২৪ নভে, ২০২৬

হত্যা মামলায় ভুল শনাক্তকরণে অভিযুক্ত খালাস, দুইজনের মৃত্যুদণ্ড বহাল: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

প্রাসঙ্গিক আইন: দণ্ডবিধি, ১৮৬০-এর ৩০২/৩৪ ও ৩০২/১০৯ ধারা; সাক্ষ্য আইন, ১৮৭২-এর ২৭ ধারা এবং ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৩৭৪ ধারা।
হত্যা মামলায় আসামির পরিচয় নির্ধারণে ভুল শনাক্তকরণ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রাখা যায় না বলে সিদ্ধান্ত দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে কেবল পরিস্থিতিগত সাক্ষ্য, জবানবন্দি ও উদ্ধারকৃত আলামতের ভিত্তিতে দায় নির্ধারণের ক্ষেত্রে প্রতিটি আসামির বিরুদ্ধে প্রমাণ পৃথকভাবে মূল্যায়নের ওপর গুরুত্ব দিয়েছেন আদালত। পর্যাপ্ত ও নির্ভরযোগ্য প্রমাণের ভিত্তিতে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হলেও অন্য পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সম্প্রতি বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি শাথিকা হোসাইনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ, রাষ্ট্র বনাম মো. মাসুদ রানা ও অন্যান্য, ডেথ রেফারেন্স নং ৩৩/২০১৮-এর রায়ে এ সিদ্ধান্ত দেন। ২০২৬ সালের ৬ সেপ্টেম্বর রায়টি ঘোষণা করা হয়।

মামলার প্রেক্ষাপট

মামলার নিহত ব্যক্তি রহমত আলী (৬০)। তিনি রংপুরের কাউনিয়া এলাকার চৈতর মোড়ে অবস্থিত নিজের ফার্মেসি বন্ধ করে ২০১৫ সালের ১০ নভেম্বর রাত প্রায় ১০টার দিকে বাড়ি ফিরছিলেন। পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে হত্যা করে। রায়ের পূর্নাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয় ২৪ নভেম্বর, ২০২৬ তারিখে।

পরদিন নিহতের ছেলে, পেশায় আইনজীবী, কাউনিয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, রহমত আলী সুরেশ্বরী তরিকার অনুসারী এবং একটি মাজারের খাদেম ছিলেন। এ কারণে স্থানীয় জামায়াত-শিবিরের কিছু ব্যক্তি তাঁর বিরোধিতা করতেন ও তাঁকে হুমকি দিতেন বলে অভিযোগ ছিল।

এ ছাড়া বাদীর এক আত্মীয়ের দায়ের করা চেকসংক্রান্ত মামলার আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করায় বাদীকেও হুমকি দেওয়া হয়েছিল বলে এজাহারে উল্লেখ করা হয়।

নিম্ন আদালতে সাত আসামির মৃত্যুদণ্ড

মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ৩ জুলাই ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে অতিরিক্ত তদন্তের মাধ্যমে বিজয় ওরফে মো. মহাদ্দেস আলীকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়।

রংপুরের বিশেষ দায়রা জজ আদালত ২০১৮ সালের ১৮ মার্চ রহমত আলী হত্যা মামলায় সাত আসামিকে দণ্ডবিধির বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—

১. মো. মাসুদ রানা ওরফে মন্ত্রী
২. বিজয় ওরফে মো. মহাদ্দেস আলী ওরফে দর্জি
৩. মো. লিটন মিয়া ওরফে রফিক
৪. মো. ইসহাক আলী
৫. মো. চান্দু মিয়া
৬. মো. সাখাওয়াত হোসেন ওরফে শফিক
৭. মো. সারওয়ার হোসেন ওরফে সাবু ওরফে মিজান ওরফে ড্রাইভার।

মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারায় হাইকোর্ট বিভাগে ডেথ রেফারেন্স হিসেবে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডপ্রাপ্তদের দায়ের করা জেল আপিল ও ফৌজদারি আপিলও একসঙ্গে শুনানি করা হয়।

প্রত্যক্ষ সাক্ষী না থাকায় পরিস্থিতিগত সাক্ষ্যের ওপর নির্ভরতা

হাইকোর্ট পর্যবেক্ষণ করেন, রহমত আলী হত্যাকাণ্ডের কোনো প্রত্যক্ষ সাক্ষী ছিল না। মামলাটি ছিল অদেখা হত্যাকাণ্ড এবং প্রসিকিউশনের অভিযোগ মূলত পরিস্থিতিগত সাক্ষ্য, আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে আলামত উদ্ধার এবং চার আসামির বিচারিক স্বীকারোক্তির ওপর নির্ভরশীল।

আদালত বলেন, এ ধরনের মামলায় প্রথমে স্বীকারোক্তি বাদ দিয়ে অন্যান্য সাক্ষ্য-প্রমাণ মূল্যায়ন করতে হবে। যদি সেসব প্রমাণ স্বাধীনভাবে বিশ্বাসযোগ্য হয়, তাহলে স্বীকারোক্তির ওপর নির্ভর করার প্রয়োজন নেই। তবে অন্যান্য প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব না হলে স্বীকারোক্তি সেগুলোকে সমর্থন বা শক্তিশালী করতে পারে।

স্বীকারোক্তির গ্রহণযোগ্যতা ও আলামত উদ্ধারের বিষয়

মাসুদ রানা ও লিটনের স্বীকারোক্তি স্বেচ্ছায় দেওয়া হয়েছিল কি না, তা নিয়ে আসামিপক্ষ প্রশ্ন তোলে। দীর্ঘ পুলিশ রিমান্ড, নির্যাতনের অভিযোগ এবং স্বীকারোক্তির আগে পর্যাপ্ত সময় দেওয়া হয়নি—এমন যুক্তিও উপস্থাপন করা হয়।

হাইকোর্ট বলেন, স্বীকারোক্তি গ্রহণের ক্ষেত্রে স্বেচ্ছাপ্রদত্ত হওয়া এবং বিশ্বাসযোগ্যতা—দুটি বিষয়ই গুরুত্বপূর্ণ। প্রথম শর্ত পূরণ না হলে স্বীকারোক্তির বিশ্বাসযোগ্যতা বিবেচনার প্রশ্ন আসে না।

আদালত আরও পর্যবেক্ষণ করেন, স্বীকারোক্তি রেকর্ডের আগে আত্মসমীক্ষার জন্য নির্দিষ্ট তিন ঘণ্টা সময় দেওয়ার কোনো অনমনীয় বিধান নেই; বরং পরিস্থিতি অনুযায়ী পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে কি না, তা বিবেচ্য।

সাক্ষ্য আইনের ২৭ ধারার বিষয়ে আদালত বলেন, আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে কোনো বস্তু বা তথ্য আবিষ্কৃত হলে, আবিষ্কারের সঙ্গে সরাসরি সম্পর্কিত তথ্যের অংশ প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হতে পারে। তবে উদ্ধার প্রক্রিয়া ও সাক্ষীদের বক্তব্য সতর্কতার সঙ্গে মূল্যায়ন করতে হবে।

ভুল শনাক্তকরণে বিজয়ের দণ্ড বহাল রাখা যায়নি

মামলার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল বিজয় ওরফে মো. মহাদ্দেস আলীর পরিচয়।

হাইকোর্ট নথিপত্র, সাক্ষ্য এবং সংশ্লিষ্ট মামলার তথ্য পর্যালোচনা করে দেখতে পান, প্রকৃত বিজয় নামে পরিচিত একজন ব্যক্তি পৃথক ঘটনায় ক্রসফায়ারে নিহত হয়েছিলেন। তদন্তের সময় পুলিশ অন্য একজনকে সেই বিজয় হিসেবে শনাক্ত করে মামলায় অন্তর্ভুক্ত করে।

আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, বর্তমান আসামি বিজয়ের বিরুদ্ধে ভুল পরিচয়ের ভিত্তিতে অভিযোগ আনা হয়েছিল। এ ক্ষেত্রে ভুল শনাক্তকরণ বা মিস্টেকেন আইডেন্টিটি প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রাখা যায় না।

হাইকোর্ট বলেন, কোনো আসামির পরিচয় নিয়ে যুক্তিসংগত সন্দেহ থাকলে এবং প্রমাণে নির্দোষতার সম্ভাবনা উঠে এলে সেই সন্দেহের সুবিধা আসামিকে দিতে হবে।

অন্য আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি

হাইকোর্ট আরও পর্যালোচনা করেন, ইসহাক, চান্দু, সাখাওয়াত ও সারওয়ারের বিরুদ্ধে উপস্থাপিত প্রমাণগুলো হত্যার পরিকল্পনা বা অপরাধ সংঘটনের সঙ্গে তাঁদের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা নিশ্চিত করে কি না।

আদালতের মতে, তাঁদের কয়েকজন হত্যার প্রস্তুতি বা সংশ্লিষ্ট কিছু কার্যক্রমে যুক্ত থাকলেও হত্যার মূল পরিকল্পনা সম্পর্কে তাঁদের জ্ঞান ছিল—এমন নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

বিশেষ করে সারওয়ারের বিরুদ্ধে পরিস্থিতিগত প্রমাণ ও স্বীকারোক্তিতে উল্লিখিত অজ্ঞাত ব্যক্তির পরিচয় নিশ্চিত করার মতো পর্যাপ্ত সমর্থন ছিল না।

আদালত বলেন, যখন দুটি সমানভাবে সম্ভাব্য ব্যাখ্যা দাঁড়ায়, তখন নির্দোষতার পক্ষে থাকা ব্যাখ্যাটি গ্রহণ করতে হবে—যদি না অপরাধ প্রমাণে শক্তিশালী ও নির্ভরযোগ্য সাক্ষ্য থাকে।

হত্যার পরিকল্পনা ও দুই আসামির দায়

হাইকোর্টের মূল্যায়নে রহমত আলীকে তাঁর ধর্মীয় বিশ্বাস ও মাজারকেন্দ্রিক কর্মকাণ্ডের কারণে জেএমবির সদস্যরা লক্ষ্যবস্তু করেছিল। আদালতের মতে, মাসুদ রানা ও লিটন হত্যার পরিকল্পনায় যুক্ত ছিলেন।

মাসুদ রানা হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেন। অন্যদিকে লিটন সরাসরি হত্যাকাণ্ডে অংশ না নিলেও পরিকল্পনায় যুক্ত ছিলেন এবং হত্যার সময় অন্যদের সঙ্গে পাহারার দায়িত্ব পালন করে অপরাধ সংঘটনে সহায়তা করেন।

আদালত তাঁদের বিরুদ্ধে প্রমাণকে যথেষ্ট মনে করেন এবং নিম্ন আদালতের দণ্ডে হস্তক্ষেপের কারণ পাননি।

হাইকোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত

সব সাক্ষ্য-প্রমাণ, স্বীকারোক্তি, আলামত এবং সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করে হাইকোর্ট বিভাগ সিদ্ধান্ত দেন—

  • মো. মাসুদ রানা ও মো. লিটন মিয়ার মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে।
  • বিজয় ওরফে মো. মহাদ্দেস আলী, ইসহাক আলী, চান্দু মিয়া, সাখাওয়াত হোসেন ও সারওয়ার হোসেনের বিরুদ্ধে ডেথ রেফারেন্স প্রত্যাখ্যান করা হয়েছে।
  • তাঁদের দায়ের করা সংশ্লিষ্ট জেল আপিল ও ফৌজদারি আপিল মঞ্জুর করে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।
  • খালাসপ্রাপ্তদের অন্য কোনো মামলায় আটক রাখার প্রয়োজন না থাকলে অবিলম্বে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।

আইনি শিক্ষা

পরিস্থিতিগত সাক্ষ্যনির্ভর হত্যা মামলায় প্রতিটি আসামির বিরুদ্ধে প্রমাণের স্বতন্ত্র মূল্যায়ন অপরিহার্য। ভুল শনাক্তকরণ, অসংগত সাক্ষ্য কিংবা অপরাধের পরিকল্পনা সম্পর্কে জ্ঞানের অভাব—এসব বিষয় দণ্ড বহাল রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে স্বীকারোক্তি ও আলামত উদ্ধারের প্রমাণ গ্রহণের আগে আদালতকে তার স্বেচ্ছাপ্রদত্ততা, বিশ্বাসযোগ্যতা এবং অন্যান্য সাক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য সতর্কতার সঙ্গে পরীক্ষা করতে হবে।

সূত্র: হাইকোর্ট বিভাগের ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখের রায়, ডেথ রেফারেন্স নং ৩৩/২০১৮, রাষ্ট্র বনাম মো. মাসুদ রানা ও অন্যান্য।

বিডি ল’ পোস্ট / মাসুম


শেয়ার করুন

0 coment rios: