আদালতের রায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আদালতের রায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

১৬ জুল, ২০২৬

দলিল লেখক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

দলিল লেখক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

ছবিঃ সংগৃহীত 
ময়মনসিংহের ভালুকায় দলিল লেখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলায় ২ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আদালত এই মামলার আরও ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন। বুধবার (১৫ জুলাই) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের নারাঙ্গী নছর ভিটা গ্রামের বাসিন্দা মো. ফরিদ খলিফা (৪৮) ও একই গ্রামের মো. মাসুদ মিয়া (৪১)। এর মধ্যে মাসুদ মিয়া পলাতক রয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-মো. ফরিদ খলিফা (৪৮) ও মো. মাসুদ মিয়া (৪১)। তবে রায় ঘোষণার সময় মাসুদ মিয়া পলাতক ছিলেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- আবদুল মতিন (৪৫), তার বাবা আব্দুস ছাত্তার ওরফে ছন্দেন আলী (৬৮), মো. মোশারফ হোসেন (৫৮), মো. মোফাজ্জল হোসেন (৫৮), তার ভাই মো. তোফাজ্জল হোসেন (৪৮), মো. নজরুল মিয়া (৪৩), মো. মোকলেছুর রহমান (৫৩), মো. শাহজাহান আকন্দ (৪৮), তার ভাই মো. আতিকুল (৩৯) এবং পলাতক মো. সিদ্দিক মিয়া (৬৩)।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৪ আগস্ট সকাল ১০টার দিকে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের নারাঙ্গী গ্রামের বাসিন্দা ও ভালুকা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আবু জাকারিয়া (মিন্টু) নিজ পৈত্রিক সম্পত্তি দেখতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর যখম করে। পরে তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের স্ত্রী লতিফা খাতুন ভালুকা মডেল থানায় ১৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৫ সালের ১৩ অক্টোবর পুলিশ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ১৮ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন। 


বিডিএলপিবি/এমএম


পিরোজপুরে ঝর্ণা হত্যা: হাইকোর্টে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খালাস

পিরোজপুরে ঝর্ণা হত্যা: হাইকোর্টে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খালাস

ছবিঃ সংগৃহীত

পিরোজপুরের ঝর্ণা রাণী দেউরীকে অপহরণ ও হত্যার মামলায় অধস্তন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া একমাত্র আসামি লিটন মন্ডলকে খালাস দিয়েছেন হাইকোর্ট। মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে বুধবার (১৫ জুলাই) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, প্রসিকিউশন আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, সুরতহাল ও ময়নাতদন্তে শ্বাসরোধে মৃত্যুর কথা বলা হলেও মরদেহ শনাক্তকরণ প্রক্রিয়ায় বড় ধরনের আইনি দুর্বলতা ছিল। ভুক্তভোগীর বাবা সরাসরি মরদেহ না দেখেই থানায় কেবল কাপড়চোপড় এবং পুলিশের দেখানো একটি ছবির ওপর ভিত্তি করে মেয়েকে শনাক্ত করেন। শনাক্তকরণের জন্য ব্যবহৃত ওই ছবিটি অধস্তন আদালতের নথিতে (এলসিআর) সংযুক্ত ছিল না। আদালতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত আসামিকে খালাস দিয়েছেন।

এর আগে ২০১৯ সালের ২৭ জুন পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মিজানুর রহমান এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে পলাতক আসামি লিটন মন্ডলকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৭ ধারা তৎসহ দণ্ডবিধির ৩০২/২০১ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় রতন দেউরী, রনজিৎ হাওলাদার এবং বিপুল শাখারী নামে অপর তিন আসামিকে খালাস দেন বিচারিক আদালত। আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে মোট ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়।

মামলার এজাহার অনুযায়ী, ঝর্ণা রাণী দেউরী রামচন্দ্রপুর শাহ মাহামুদিয়া কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী ছিলেন। ২০০৯ সালের ২৪ মে তার বাবা সুভাষ চন্দ্র দেউরী নেছারাবাদ থানায় মামলাটি করেন। জানা গেছে, প্রতিবেশী লিটন মন্ডল ঝর্ণাকে উত্ত্যক্ত করতো এবং বিয়ের প্রস্তাব দিলে পরিবার তা প্রত্যাখ্যান করে।

উল্লেখ্য, ২০০৯ সালের ১৪ মে বাগেরহাটের কচুয়া থানার আন্দার মানিক গ্রামে বড় বোনের বাড়ি থেকে ফেরার পথে ঝর্ণা নিখোঁজ হন। ওইদিনই স্বরূপকাঠী কৌরিখাড়া খেয়ার ট্রলারে লিটন ও তার সহযোগীদের সঙ্গে ঝর্ণাকে দেখতে পান সুমন দেউরী নামে এক সাক্ষী। পরে ১৭ মে পত্রিকায় বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধারের খবর দেখে ভুক্তভোগীর বাবা থানায় গিয়ে পরিধেয় বস্ত্র দেখে তা ঝর্ণার মরদেহ বলে শনাক্ত করেন।


বিডিএলপিবি/এমএম


মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড ঝুঁকিতে; এক মাসের মধ্যে পরিবর্তনের নির্দেশ হাইকোর্টের

মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড ঝুঁকিতে; এক মাসের মধ্যে পরিবর্তনের নির্দেশ হাইকোর্টের

ছবিঃ সংগৃহীত

ঢাকা মেট্রোরেলের অবকাঠামোগত ত্রুটি দূর করে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এর মধ্যে ক্ষতিগ্রস্ত বিয়ারিং প্যাড পরিবর্তন এবং পিলার ও উড়ালপথের (ভায়াডাক্ট) বিমে দেখা দেওয়া ফাটল মেরামতের মতো জরুরি কাজগুলো এক মাসের মধ্যে সম্পন্ন করে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে গঠিত একটি স্বাধীন বিশেষজ্ঞ তদন্ত কমিটির দাখিল করা প্রতিবেদনের ভিত্তিতে এই আদেশ দেওয়া হয়।

রিটকারীদের আইনজীবী তানভীর আহমেদ জানান, গত সপ্তাহে বিশেষজ্ঞ কমিটির এই তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি নানা পদক্ষেপের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে স্বল্পমেয়াদি বা শর্ট টার্ম কাজগুলো আগামী ৩০ দিনের মধ্যে বাস্তবায়নের বাধ্যবাধকতা রয়েছে।

আদালতে জমা দেওয়া ওই প্রতিবেদনে অগ্রাধিকার ভিত্তিতে ৪২৩, ৪৪২, ৪৪৬ এবং ৪৪৮ নম্বর পিলারের বিয়ারিং প্যাড দ্রুত পরিবর্তনের কথা বলা হয়েছে। পাশাপাশি যেসব পিলারে ত্রুটি রয়েছে, সেগুলোর ফাটল ও দেবে যাওয়ার অবস্থা নিয়মিত পর্যবেক্ষণের আওতায় আনতে হবে। উড়ালপথের বিমে থাকা ফাটলগুলোর কারণ অনুসন্ধান করে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তা দ্রুত সংস্কার করার সুপারিশ করেছে কমিটি।

এছাড়া বর্ষা মৌসুমের আগে স্টেশন ও বৈদ্যুতিক নিয়ন্ত্রণ কক্ষে পানি ঢোকা রোধ করা, বন্ধ হয়ে থাকা নিষ্কাশন ব্যবস্থা পরিষ্কার করা এবং আধুনিক যন্ত্রপাতির সাহায্যে নিয়মিত রেললাইন পরীক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। চাকার ত্রুটি বা ফাটল থাকা ট্রেনগুলো পুরোপুরি মেরামত না হওয়া পর্যন্ত সেগুলোর চলাচল বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে প্রতিবেদনে।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিদ্যুৎ সরবরাহ লাইনের ত্রুটি দ্রুত শনাক্ত করে সমাধানের কথা বলেছে তদন্ত কমিটি। ঠিকাদারদের অসমাপ্ত কাজগুলো দ্রুত শেষ করার পাশাপাশি জরুরি বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত বিকল্প নিরাপত্তা ব্যবস্থা চালু রাখতে বলা হয়েছে, যাতে যেকোনো দুর্ঘটনার সময় যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়।

আদালতের এই নির্দেশনার পর বুধবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, তারা ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। আদালতের সুপারিশ বাস্তবায়নের জন্য নয় সদস্যের একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আদালতের নির্দেশনা অনুযায়ী কমিটির দেওয়া আটটি স্বল্পমেয়াদি, দশটি মধ্যমেয়াদি, দশটি দীর্ঘমেয়াদি এবং ছয়টি কৌশলগত সুপারিশ বাস্তবায়নের বিষয়টি সমন্বয় করবে। কাজের নিয়মিত অগ্রগতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবং প্যানেল আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে উপস্থাপন করা হবে।

গত বছরের ২৬ অক্টোবর রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খসে পড়ে আবুল কালাম নামের এক পথচারীর মৃত্যু হয়। এর এক বছর আগেও প্রায় একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। এসব ঘটনার পর জননিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে হাইকোর্টে পৃথক রিট দায়ের করা হয়। ওই রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৯ অক্টোবর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য ড. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠন করে প্রকল্পের কাঠামোগত সক্ষমতা ও নিরাপত্তা নিরীক্ষার নির্দেশ দিয়েছিলেন আদালত।


বিডিএলপিবি/এমএম

১৫ জুল, ২০২৬

 কপিরাইট আইন ভঙ্গঃ গাজী শামসুর রহমানের বই ‘বাংলাদেশ পুলিশ হ্যান্ডবুক’ প্রকাশ করতে পারবে না কামরুল বুক হাউজঃ হাইকোর্ট

কপিরাইট আইন ভঙ্গঃ গাজী শামসুর রহমানের বই ‘বাংলাদেশ পুলিশ হ্যান্ডবুক’ প্রকাশ করতে পারবে না কামরুল বুক হাউজঃ হাইকোর্ট

ছবিঃ সংগৃহীত

আইনজগতের প্রখ্যাত লেখক গাজী শামসুর রহমানের লেখা ‘বাংলাদেশ পুলিশ হ্যান্ডবুক’ কামরুল বুক হাউস প্রকাশ করতে পারবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৫ জুলাই) বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি মো. লুৎফর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।  উক্ত রায় এ হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়েছেন, কামরুল বুক হাউস আর এই বই প্রকাশ, মুদ্রণ কিংবা বাজারজাত করতে পারবে না। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম আরিফ মন্ডল।

আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, খোশরোজ কিতাব মহল ১৯৫৮ সালে প্রথম ‘পুলিশ হ্যান্ডবুক’ নামে একটি সংকলন প্রকাশ করে। বইটিতে এক মলাটে স্থান পায় ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি, সাক্ষ্য আইন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মাইনর অ্যাক্টস। আইন পেশার সঙ্গে সংশ্লিষ্টদের কাছে এটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বইটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘বাংলাদেশ পুলিশ হ্যান্ডবুক’। এরপর প্রতিটি আইন সংশোধন, নতুন বিধান, বিচারিক সিদ্ধান্ত এবং প্রাসঙ্গিক পরিবর্তন যুক্ত করে ধারাবাহিকভাবে নতুন সংস্করণ প্রকাশ হতে থাকে। বর্তমানে বইটির ৪২তম সংস্করণ প্রকাশিত হয়েছে। কিন্তু বইটির ব্যাপক বাজারচাহিদাকে কেন্দ্র করে কপিরাইট বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, মূল প্রকাশকের অনুমতি ছাড়াই কামরুল বুক হাউস একই নামে বই মুদ্রণ ও বিক্রি করে দীর্ঘদিন ধরে আর্থিকভাবে লাভবান হয়ে আসছিল। যার প্রেক্ষিতে দায়েরকৃত এক আপিলে হাইকোর্ট আজ এ রায় দেন।

শুনানিতে আবেদনকারী পক্ষের আইনজীবী এস এম আরিফ মন্ডল আদালতকে জানান, বৈধ প্রকাশক হিসেবে খোশরোজ কিতাব মহলই দীর্ঘদিন ধরে বইটির প্রকাশনা, সম্পাদনা ও হালনাগাদ সংস্করণ প্রকাশ করে আসছে। অথচ কপিরাইট আইনের বিধান উপেক্ষা করে অপর একটি প্রকাশনা প্রতিষ্ঠান একই বই বাজারজাত করছে, যা মেধাস্বত্বের সুস্পষ্ট লঙ্ঘন।

তিনি আদালতে আরও যুক্তি তুলে ধরেন, বইটির জনপ্রিয়তা ও বাজারমূল্য বিবেচনায় অবৈধ পুনর্মুদ্রণ শুধু প্রকাশকের আর্থিক ক্ষতিই করেনি, বরং পাঠকদের মাঝেও বিভ্রান্তির সৃষ্টি করেছে। কারণ একই নামে একাধিক সংস্করণ বাজারে থাকলে কোনটি প্রকৃত ও হালনাগাদ সংস্করণ- তা নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে।

উল্লেখ্য, বাংলাদেশের আইনবিষয়ক প্রকাশনার ইতিহাসে ‘বাংলাদেশ পুলিশ হ্যান্ডবুক’ একটি বিশেষ স্থান দখল করে আছে। আদালতে জানানো হয়, বইটির প্রথম অনুবাদক ও রচয়িতা ছিলেন অ্যাডভোকেট অধ্যাপক এটিএম কামরুল ইসলাম। পরবর্তীতে দেশের খ্যাতিমান আইনবিদ, গবেষক ও আইনগ্রন্থ রচয়িতা মরহুম গাজী শামসুর রহমান বইটির ব্যাপক সংশোধন, সংযোজন ও আধুনিকায়নের দায়িত্ব পালন করেন। নতুন আইন, সংশোধনী, গুরুত্বপূর্ণ বিচারিক সিদ্ধান্ত এবং প্রশাসনিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি বইটিকে সময়োপযোগী রূপ দেন। পরবর্তীকালে বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া বইটির সর্বশেষ হালনাগাদ সংস্করণে প্রয়োজনীয় সংযোজন ও সংশোধনের কাজ অব্যাহত রাখেন। ফলে কয়েক প্রজন্ম ধরে আইনবিদদের শ্রম, অভিজ্ঞতা ও গবেষণার সমন্বয়ে বইটি দেশের অন্যতম নির্ভরযোগ্য আইনগ্রন্থে পরিণত হয়েছে।


বিডিএল পিবি/এমএম

সিলেটে ছাত্রাবাসে গৃহবধূকে ধর্ষণ: একজনের মৃত্যুদন্ড, তিনজনের যাবজ্জীবন

সিলেটে ছাত্রাবাসে গৃহবধূকে ধর্ষণ: একজনের মৃত্যুদন্ড, তিনজনের যাবজ্জীবন

ছবি: সংগৃহীত 

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে বহুল আলোচিত গৃহবধূ গণধর্ষণ মামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা সাইফুরের মুত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৪ জনকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ জুলাই) সিলেট দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন।

দ্রুতবিচার ট্রাইব্যুনালের পিপি আবুল হোসেন জানান, গত ৮ জুলাই দুইপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এই তারিখ নির্ধারণ করেন আদালত। আজ এই মামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা সাইফুরের মুত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ৪ জনকে খালাস দেওয়া হয়েছে।

উল্লখ্য, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে দলবেধে ধর্ষণের ঘটনা ঘটে। এতে অভিযুক্ত ৮ জনই নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মী। আসামি সবাই কারাগারে রয়েছেন।

বিডিএলপিবি/এমএম

গুলশানে অবৈধভাবে বাড়ি দখল, নাসা চেয়ারম্যানের রেজিস্ট্রি অবৈধ ঘোষণা আপিল বিভাগের

গুলশানে অবৈধভাবে বাড়ি দখল, নাসা চেয়ারম্যানের রেজিস্ট্রি অবৈধ ঘোষণা আপিল বিভাগের


ছবি: সংগৃহীত 

জালিয়াতি ও ভুয়া দলিলের মাধ্যমে গুলশানের একটি বাড়ি দখলের বহুল আলোচিত মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নামে করা সম্পত্তির রেজিস্ট্রি এবং পরবর্তী সব হস্তান্তর ও নিবন্ধন অবৈধ ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এ রায়ে প্রকৃত মালিকের কাছে সম্পত্তি ফিরে পাওয়ার পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন বাদীপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম। সোমবার (১৩ জুলাই) আপিল বিভাগ এ রায় দেন।

মামলার নথি অনুযায়ী, গুলশানের সিডব্লিউএন (নর্থ) এলাকার একটি বাড়ি বন্ধক রেখে এআরএ জুট ট্রেডিং করপোরেশন অগ্রণী ব্যাংক থেকে ঋণ নেয়। পরে ঋণ খেলাপি হলেও বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী পাওনা পরিশোধ করে সম্পত্তি ছাড়িয়ে নেওয়ার আবেদন করা হয়। কিন্তু পরবর্তীসময়ে একটি ভুয়া সমঝোতা স্মারক (এমওইউ) দেখিয়ে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নামে সম্পত্তিটি রেজিস্ট্রি করা হয়। 

মামলায় আরও অভিযোগ করা হয়, আপিল বিভাগে মামলা বিচারাধীন থাকাকালে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল কবির খানকে গুম করে মামলা প্রত্যাহারে বাধ্য করা হয়। পরে দেশে ফিরে তিনি গুম কমিশনে অভিযোগ করেন এবং জোরপূর্বক মামলা প্রত্যাহারের বিষয়টি তুলে ধরে রিভিউ আবেদন করেন। সেই আবেদন গ্রহণ করে পুনরায় শুনানির পর আপিল বিভাগ তার আপিল মঞ্জুর করেন।

বাদীপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম বলেন, আদালতে উপস্থাপিত তথ্য-প্রমাণে ভুয়া সমঝোতা স্মারক (এমওইউ), জাল স্বাক্ষর ও অসত্য তথ্যের বিষয়টি প্রতীয়মান হয়েছে। এসব বিবেচনায় আপিল বিভাগ সম্পত্তির মূল হস্তান্তরসহ পরবর্তী সব নিবন্ধন অবৈধ ঘোষণা করেন। ফলে প্রকৃত মালিকের সম্পত্তি ফিরে পেতে আর কোনো আইনি বাধা নেই।


বিডিএলপিবি/এমএম

সোর্স: প্রথম আলো, সমকাল

১৩ জুল, ২০২৬

২৫ বছর পূর্ণ হবার আগে পদত্যাগ করলে মিলবে না পেনশন: আপীল বিভাগের রায়

২৫ বছর পূর্ণ হবার আগে পদত্যাগ করলে মিলবে না পেনশন: আপীল বিভাগের রায়

ছবি: সংগৃহীত 

সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ করার পূর্বে যে কেউ পদত্যাগ করে, তিনি পেনশন সুবিধার অধিকারী হবেন না, মর্মে আপিল বিভাগ রায় দিয়েছেন। রায়টি ৯ জুলাই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ২৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রূপে প্রকাশ করা হয়। রায়টি লিখেছেন বিচারপতি ফারাহ মাহবুব।

এর আগে, হাইকোর্টের এক রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেন, উক্ত আপিল মঞ্জুর করে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক এবং বিচারপতি ফারাহ মাহবুবের সমন্বয়ে যে রায়টি হয়েছে, তা ১১ মার্চ প্রকাশিত হয়।

রাষ্ট্রপক্ষে আদালতে শুনানিতে অংশগ্রহণ করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ এবং অনীক আর হক। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ। এছাড়া, রিট আবেদনের পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন রিটকারী মাহবুব মোরশেদ নিজে।

রায়ে উল্লেখ করা হয়েছে, আইনসভা প্রজ্ঞা ও যৌক্তিক বিবেচনার উপর ভিত্তি করেই এমন বিধান তৈরি করা হয়েছে যে ২৫ বছরের চাকরির টাইম লাইনে পূর্ণ হওয়ার পূর্বে যদি কোনো সরকারি কর্মচারী পদত্যাগ করেন, তাহলে তিনি কোনো সুবিধার অধিকারী হবেন না।

মামলার ফ্যাক্ট: মাহবুব মোরশেদ ১৯৯১ সালে সহকারী বিচারক হিসেবে জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন। ১৯ বছর সার্ভিস করে ২০১১ সালের ৩১ জানুয়ারি তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন, তখন তিনি অতিরিক্ত জেলা জজ ছিলেন। সার্ভিসে ১৯ বছর পূর্ণ হওয়ার পরে ৬১ শতাংশ পেনশন ও আনুতোষিকের জন্য ২০১৫ সালে আইন মন্ত্রণালয়ে আবেদন করেন তিনি।

এরপর, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে ২০১৫ সালের ২৫ মার্চ আইন মন্ত্রণালয়ে একটি চিঠিতে জানানো হয়, সরকারি চাকরিতে পদত্যাগ করলে পূর্ববর্তী চাকরিকাল আইনগতভাবে বাজেয়াপ্ত হবে। অর্থাৎ, পেনশনের জন্য সেটি গণনা করা হবে না (বিএসআর প্রথম খণ্ডের বিধি-৩০০ সেকশন-৩)। মাহবুব মোরশেদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়নি, এবং তিনি ২৫ বছর পূর্তি সাপেক্ষে সংশ্লিষ্ট বিধানের আলোকে পেনশনের জন্য কোনো আবেদন করেননি, সুতরাং তিনি পেনশনপ্রাপ্ত নন (১৯৭৪ সালের গণকর্মচারী অবসর আইনের ৯ ধারা অনুযায়ী)।

এ অবস্থায়, বিধি-৩০০ এবং ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে মাহবুব মোরশেদ ২০১৬ সালে রিট করেন। চূড়ান্ত শুনানির পর, হাইকোর্ট ২০২১ সালের ১৮ মার্চ রায় দেন, এবং এতে ২০১৫ সালের ২৫ মার্চের ওই চিঠিকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হয়। একইসাথে, রায়ের অনুলিপি পাওয়ার ৯০ দিনের মধ্যে, চাকরির মেয়াদ অনুসারে মাহবুব মোরশেদের পেনশনসহ অন্যান্য বকেয়া সুবিধার গণনা ও মঞ্জুর করতে নির্দেশ দেয়া হয়।

এই রায়ের বিরোধিতায় রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করে। ২০২২ সালের ২৪ অক্টোবর লিভ টু আপিল মঞ্জুর করে আপিল বিভাগ, এবং সেইসাথে হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ চলমান রাখে। এর ধারাবাহিকতায়, রাষ্ট্রপক্ষ আপিল করে। রাষ্ট্রপক্ষের করা ওই আপিল মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া রায়টি বাতিল করে গত ১১ মার্চ আপিল বিভাগ রায় দেন।

আপিল বিভাগের রায়ের পুনশ্চ: BSR-এর ৩০০(এ) বিধির পদত্যাগ সংক্রান্ত অংশটি সম্পূর্ণ সাংবিধানিক এবং বৈধ। ফলস্বরূপ, রাষ্ট্রপক্ষের আপিলটি মঞ্জুর করা হয় এবং হাইকোর্ট বিভাগের ১৮.০৩.২০২১ তারিখের রায় ও আদেশটি সম্পূর্ণ বাতিল (Set aside) করা হয়।

রায়ের পক্ষে আপিল বিভাগের যুক্তি: আদালত BSR-এর ৩০০(এ) বিধির উদ্ধৃতি দিয়ে বলে যে, পদত্যাগের ফলে অতীতের সমস্ত চাকরিকাল বাজেয়াপ্ত হয়। 'পেনশন' ধারণার ব্যাখ্যা দিয়ে আদালত বলে, এটি সন্তোষজনকভাবে নির্দিষ্ট চাকরিকাল সম্পন্ন করার পর অর্জিত হয়। আদালত ভারতের সুপ্রিম কোর্টের নজির (UCO Bank case) টেনে 'পদত্যাগ' (Resignation) এবং 'অবসর' (Retirement)-এর মধ্যে পার্থক্য স্পষ্ট করে। পদত্যাগ হলো মালিক-শ্রমিক সম্পর্কের সম্পূর্ণ অবসান, আর অবসর হলো বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী নির্দিষ্ট মেয়াদ শেষে সম্পর্কের সমাপ্তি।

আদালত দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করে যে, পদত্যাগ কোনো 'শাস্তি' (Punishment) নয়। অসদাচরণের জন্য চাকরিচ্যুতি ও পদত্যাগ এক বিষয় নয়। ৩০০(এ) বিধিতে এই শব্দগুলো একসাথে ব্যবহৃত হলেও তাদের প্রেক্ষাপট ভিন্ন। তাই এখানে সংবিধানের ২৭ বা ৩১ অনুচ্ছেদ লঙ্ঘনের বা বৈষম্যের কোনো সুযোগ নেই।

এছাড়া এ সংক্রান্ত অর্থমন্ত্রব্যাখ্যায় স্পষ্ট বলা হয়েছে যে, ৫-২৪ বছরের পেনশন কেবল তখনই প্রাপ্য হবে যদি: (১) সরকারি কর্মচারী মৃত্যুবরণ করেন বা মেডিকেল বোর্ড দ্বারা স্থায়ীভাবে অক্ষম ঘোষিত হন, অথবা (২) স্থায়ী পদ বিলুপ্তির কারণে চাকরি থেকে ছাঁটাই হন। যেহেতু এই শর্তগুলোর মধ্যে 'পদত্যাগ' অন্তর্ভুক্ত নেই, তাই আপিল বিভাগ সিদ্ধান্ত নেয় যে, হাইকোর্ট বিভাগ প্রজ্ঞাপনের মূল শর্ত বা 'ব্যাখ্যা' উপেক্ষা করে শুধু টেবিল দেখে রায় দিয়ে আইনি ভুল করেছে।


বিডিএলপিবি/এমএম

৯ জুল, ২০২৬

যৌতুকের জন্য স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামীর যাবজ্জীবন

যৌতুকের জন্য স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামীর যাবজ্জীবন


ছবিঃ সংগৃহীত 

আট বছর আগে ঢাকার কেরানীগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী শাহানুর আক্তারকে গলা কেটে হত্যার দায়ে মো. জাহাঙ্গীর আলমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম জর্জ বলেন, দণ্ডের পাশাপাশি জাহাঙ্গীর আলমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক বছর বিনাশ্রম কারাভোগ করতে হবে।

মামলার বিবরণ থেকে জান গেছে, শাহানুর আক্তারের প্রথম স্বামীর মৃত্যুর পর ঘটনার প্রায় ১১-১২ বছর আগে জাহাঙ্গীর আলমের সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়। তারা কেরানীগঞ্জ মডেল থানার খালপাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। দিনমজুরির পাশাপাশি বিভিন্ন বাড়ি থেকে ময়লা সংগ্রহের কাজ করতেন। নিয়মিত নেশা করতেন এবং স্ত্রীর কাছে যৌতুক দাবি করতেন। নিয়ে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো।

২০১৮ সালের ১৯ নভেম্বর রাতে যৌতুকের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরিবারের সদস্যরা বিষয়টি মীমাংসা করে দিলে তারা রাতের খাবার শেষে নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। পরদিন সকালে শাহানুরের মেয়ে মাকে ডাকতে গিয়ে দেখতে পায়, কক্ষের দরজা বাইরে থেকে আটকানো। সে তার ভাইকে ডাকে। পরে দুই জন দরজা খুলে খাটের ওপর কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় মায়ের গলাকাটা রক্তাক্ত মরদেহ দেখতে পান। সময় জাহাঙ্গীরকে বাড়িতে পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনায় শাহানুরের ভাই জামাল উদ্দিন ২০ নভেম্বর কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ১৪ জুন জাহাঙ্গীরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। বিচার চলাকালে ট্রাইব্যুনাল ছয় জনের সাক্ষ্য গ্রহণ করে। আসামির আত্মপক্ষ শুনানি, মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল থেকে আজ আসামির সাজার রায় এলো।

 

 

বিডিএলপিবি/এমএম

 

ঘুষ নিয়ে ধরা : বেবিচক কর্মকর্তা রাশেদের ৫ বছরের কারাদণ্ড

ঘুষ নিয়ে ধরা : বেবিচক কর্মকর্তা রাশেদের ৫ বছরের কারাদণ্ড

ছবি. সংগৃহীত

ঘুষ নেওয়ার সময় ধরা পড়া বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তখনকার জুনিয়র লাইসেন্স ইন্সপেক্টর অ্যান্ড কনসালটেন্ট এইচ এম রাশেদ সরকারকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

দুদকের কৌসুলি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “দণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৬ মাস কারাভোগ করতে হবে।” আদালত অর্থদণ্ডের টাকা অভিযোগকারীকে দিতে নির্দেশ দিয়েছেন। জামিনে থাকা রাশেদ সরকার রায় ঘোষণার আগে আদালতে হাজির হন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ অনুযায়ী, বেবিচকের কমার্শিয়াল পাইলট লাইসেন্সের (সিপিএল) প্রথম ধাপ 'এয়ার ল’ পরীক্ষায় ২০১৮ সালে উত্তীর্ণ হন রাকিব হাসান নামের একজন। পরবর্তী ধাপ ‘কম্পোজিট’ পরীক্ষার জন্য তিনি ২০১৯ সালের ২ সেপ্টেম্বর চার হাজার টাকা জমা দিয়ে আবেদন করেন। কিন্তু বেবিচকের জুনিয়র লাইসেন্স ইন্সপেক্টর অ্যান্ড কনসালটেন্ট রাশেদ সরকার অনলাইন সিস্টেমে ওই আবেদন বাতিল করেন। তিনি ‘কম্পোজিট’ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার কথা বলে মোবাইলে রাকিবের কাছে এক লাখ টাকা ঘুষ দাবি করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ফিলিপাইন থেকে কমার্শিয়াল পাইলট লাইসেন্স (CPL) অর্জনকারী মো. রাকিব হাসানের বাংলাদেশি লাইসেন্স রূপান্তরের আবেদনটি রাশেদ সরকার অনলাইন সিস্টেমে বাতিল করে দেন। পরে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার বিনিময়ে তিনি লাখ টাকা ঘুষ দাবি করেন। রকিব হাসানের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ডিসেম্বর উত্তরা ১৩ নম্বর সেক্টরেরবিএফসিরেস্টুরেন্টে ফাঁদ পাতে দুর্নীতি দমন কমিশন (দুদক) সেখানে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার হন রাশেদ সরকার।

এই ঘটনায় ২০১৯ সালের ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক তাহসীন মোসাবিল হক বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২২ সালের জুন তদন্ত কর্মকর্তা জাহিদ কালাম আদালতে চার্জশিট জমা দেন এবং ২০২৩ সালের মার্চ মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে ২৪ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।


বিডিএলপিবি/এমএম

চট্টগ্রামের সারোয়ার আলমগীর এমপি হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট

চট্টগ্রামের সারোয়ার আলমগীর এমপি হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট

ছবি: সংগৃহীত 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এর ফলে তিনি শপথ নিতে পারবেন। 

এই বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর আগে গত ২ জুলাই রুলের ওপর শুনানি শেষে আদালত রায়ের জন্য ৯ জুলাই দিন ধার্য করেন।  

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অপরদিকে জামায়াতের প্রার্থী মো. নুরুল আমিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।  

সারোয়ার আলমগীরের প্রার্থিতা রিটার্নিং কর্মকর্তার কাছে বৈধ ঘোষিত হওয়ার পর ঋণখেলাপির অভিযোগ এনে তার বিরুদ্ধে আপিল করেন জামায়াতের প্রার্থী মো. নুরুল আমিন।  

শুনানি শেষে ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন সারোয়ার আলমগীর।  

গত ২৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের ওই আদেশ স্থগিত করেন। একই সঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে রুল জারি করা হয়।  

পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন নুরুল আমিন। ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করেন।  

এর ফলে সরোয়ার আলমগীর নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনের ফল স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ তিনি নির্বাচনে অংশ নিতে পারলেও তার ফল প্রকাশ করা যাবে না।  

পরে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সরোয়ার আলমগীর বিজয়ী হন। তবে আদালতের নির্দেশনার কারণে তার ফল প্রকাশ করা হয়নি।  

এরপর জামায়াত প্রার্থী নুরুল আমিনের করা আপিলের শুনানি শেষে গত ১৬ জুন আদেশ দেন আপিল বিভাগ। আদেশে আপিল নিষ্পত্তি করে দ্রুত, সম্ভব হলে দুই সপ্তাহের মধ্যে, হাইকোর্টকে রুলের নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়। যার ধারাবাহিকতায় রুল শুনানি শেষে রায় ঘোষণা করলেন হাইকোর্ট। 


বিডিএলপিবি/এমএম

৮ জুল, ২০২৬

মালখানা ব্যবস্থাপনায় ১২ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে হাইকোর্টের আদেশ

মালখানা ব্যবস্থাপনায় ১২ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে হাইকোর্টের আদেশ

ছবিঃ সংগৃহীত 

আদালতের মালখানা ও থানায় থাকা জব্দ করা মালামাল সংরক্ষণ ও ব্যবস্থাপনার বিষয়ে প্রতিবেদন দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে ১২ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠনের আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ কমিটিকে দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে। বুধবার (৮ জুলাই) বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত আইন সচিবকে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে গঠিত এই কমিটিতে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) একজন প্রতিনিধি, কোস্ট গার্ডের একজন প্রতিনিধি, ঢাকা মহানগরের সরকারি কৌঁসুলি, রিট আবেদনকারীদের একজন আইনজীবী, অ্যাটর্নি জেনারেলের একজন প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।আদালত কমিটিকে দুই মাসের মধ্যে মালখানা ব্যবস্থাপনা বিষয়ে নীতিমালা প্রণয়নের অগ্রগতি ও সুপারিশসংবলিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। 

রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তাকে সহায়তা করেন আইনজীবী সাদ্দাম হোসেন ও জায়েদ বিন আমজাদ।

এর আগে ২০২৪ সালের ১৮ জানুয়ারি সারা দেশের থানা ও আদালতের মালখানায় সংরক্ষিত মামলার আলামতের সর্বশেষ অবস্থা জানিয়ে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই আদেশ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল পুলিশের মহাপরিদর্শককে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ আগস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী সারা দেশের মালখানা ব্যবস্থাপনায় অব্যবস্থা ও অবহেলাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন। রিটে উল্লেখ করা হয়, বিভিন্ন থানা ও মালখানায় কোটি কোটি টাকা মূল্যের জব্দ করা যানবাহন ও অন্যান্য আলামত যথাযথ সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে। এ বিষয়ে বিভিন্ন সংবাদ প্রতিবেদন এবং ঢাকার ১০টি থানার মালখানার আলোকচিত্রও আদালতে উপস্থাপন করা হয়। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের মহাপরিদর্শক এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে বিবাদী করা হয়।


বিডিএলপিবি/এমএম

অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা

অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা

ছবিঃ সংগৃহীত 

অবৈধভাবে অর্জিত অর্থ গোপন ও পাচারের অভিযোগে করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায়  আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়াকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে রায়ে দুই আসামিকে ৬৪ কোটি ৬২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয় মাস কারাভোগ করতে হবে।

ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক নূরে আলম ভূঞা আজ বুধবার এ রায় ঘোষণা করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সেলিম খান রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, একই মামলায় অভিযোগ প্রমাণ না হওয়ায় অপর আট আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার নথি অনুযায়ী, অবৈধ উপায়ে অর্জিত প্রায় ২৬ কোটি ৫৫ লাখ টাকা গোপনে সংরক্ষণ ও উৎস গোপনের অভিযোগে ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি রাজধানীর ওয়ারী থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়। মামলাটির বাদী ছিলেন র‌্যাব-৩- এর নায়েব সুবেদার রমজান আলী।

তদন্ত শেষে ২০২১ সালের ৮ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা এনামুল হক এনু, রুপন ভূঁইয়াসহ মোট ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

এর আগে একই আদালতে অর্থ পাচার প্রতিরোধ আইনের আরেক মামলায় ২০২৫ সালের ৩০ জানুয়ারি এনামুল হক এনু ও রুপন ভূঁইয়াকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছিল। সেই মামলায় তাদের ৩৪ লাখ ২৬ হাজার ৬০০ টাকা জরিমানাও করা হয়।


বিডিএলপিবি/এমএম

সংবিধানের পঞ্চদশ সংশোধনী ইস্যুতে আপিলের রায় বৃহস্পতিবার

সংবিধানের পঞ্চদশ সংশোধনী ইস্যুতে আপিলের রায় বৃহস্পতিবার

ছবিঃ সংগৃহীত

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের রায় আগামীকাল (বৃহস্পতিবার)। টানা তিনদিন শুনানির পর আজ (বুধবার) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ রায়ের দিন ধার্য করে আদেশ দেন।

পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ চার ব্যক্তি একটি এবং নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন আরেকটি আপিল করেন।  এছাড়া জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অপর আপিলটি করেন।

আদালতে সুজন সম্পাদকসহ চার ব্যক্তির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শরীফ ভূইঁয়া। এসময় তার সঙ্গে ছিলেন আইনজীবী কারিশমা জাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। 

জামায়াতে ইসলামীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এছাড়া অপর আপিলকারীর পক্ষে ছিলেন আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে ২০১১ সালের ৩০ জুন পঞ্চদশ সংশোধনী আইন জাতীয় সংসদে পাস হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ ওই সংশোধনীতে সংবিধানে ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন এসেছিল। 

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর পঞ্চদশ সংশোধনীর পুরো আইন ও আইনের কয়েকটি ধারার বৈধতা নিয়ে সুজন সম্পাদকসহ পাঁচ ব্যক্তি একটি এবং নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন হাইকোর্টে পৃথক রিট হয়। এসব রিটের শুনানি শেষে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট রায় দেন।

ওই রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হয়। আর এই দুটিসহ পঞ্চদশ সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে যুক্ত ৭ক, ৭খ, ৪৪ (২) অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হয়। 

এছাড়া হাইকোর্টের রায়ে গণভোটের বিধান সংক্রান্ত ১৪২ অনুচ্ছেদ (দ্বাদশ সংশোধনী আইনের মাধ্যমে আনা) পুনর্বহাল করা হয়। সেই সঙ্গে পঞ্চদশ সংশোধনী আইন সম্পূর্ণ বাতিল না করে, অন্য বিধানগুলোর বিষয়ে আইন অনুসারে পরবর্তী সংসদ সিদ্ধান্ত নিতে পারবে বলে হাইকোর্টের রায়ে উল্লেখ করা হয়।


বিডিএলপিবি/এমএম

সোর্স- বাসস

প্রথম রিভিউয়ে উত্তীর্ণদের ভাইভা নেওয়ার নির্দেশ দিয়ে রায় প্রকাশ

প্রথম রিভিউয়ে উত্তীর্ণদের ভাইভা নেওয়ার নির্দেশ দিয়ে রায় প্রকাশ

ছবি: সংগৃহীত 

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষার প্রথম রিভিউয়ে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা (ভাইভা) নেওয়ার নির্দেশ দিয়ে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। এছাড়া, প্রথম রিভিউয়ের ফল বাতিল করে আবেদনকারীদের এনরোলমেন্ট প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হয়েছে। বুধবার (৮ জুলাই) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন।

রায়ে বলা হয়, এনরোলমেন্ট কমিটিকে তাদের সুবিধাজনক ও যুক্তিসঙ্গত সময়ের মধ্যে ভাইভা পরীক্ষার তারিখ নির্ধারণ করতে হবে। শুধু রিটকারী নন, প্রথম রিভিউয়ের ফলাফলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও যারা রিট করেননি, তাদেরকেও রিটকারীদের মতো ভাইভায় অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে রায়ে।

এর আগে গত ১০ জুন এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছিলেন হাইকোর্টের এই বেঞ্চ। বুধবার সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হলো।আদালতে পরীক্ষার্থীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ও ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম।

মামলার প্রেক্ষাপট থেকে জানা যায়, বার কাউন্সিলে আইনজীবী সনদ পেতে লিখিত পরীক্ষাসংক্রান্ত প্রথম রিভিউয়ের ফলাফল গত বছরের ১৮ নভেম্বর প্রকাশ করা হয়। কিন্তু গত বছরের ২৪ নভেম্বর সেই ফল বাতিল করে রিভিউ আবেদনকারী প্রতিটি প্রার্থীর উত্তরপত্র পুনর্মূল্যায়ন করার সিদ্ধান্ত নেয় বার কাউন্সিল। এরপর দ্বিতীয় রিভিউয়ের ফল ঘোষণা করা হয় এবং দ্বিতীয় রিভিউ পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা নেওয়া হয়।

প্রথম রিভিউয়ের ফল বাতিলের ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন ৬৩২ জন পরীক্ষার্থী। সেই রিটের চূড়ান্ত শুনানি শেষেই এই রায় দিলেন উচ্চ আদালত।


বিডিএলপিবি/এমএম

আসামির পক্ষে নিহত কিশোরীর বাবা-মায়ের জবানবন্দি নিয়ে প্রশ্ন

আসামির পক্ষে নিহত কিশোরীর বাবা-মায়ের জবানবন্দি নিয়ে প্রশ্ন

ছবি: সংগৃহীত 

শরীয়তপুরের জাজিরায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দুই আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাই কোর্ট বেঞ্চ সোমবার শুনানি শেষে এই রায় দেয়।

এর কারণ- রিমার বাবা-মার জবানবন্দি, মনে করছেন আইনজীবীরা। ‘রিমা বিবাহিত ছিল না। কিছুটা অনিয়ন্ত্রিত জীবনযাপন করত মেয়েটা। এখন পর্যন্ত জানি না, মেয়েকে কে বা কারা হত্যা করেছে। উপস্থিত আসামিরা খালাস পেলে আমার আপত্তি নাই।’ মামলার বাদী রিমার বাবা ইলিয়াস একথাই বলেছিলেন আদালতে দেওয়া জবানবন্দিতে।

প্রায় একই জবানবন্দি রিমার মা নারগিস আক্তারের। তিনি বলেছেন, ‘মেয়ে লেখাপড়ার পাশাপাশি আশেপাশের বাড়িতে যেত আমাদের নিয়ন্ত্রণের বাইরে। বোঝানোর চেষ্টা করি। এ মামলার বিষয়বস্তু সম্পর্কে জানি না। আসামিরা আমার মেয়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না। আসামিরা সকলেই বিবাহিত। তারা খালাস পেলে আপত্তি নাই।’

বাবা-মায়ের এমন জবানবন্দির পরেও পুলিশের দেওয়া চার্জশিট গ্রহণ করে মামলার বিচার শুরু করেন আদালত। ২০১৯ সালের ৭ মে মামলায় রায় দেন শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। চার আসামিকে দেওয়া হয় মৃত্যুদণ্ড। তারা হলেন- চুন্নু মোড়ল, নুরু মোড়ল, সেলিম চৌকিদার ও স্বপ্না বেগম।


বিডিএলপিবি/এমএম

৭ জুল, ২০২৬

শিশু মাহফুজ হত্যা: ১৫ বছর পর তিনজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

শিশু মাহফুজ হত্যা: ১৫ বছর পর তিনজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

ছবি: সংগৃহীত 

গোপালগঞ্জের কাশিয়ানীতে আট বছরের শিশু মাহফুজকে অপহরণের পর হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৪-এর বিচারক ফারজানা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জামাল শেখ, শামীম শেখ আহমেদ ও রঞ্জু শেখ। আর যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন মাহমুদা খানম উষা ও বিল্লাল শেখ। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মিজানুর রহমান মিজানসহ সাতজনকে খালাস দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষ জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০১২ সালের বৃহস্পতিবার (৫ জুলাই) সন্ধ্যায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের বাড়ি থেকে ভাটিয়াপাড়া রেলওয়ে জামে মসজিদে যাওয়ার পথে মাহফুজকে অপহরণ করা হয়। পরে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। অভিযোগে বলা হয়, মুক্তিপণের টাকা না পেয়ে শিশুটিকে প্রায় দেড় মাস আটকে রাখা হয়। এরপর সোমবার (২০ আগস্ট) রাতে পূর্বপরিকল্পিতভাবে মাহমুদা খানম উষার বাড়িতে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ পরিবারের বাড়ির পাশের একটি মেহগনি বাগানে ফেলে রাখা হয়।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, মাহফুজের বাবা ইতালিপ্রবাসী ছিলেন এবং আসামিদের সঙ্গে তাদের পরিবারের পূর্বশত্রুতা ছিল। সেই বিরোধের জেরেই অপহরণ ও হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে তদন্তে উঠে আসে।

ঘটনার পর শুক্রবার (৬ জুলাই) মাহফুজের মা স্বপ্না বেগম কাশিয়ানী থানায় মামলা করেন। পরে ২০১২ সালের মঙ্গলবার (২০ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) নিজাম শিকদার আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার গুরুত্ব বিবেচনায় ২০১৩ সালের রোববার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখার সিদ্ধান্তে এটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৪-এ স্থানান্তর করা হয়। এরপর ২০১৪ সালের বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ ২৫ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য উপস্থাপন করে। অন্যদিকে আসামিপক্ষে আটজন সাফাই সাক্ষ্য দেন। দীর্ঘ শুনানি, সাক্ষ্য ও প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।

রায় ঘোষণার আগে পর্যবেক্ষণে আদালত বলেন, “এটি কেবল একটি হত্যা মামলা নয়, বরং মানুষের রূপধারী কিছু অপরাধীর হিংস্রতার শিকার এক নিষ্পাপ শিশুর মর্মান্তিক পরিণতির দলিল।” আদালত আরও বলেন, “এ ধরনের নৃশংস ও পাশবিক অপরাধ সমাজে আর কেউ যাতে করার সাহস না পায়, সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে।”


বিডিএলপিবি/এমএম