিখে।
মামলার প্রেক্ষাপট
মাদারীপুরের রাজৈর থানার ২০২৫ সালের ২৫ জুলাইয়ের একটি মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় অভিযোগ আনা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ২৫ জুন সকালে রাজৈরের রথবাড়ী ধালী বাজারের পূর্ব পাশের একটি নির্জন সড়ক থেকে ১৫ বছর বয়সী বৈশাখী বালাকে কয়েকজন ব্যক্তি একটি সাদা গাড়িতে তুলে অপহরণ করেন। অভিযোগে স্বপন বালাসহ কয়েকজনকে আসামি করা হয়।
পরবর্তী সময়ে ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর পুলিশ বৈশাখী বালাকে উদ্ধার করে আদালতে হাজির করে। বয়স নির্ধারণের উদ্দেশ্যে আদালতের নির্দেশে তাঁকে নিরাপদ হেফাজতে রাখা হয়। চিকিৎসকের প্রতিবেদনে তাঁর বয়স আনুমানিক ১৬ থেকে ১৭ বছর উল্লেখ করা হয়।
এদিকে, আসামি স্বপন বালা বৈশাখী বালাকে নিজের স্ত্রী দাবি করে তাঁর জিম্মা চেয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, মাদারীপুরে আবেদন করেন। তবে ২০২৬ সালের ২৯ জুলাই ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আবেদনটি খারিজ করেন। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে ফৌজদারি আপিল দায়ের করেন স্বপন বালা।
আদালতে আপিলকারীর বক্তব্য
আপিলকারীর পক্ষে আইনজীবী মনিরা পারভীন আদালতে বলেন, চিকিৎসকের প্রায় এক বছর আগের প্রতিবেদনে ভুক্তভোগীর বয়স ১৬ থেকে ১৭ বছর উল্লেখ করা হয়েছিল। বর্তমানে তিনি প্রাপ্তবয়স্ক হয়েছেন এবং আপিলকারীর আইনগতভাবে বিবাহিত স্ত্রী। তিনি নিজের জিম্মায় অথবা স্বামীর জিম্মায় যেতে ইচ্ছুক।
তাই ভুক্তভোগীকে তাঁর স্বামীর জিম্মায় দেওয়ার নির্দেশনা এবং ট্রাইব্যুনালের আদেশ বাতিলের আবেদন জানান তিনি।
অন্যদিকে, রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল এস কে ওবায়দুল হক (ওয়াসিম) ট্রাইব্যুনালের আদেশ যথাযথ দাবি করে আপিল খারিজের আবেদন জানান।
আদালতের পর্যবেক্ষণ
বিচারপতি নাসরীন আক্তার রায়ে উল্লেখ করেন, মামলার নথি থেকে দেখা যায়, আপিলকারী স্বপন বালার সঙ্গে বৈশাখী বালার বিয়ে হয়েছে। বয়স নির্ধারণের জন্য তাঁকে নিরাপদ হেফাজতে রাখার পর চিকিৎসক তাঁর বয়স আনুমানিক ১৬ থেকে ১৭ বছর নির্ধারণ করেন। বর্তমানে তিনি প্রাপ্তবয়স্ক হয়েছেন।
আদালত আরও উল্লেখ করেন, মামলার বিচারাধীন অবস্থায় ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ২২ ধারায় একজন ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেন। ওই জবানবন্দিতে তিনি জানান, স্বপন বালার সঙ্গে তাঁর প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। ২০২৫ সালের ২৫ জুন তিনি স্বেচ্ছায় স্বপন বালার মোটরসাইকেলে করে ভাঙ্গায় যান। সেখানে বিয়ের প্রস্তুতি শেষে পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের উপস্থিতিতে হিন্দু ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে তাঁদের বিয়ে হয়।
জবানবন্দিতে বৈশাখী আরও জানান, বিয়ের সময় তাঁর বাবা-মা উপস্থিত ছিলেন এবং বিয়ের পর তিনি স্বামীর বাড়িতে যান। এক সপ্তাহ পর সেখানে বৌভাতের অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়, যেখানে তাঁর বাবা উপস্থিত ছিলেন। এরপর থেকে তিনি স্বামীর পরিবারের সঙ্গে সুখে-শান্তিতে বসবাস করছিলেন।
আদালতের মতে, ভুক্তভোগীর এই জবানবন্দি থেকে প্রতীয়মান হয় যে, আপিলকারী তাঁকে অপহরণ করেননি কিংবা জোরপূর্বক ধর্ষণ করেননি; বরং তাঁদের মধ্যে বিয়ে হয়েছিল।
সামগ্রিক ঘটনা, ভুক্তভোগীর জবানবন্দি, চিকিৎসকের প্রতিবেদন এবং মামলার অন্যান্য নথি পর্যালোচনা করে হাইকোর্ট আপিলের গ্রহণযোগ্যতা খুঁজে পান।
হাইকোর্টের আদেশ
আদালত আপিলটি মঞ্জুর করে ২০২৬ সালের ২৯ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, মাদারীপুরের দেওয়া আদেশ বাতিল করেন।
একই সঙ্গে ফরিদপুরের তাপাখোলায় অবস্থিত মহিলা ও শিশু-কিশোর নিরাপদ আবাসনের পরিচালককে রায় ও আদেশের অনুলিপি পাওয়ার সঙ্গে সঙ্গে বৈশাখী বালাকে নিরাপদ হেফাজত থেকে মুক্ত করে তাঁর স্বামী স্বপন বালার জিম্মায় হস্তান্তরের নির্দেশ দেন।
আদালত অবিলম্বে রায় ও আদেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর জন্যও নির্দেশ দিয়েছেন।
বিডি ল' পোস্ট/ মাসুম