২৪ নভে, ২০২৬

মাসিক ভ্যাট রিটার্ন দাখিলে নতুন সময়সীমা, সংশোধন হলো আইন

ফাইল ছবি
মাসিক মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্কের রিটার্ন দাখিলের সময়সীমা এবং দাখিল পদ্ধতিতে সংশোধন এনেছে সরকার। এ লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর অধিকতর সংশোধন করে নতুন আইন প্রণয়ন করা হয়েছে।

গত ২২ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ সংশোধনী আইন প্রকাশ করা হয়। জাতীয় সংসদে প্রণীত আইনটি রাষ্ট্রপতির সম্মতি লাভের পর গেজেটে প্রকাশিত হয়েছে।

রিটার্ন দাখিলের সময়সীমা

সংশোধিত বিধান অনুযায়ী, নির্ধারিত কর মেয়াদ শেষ হওয়ার পর সাধারণভাবে ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে দাখিলপত্র জমা দিতে হবে।

তবে কর মেয়াদের ১৫তম দিন সরকারি ছুটির দিনে পড়লে পরবর্তী কার্যদিবসে দাখিলপত্র জমা দেওয়ার সুযোগ থাকবে।

এ ছাড়া সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কর মেয়াদ শেষ হওয়ার পর ২০ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার বিধান রাখা হয়েছে।

দাখিলপত্রে বিলম্বের সময়সীমা বৃদ্ধি

সংশোধনীতে আরও বলা হয়েছে, দাখিলপত্র দাখিলের সময়সীমা বৃদ্ধির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধান অনুসরণ করতে হবে। এ ছাড়া কোনো নির্ধারিত বা তালিকাভুক্ত ব্যক্তির ক্ষেত্রে বোর্ড, আদেশ বা আইনের আওতায় ইলেকট্রনিক মাধ্যমে দাখিলপত্র দাখিল বাধ্যতামূলক করতে পারবে।

সংশোধিত আইনের কার্যকারিতা

গেজেটে প্রকাশিত আইনটি ১ নভেম্বর ২০২৬ তারিখ থেকে কার্যকর হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সংশোধনীতে মূল আইনের ৬৪ ধারার পরিবর্তে নতুন বিধান প্রতিস্থাপন করা হয়েছে।

আইনটির মাধ্যমে ভ্যাট ও সম্পূরক শুল্কের দাখিলপত্র জমা দেওয়ার সময়সীমা এবং সংশ্লিষ্ট প্রক্রিয়া আরও নির্দিষ্ট করা হয়েছে।


শেয়ার করুন

0 coment rios: