![]() |
| প্রাসঙ্গিক আইন: দেওয়ানি কার্যবিধি, ১৯০৮-এর অর্ডার ৭, রুল ১১ |
সম্প্রতি বিচারপতি শেখ আবদুল আওয়াল ও বিচারপতি এ কে এম রাবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ মো. সিরাজুল ইসলাম ও অন্যান্য বনাম শ্রী শ্রী মা ভবানী বিগ্রহ, প্রতিনিধিত্বকারী নৃপেন্দ্র নাথ দাস ও অন্যান্য, ফার্স্ট আপিল নং ৩২৫/২০০৭-এর রায়ে এ পর্যবেক্ষণ দেন। ২০২৬ সালের ২৮ অক্টোবর রায়টি ঘোষণা করা হয়। রায়টির পূর্ণাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয় ২৩ নভেম্বর, ২০২৬ তারিখে।
মামলার প্রেক্ষাপট
বগুড়ার যুগ্ম জেলা জজ, ১ম আদালতে অন্যান্য মামলা নং ২৮/২০০৬ দায়ের করেন বাদী মো. সিরাজুল ইসলাম ও অন্যান্য। মামলায় তারা পূর্ববর্তী অন্যান্য মামলা নং ৩৯/২০০২-এর ৩১ আগস্ট ২০০৫ তারিখের রায় এবং ৬ সেপ্টেম্বর ২০০৫ তারিখের ডিক্রি তাদের ওপর বাধ্যকর নয়—এ মর্মে ঘোষণামূলক ডিক্রি প্রার্থনা করেন।
বাদীদের বক্তব্য ছিল, মামলার তফসিলভুক্ত জমি সরকারি খাস খতিয়ান নং ১-এ রেকর্ডভুক্ত। তারা ও স্থানীয় অন্যান্য ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই জমি ভোগদখল করে আসছিলেন। সরকার থেকে নিবন্ধিত কবুলিয়ত ও বন্দোবস্তের দলিলের মাধ্যমে তারা জমির অধিকার ও স্বার্থ অর্জন করেন এবং সেখানে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছিলেন।
বাদীদের অভিযোগ, বিবাদী ১ ও ২ পূর্ববর্তী মামলায় তাদের পক্ষভুক্ত না করে এবং তাদের দখল ও বন্দোবস্তের বিষয় গোপন রেখে ডিক্রি লাভ করেন। পরে ওই ডিক্রির ভিত্তিতে জমি ছেড়ে দেওয়ার দাবি ও উচ্ছেদের হুমকি দেওয়া হয়।
নিম্ন আদালতে আরজি খারিজ
বিবাদীপক্ষ দেওয়ানি কার্যবিধির অর্ডার ৭, রুল ১১ অনুযায়ী আরজি খারিজের আবেদন করে। তাদের বক্তব্য ছিল, পূর্ববর্তী মামলায় সরকার পরাজিত হয়েছে এবং সেই মামলার রায় ও ডিক্রির বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদনও করা হয়েছে। ফলে বাদীদের বর্তমান মামলা অগ্রহণযোগ্য ও নিষ্ফল।
বগুড়ার যুগ্ম জেলা জজ, ১ম আদালত ২০০৭ সালের ২৬ জুলাই (ডিক্রি স্বাক্ষরিত ১৬ সেপ্টেম্বর ২০০৭) আবেদনটি মঞ্জুর করে আরজি খারিজ করেন।
এ আদেশের বিরুদ্ধে বাদীপক্ষ হাইকোর্টে ফার্স্ট আপিল দায়ের করে।
আপিলকারীদের বক্তব্য
আপিলকারীদের আইনজীবী আদালতে বলেন, অর্ডার ৭, রুল ১১-এর অধীনে আরজি খারিজের আবেদন নিষ্পত্তির সময় আদালতকে আরজির বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। কিন্তু নিম্ন আদালত আরজির বিষয়বস্তু যথাযথভাবে বিবেচনা না করে বিবাদীপক্ষের বক্তব্য ও নথির ওপর নির্ভর করে আরজি খারিজ করেছেন।
তারা আরও বলেন, পূর্ববর্তী মামলার রায় ও ডিক্রি আপিল বিভাগে merits-এর ভিত্তিতে বহাল হয়নি; বরং বিলম্ব ও তামাদির কারণে আবেদন খারিজ হয়েছিল। তাই ওই সিদ্ধান্তের ভিত্তিতে বর্তমান মামলাকে শুরুতেই নিষ্ফল বলা যায় না।
হাইকোর্টের পর্যবেক্ষণ
নথিপত্র ও আরজি পর্যালোচনা করে হাইকোর্ট দেখতে পান, নিম্ন আদালত মামলার প্রাথমিক পর্যায়েই কোনো ইস্যু গঠন না করে আরজি খারিজ করেছেন।
আদালত উল্লেখ করেন, অর্ডার ৭, রুল ১১-এর আবেদন বিবেচনার ক্ষেত্রে আদালতকে আরজির বক্তব্য সামগ্রিকভাবে পড়তে হবে। আরজির বাইরে গিয়ে বিবাদীপক্ষের বক্তব্য বা অন্যান্য বিষয় বিবেচনা করা আইনসম্মত নয়।
হাইকোর্ট আরও দেখতে পান, পূর্ববর্তী মামলা নং ৩৯/২০০২-এর রায় ও ডিক্রি আপিল বিভাগে merits-এর ভিত্তিতে বহাল হয়নি। সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং ২৪২৬/২০১২ এবং সিভিল রিভিউ পিটিশন নং ৫৩৮/২০১৬ বিলম্বের কারণে খারিজ হয়েছিল।
আদালতের মতে, এ ধরনের মামলায় পক্ষগুলোর pleadings থেকে উদ্ভূত ঘটনা ও আইনের প্রশ্নে ইস্যু গঠন করা প্রয়োজন ছিল। বিশেষ করে মামলাটি নিষ্ফল কি না অথবা res judicata নীতিতে বাধাগ্রস্ত কি না—এসব প্রশ্ন বিচার করা উচিত ছিল।
হাইকোর্ট বলেন, আরজির বক্তব্যে মামলার কারণ প্রকাশ পেয়েছে। তাই প্রাথমিক পর্যায়ে আরজি খারিজের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।
হাইকোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত
সব দিক বিবেচনা করে হাইকোর্ট—
- ফার্স্ট আপিল মঞ্জুর করেন;
- ২০০৭ সালের ২৬ জুলাই দেওয়া নিম্ন আদালতের রায় ও ডিক্রি বাতিল করেন;
- অন্যান্য মামলা নং ২৮/২০০৬ পুনরুজ্জীবিত করেন;
- ২০০৬ সালের পুরোনো মামলা হওয়ায় সংশ্লিষ্ট বিচারিক আদালতকে আইন অনুযায়ী দ্রুত বিচার ও নিষ্পত্তির নির্দেশ দেন।
আইনি শিক্ষা
অর্ডার ৭, রুল ১১-এর অধীনে plaint খারিজের আবেদন বিবেচনার সময় আদালতকে আরজির বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। আরজির বাইরে গিয়ে বিবাদীপক্ষের বক্তব্য বা প্রমাণের ভিত্তিতে মামলা খারিজ করা উচিত নয়। আরজির সামগ্রিক বক্তব্যে cause of action প্রকাশ পেলে, মামলার প্রকৃত বিরোধ নির্ধারণের জন্য ইস্যু গঠন ও বিচার প্রয়োজন।
সূত্র: হাইকোর্ট বিভাগের ২৮ অক্টোবর ২০২৬ তারিখের রায়, ফার্স্ট আপিল নং ৩২৫/২০০৭, মো. সিরাজুল ইসলাম ও অন্যান্য বনাম শ্রী শ্রী মা ভবানী বিগ্রহ ও অন্যান্য।
বিডি ল’ পোস্ট / মাসুম

0 coment rios: