![]() |
| ছবি: সংগৃহীত |
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১৪ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা বিচার বিভাগের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন। বিশেষ করে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারক সংকটের কারণে সৃষ্ট মামলাজট, আইনজীবীদের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং তাঁদের দাবিদাওয়া নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন।
এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়ে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন রাষ্ট্রপতি। এ সময় আইনজীবী সমিতির নেতারা সমিতির আসন্ন বার্ষিক ভোজ অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানালে রাষ্ট্রপতি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
নিজের রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ের স্মৃতিচারণা করে রাষ্ট্রপতি বলেন, বিশেষ করে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে আইনজীবীদের সহযোগিতা ও আন্তরিকতা তিনি গভীরভাবে স্মরণ করেন।
জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে মানবিক মূল্যবোধ বিকাশ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করার নতুন সুযোগ তৈরি হয়েছে।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষায় প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপর দাঁড় করানো জরুরি। একই সঙ্গে বিচার বিভাগ ও প্রশাসনের মধ্যে দূরত্ব তৈরি হওয়া উচিত নয়।
আইনজীবীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পেশাদারিত্ব ও সেবার মানসিকতা বজায় রেখে আইনজীবীরা সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন। আইনের শাসন ও গণতন্ত্রের পক্ষে তাঁদের আপসহীন অবস্থান বজায় রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি।
হিংসা ও প্রতিশোধের পরিবর্তে আইনের শাসনের পক্ষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থানের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি নতুন করে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তবে সবাই ঐক্যবদ্ধ থাকলে তাদের সেই প্রচেষ্টা সফল হবে না।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরাও উপস্থিত ছিলেন।
সূত্র: চ্যানেল আই অনলাইন

0 coment rios: