![]() |
| ছবি: সংগৃহীত |
এ ছাড়া প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিচারপতি মো. আশরাফুল কামালের অবমাননাকর মন্তব্যের অভিযোগও তুলে ধরেছেন সংগঠনটির নেতারা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ আলটিমেটাম দেওয়া হয়।
সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল অভিযোগ করেন, বিচার বিভাগের ভেতরে এখনো ‘ফ্যাসিবাদের দোসরদের’ ষড়যন্ত্র চলছে। সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবনে কয়েকজন বিচারপতি বিকেল চারটার পর গোপনে বৈঠক করছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে। পর্যায়ক্রমে সংশ্লিষ্ট বিচারপতিদের নাম প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
গাজী কামরুল ইসলাম সজল বলেন, এসব তৎপরতা অবিলম্বে বন্ধ না হলে সংশ্লিষ্ট বিচারপতিদের বেঞ্চ থেকে সরানোর দাবিতে আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আপনারা যদি ষড়যন্ত্র বন্ধ না করেন, আমরা কিন্তু আপনাদের টেনে-হিঁচড়ে নামাবো বেঞ্চ থেকে।’
বিচারপতি মো. আশরাফুল কামালের প্রসঙ্গ তুলে এই আইনজীবী নেতা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ওই বিচারপতি ঔদ্ধত্যপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেছেন। এমন অভিযোগ ওঠার পরও তিনি কীভাবে বিচারকের দায়িত্ব পালন করছেন এবং সরকারি বেতন-ভাতা গ্রহণ করছেন, সে প্রশ্ন তোলেন তিনি।
প্রধান বিচারপতির উদ্দেশে গাজী কামরুল ইসলাম সজল বলেন, ২৪ ঘণ্টার মধ্যে চার বিচারপতিকে অব্যাহতি দিতে হবে। অন্যথায় বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি শেখ হাসান আরিফকে তাঁদের চেম্বার থেকে টেনে-হিঁচড়ে বের করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে বিচারপতিদের পরিবারের সদস্যদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও অভিযোগ তোলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা। তাঁদের দাবি, কয়েকজন বিচারপতির সন্তান বিদেশে অবস্থান করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পক্ষে প্রচার ও সমাবেশে অংশ নিচ্ছেন। এ সময় লন্ডনে শেখ হাসিনার সমর্থনে বিভিন্ন তৎপরতার বিষয়টিও তুলে ধরেন তাঁরা।
এ প্রসঙ্গে বিচারপতি জে বি এম হাসানের ছেলে হাসানের বিরুদ্ধে সম্প্রতি লন্ডনে শেখ হাসিনার পক্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার অভিযোগের কথাও আলোচনায় আসে।
বিচারপতি কে এম কামরুল কাদেরের প্রসঙ্গ তুলে গাজী কামরুল ইসলাম সজল বলেন, সরকারি চাকরিতে কোটা-সংক্রান্ত একটি রায় তিনি বিচারপতি খিজির হায়াতের সঙ্গে দিয়েছিলেন। পরবর্তী সময়ে বিচারপতি খিজির হায়াতকে বাদ দেওয়া হলেও বিচারপতি কে এম কামরুল কাদেরকে বহাল রাখা হয়েছে। একই ধরনের অভিযোগের ক্ষেত্রে ভিন্ন অবস্থান নেওয়া হয়েছে দাবি করে তিনি একে বৈষম্য হিসেবে উল্লেখ করেন।
সমাবেশে নাম প্রকাশ না করে আরও এক বিচারপতির বিরুদ্ধে অভিযোগ তুলে বলা হয়, তাঁর ছেলে বিদেশে শেখ হাসিনার পক্ষে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। এ কারণে সংশ্লিষ্ট বিচারপতিদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা।
এর আগে সমাবেশের শুরুতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সুপ্রিম কোর্টের মাজার গেট হয়ে বাংলাদেশ বার কাউন্সিল-সংলগ্ন গেট ঘুরে পুনরায় আইনজীবী সমিতি প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক মাহবুবুর রহমান খানসহ কয়েকশ আইনজীবী অংশ নেন।
এর আগে গত ১৮ নভেম্বর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক সমাবেশেও কয়েকজন বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গোপন বৈঠকের অভিযোগ তোলা হয়েছিল। সংগঠনটির দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজন বিচারপতি বিকেল চারটার পর সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবনের একটি কক্ষে বৈঠক করেন।
সূত্র: জাগোনিউজ২৪

0 coment rios: