২৪ নভে, ২০২৬

নির্দিষ্ট মেয়াদের সরকারি চুক্তি শেষ হলে চুক্তির পক্ষ কোনো প্রতিষ্ঠানের অনুকূলে স্বয়ংক্রিয়ভাবে নবায়নের দাবি করার অধিকার সৃষ্টি হয় না: হাইকোর্ট

ছবি: সংগৃহীত 
নির্দিষ্ট মেয়াদে সম্পাদিত সরকারি চুক্তির মেয়াদ শেষ হলে চুক্তির পক্ষ কোনো প্রতিষ্ঠান স্বয়ংক্রিয়ভাবে চুক্তি নবায়ন বা মেয়াদ বাড়ানোর অধিকার অর্জন করে না বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, চুক্তির মেয়াদকালে দায়িত্ব পালন করার অধিকার এবং চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তা পুনর্নবীকরণ বা সম্প্রসারণ দাবি করার অধিকার পৃথক বিষয়। চুক্তি বা প্রযোজ্য আইন স্পষ্টভাবে এমন অধিকার প্রদান না করলে কেবল পূর্বে চুক্তির অধীনে কাজ করার ভিত্তিতে সরকারকে চুক্তি নবায়নে বাধ্য করা যায় না।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. তৌফিক ইনাম ও বিচারপতি মাহমুদ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ ১৮ নভেম্বর ২০২৬ তারিখে মো. দেলওয়ার হোসেন দুলাল বনাম বাংলাদেশ ও অন্যান্য, রিট পিটিশন নং ১১৬৫১/২০২৪ মামলায় এ পর্যবেক্ষণ দেন।

মামলার প্রেক্ষাপট

মামলার আবেদনকারী পিমা অ্যাসোসিয়েটস লিমিটেডের মাধ্যমে সরকারের বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক আউটসোর্সিং কর্মী সরবরাহের দায়িত্ব পালন করতেন। সরকারের সঙ্গে তাঁর প্রতিষ্ঠানের চুক্তিটি ১ অক্টোবর ২০২২ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত এক বছরের জন্য সম্পাদিত হয়। পরবর্তীতে চুক্তির মেয়াদ বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত বহাল রাখা হয়।

২৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি স্মারক জারি করে জানায়, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর প্রতিষ্ঠানটি আর জনবল সরবরাহ করতে পারবে না। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদনকারী হাইকোর্টে রিট দায়ের করেন। তিনি চুক্তির মেয়াদ আরও এক বছর, অর্থাৎ ১ অক্টোবর ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত বাড়ানোর নির্দেশনা চেয়েছিলেন।

পরবর্তীতে ৩০ অক্টোবর ২০২৪ তারিখে চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে আরেকটি স্মারক জারি করা হলে সেটিও রিটের অতিরিক্ত আবেদনের মাধ্যমে চ্যালেঞ্জ করা হয়।

উভয় পক্ষের বক্তব্য

আবেদনকারীর বক্তব্য

আবেদনকারীর পক্ষে আইনজীবী মো. তাইজুল ইসলাম আদালতে যুক্তি উপস্থাপন করেন যে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পূর্ববর্তী নোটিশ প্রদান না করে জনবল সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত জানায়। অথচ চুক্তির শর্ত অনুযায়ী চুক্তি বাতিলের ক্ষেত্রে এক মাসের পূর্ববর্তী নোটিশ দেওয়ার বিধান ছিল।

আইনজীবী বলেন, চুক্তির নির্ধারিত শর্ত অনুসরণ না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ধরনের স্মারক জারি করতে পারে না। কর্তৃপক্ষের এ পদক্ষেপ চুক্তির শর্তবিরোধী, স্বেচ্ছাচারী ও আইনগতভাবে অবৈধ।

তিনি আরও যুক্তি দেন যে, আবেদনকারীর প্রতিষ্ঠান সরকারের বিভিন্ন দপ্তরে চুক্তি অনুযায়ী জনবল সরবরাহ করে আসছিল এবং এ চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো উচিত ছিল। তাই ২৩ সেপ্টেম্বর ২০২৪ ও ৩০ অক্টোবর ২০২৪ তারিখের স্মারকগুলো আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে চুক্তির মেয়াদ ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত বাড়ানোর নির্দেশনা দেওয়া উচিত।

সরকারের বক্তব্য

প্রতিপক্ষ নং ১-এর পক্ষে সিনিয়র আইনজীবী খালেদ হামিদ চৌধুরী আদালতে দাখিল করা এফিডেভিট-ইন-অপোজিশনের মাধ্যমে যুক্তি উপস্থাপন করেন যে, সংশ্লিষ্ট চুক্তিটি নির্দিষ্ট এক বছরের জন্য সম্পাদিত হয়েছিল এবং পরবর্তীতে তা ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছিল।

তিনি বলেন, সরকার চুক্তির মেয়াদকালে চুক্তিটি আগাম বাতিল করেনি। বরং চুক্তির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চুক্তিভিত্তিক সম্পর্কের অবসান ঘটেছে। ফলে চুক্তি বাতিলের ক্ষেত্রে এক মাসের পূর্ববর্তী নোটিশ দেওয়ার বিধান এখানে প্রযোজ্য নয়।

তিনি আরও যুক্তি দেন যে, জনবল সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে আবেদনকারীর চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর চুক্তি নবায়ন বা সম্প্রসারণ দাবি করার কোনো স্বতঃসিদ্ধ কিংবা আইনগতভাবে বলবৎযোগ্য অধিকার নেই। পূর্বে সরকারের বিভিন্ন দপ্তরে জনবল সরবরাহ করার বিষয়টি সরকারের ওপর চুক্তি নবায়নের বাধ্যবাধকতা সৃষ্টি করে না। তাই রুল খারিজ করা উচিত।

আদালতের পর্যবেক্ষণ

চুক্তির আগাম বাতিল ও স্বাভাবিক মেয়াদ শেষ হওয়া পৃথক বিষয়

আদালত পর্যবেক্ষণ দেন যে, কোনো চুক্তির মেয়াদকালে চুক্তি আগাম বাতিল করা এবং চুক্তির নির্ধারিত মেয়াদ পূর্ণ হওয়ার পর স্বাভাবিকভাবে চুক্তির অবসান হওয়া দুটি পৃথক আইনগত পরিস্থিতি। এ দুটিকে একইভাবে বিবেচনা করা যায় না।

কোনো চুক্তিতে এক মাসের পূর্ববর্তী নোটিশ দিয়ে চুক্তি বাতিল করার বিধান থাকলে সাধারণত তা চুক্তির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তিভিত্তিক সম্পর্কের অবসান ঘটানোর ক্ষেত্রে প্রযোজ্য হয়। তবে চুক্তিতে নির্দিষ্ট মেয়াদ উল্লেখ থাকলে এবং চুক্তির অন্য কোনো শর্তে ভিন্ন কিছু বলা না থাকলে নির্ধারিত সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চুক্তির অবসান ঘটতে পারে।

বর্তমান মামলায় সরকার ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখের আগে চুক্তিটি বাতিল করেনি। বরং চুক্তিটি তার নির্ধারিত মেয়াদ পর্যন্ত বহাল ছিল এবং মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চুক্তির অবসান ঘটে।

আদালত বলেন, ২৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখের স্মারকটি চুক্তির আগাম বাতিলের আদেশ নয়; বরং চুক্তির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর আবেদনকারীর সরবরাহ করা জনবল আর প্রয়োজন হবে না—এ বিষয়টি জানানো হয়েছিল।

চুক্তিতে স্পষ্টভাবে এমন বিধান না থাকলে এক মাসের পূর্ববর্তী নোটিশের শর্তকে চুক্তির স্বাভাবিক মেয়াদ শেষ হওয়ার আগেও নোটিশ প্রদানের বাধ্যবাধকতা হিসেবে ব্যাখ্যা করা যায় না। এমন ব্যাখ্যা করলে চুক্তিতে পক্ষগুলো যে শর্ত অন্তর্ভুক্ত করেনি, তা নতুন করে চুক্তির মধ্যে যুক্ত করা হবে।

চুক্তি নবায়নের স্বয়ংক্রিয় অধিকার নেই

আদালত আরও পর্যবেক্ষণ দেন যে, নির্দিষ্ট মেয়াদের চুক্তি সম্পাদনের মাধ্যমে চুক্তির কোনো পক্ষ চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে চুক্তি নবায়ন বা সম্প্রসারণ দাবি করার অবিচ্ছেদ্য অধিকার অর্জন করে না।

চুক্তির নির্ধারিত সময়ের মধ্যে চুক্তিগত দায়িত্ব পালন ও চুক্তি অনুযায়ী প্রাপ্য সুবিধা পাওয়ার অধিকার এবং চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর চুক্তি পুনর্নবীকরণে অপর পক্ষকে বাধ্য করার অধিকার পৃথক বিষয়।

আবেদনকারী নির্দিষ্ট সময়ের জন্য সরকারের সঙ্গে চুক্তি সম্পাদন করেছিলেন এবং ওই সময়ের মধ্যে চুক্তির শর্ত অনুযায়ী দায়িত্ব পালন ও প্রাপ্য অর্থ পাওয়ার অধিকার তাঁর ছিল। কিন্তু এ অধিকারকে চুক্তির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরও চুক্তি বহাল রাখার অধিকারে রূপান্তর করা যায় না, যদি চুক্তি বা প্রযোজ্য আইন স্পষ্টভাবে এমন অধিকার প্রদান না করে।

সরকারের বিভিন্ন দপ্তরে আবেদনকারীর সরবরাহ করা জনবল কার্যকর বা উপযোগী ছিল—এ বিষয়টিও একাই সরকারকে চুক্তি নবায়নে বাধ্য করার মতো আইনগত অধিকার সৃষ্টি করে না।

সরকারি চুক্তি নবায়নে বাধ্য নয়

আদালত বলেন, সরকারি কর্তৃপক্ষ চুক্তি সম্পাদন ও চুক্তিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ন্যায়সংগত, স্বচ্ছ এবং প্রযোজ্য আইন ও বিধি অনুসারে কার্যক্রম পরিচালনা করতে বাধ্য। তবে সরকারি কার্যক্রমে ন্যায়সংগত আচরণের বাধ্যবাধকতা থাকার অর্থ এই নয় যে, প্রতিটি নির্দিষ্ট মেয়াদের চুক্তি মেয়াদ শেষ হওয়ার পর অবশ্যই নবায়ন করতে হবে।

আবেদনকারী সরকারি ক্রয় বিধিমালা, ২০০৮-এর বিধানগুলোর ওপর নির্ভর করলেও আদালতের সামনে এমন কোনো নির্দিষ্ট বিধান উপস্থাপন করতে পারেননি, যা তাঁকে ৩০ সেপ্টেম্বর ২০২৪-এর পর চুক্তির মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়ানোর নিঃশর্ত অধিকার প্রদান করে।

সরকারি ক্রয়সংক্রান্ত বিধানগুলো এমনভাবে ব্যাখ্যা করা যায় না যে, বিদ্যমান সেবাদানকারী প্রতিষ্ঠানের অনুরোধে সরকারি কর্তৃপক্ষ সব ক্ষেত্রে চুক্তি নবায়নে বাধ্য থাকবে। চুক্তির মেয়াদ সম্প্রসারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট চুক্তির বিধান এবং প্রযোজ্য সরকারি ক্রয় বিধিমালার ভিত্তি থাকতে হবে।

এ ধরনের বলবৎযোগ্য আইনগত অধিকার না থাকলে আবেদনকারীর ইচ্ছার ভিত্তিতে সরকারকে চুক্তি অব্যাহত রাখতে বাধ্য করার জন্য সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে আদালত সাধারণত নির্দেশনা দিতে পারে না।

অন্তর্বর্তী আদেশ চুক্তি নবায়নের স্থায়ী অধিকার সৃষ্টি করে না

আদালত মামলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করেন। আবেদনকারী ১ অক্টোবর ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর নির্দেশনা চেয়েছিলেন। রিট দায়েরের পর আদালত ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে পক্ষগুলোকে স্থিতাবস্থা বজায় রাখার অন্তর্বর্তী আদেশ দেন, যা মামলার বিচারাধীন অবস্থায় ১৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত বহাল ছিল।

আদালত পর্যবেক্ষণ দেন যে, অন্তর্বর্তী আদেশ মূলত মামলার বিষয়বস্তু সংরক্ষণ এবং চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বিদ্যমান পরিস্থিতি বজায় রাখার জন্য দেওয়া হয়। এ ধরনের আদেশ নিজে থেকে কোনো পক্ষকে এমন মৌলিক বা চুক্তিগত অধিকার প্রদান করে না, যা চুক্তি বা প্রযোজ্য আইনে আগে থেকেই বিদ্যমান ছিল না।

স্থিতাবস্থা বজায় রাখার অন্তর্বর্তী আদেশকে চুক্তি নবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা যায় না। অন্তর্বর্তী আদেশ বহাল থাকার কারণে আবেদনকারী চুক্তির মেয়াদ বাড়ানোর আইনগত অধিকার অর্জন করেছেন—এমন ব্যাখ্যাও গ্রহণযোগ্য নয়।

আদালত আরও বলেন, আবেদনকারীর চাওয়া চুক্তির সম্প্রসারণের সময়সীমা ৩০ সেপ্টেম্বর ২০২৫ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। এ অবস্থায় অতীতের কোনো চুক্তির মেয়াদ পুনরায় বাড়ানোর নির্দেশ দেওয়া বা অন্তর্বর্তী আদেশের ভিত্তিতে পশ্চাৎমুখীভাবে চুক্তি নবায়ন করা সমীচীন নয়।

তবে অন্তর্বর্তী আদেশ বহাল থাকা অবস্থায় আবেদনকারীর প্রতিষ্ঠান প্রকৃতপক্ষে যে জনবল সরবরাহ করেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে সেবা গ্রহণ করেছে, তার আইনগত ও চুক্তিগত পরিণতি পৃথকভাবে বিবেচ্য হবে।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নবায়নের দাবি আদালতের হস্তক্ষেপযোগ্য নয়

আদালত সিদ্ধান্তে পৌঁছান যে, আবেদনকারীর চুক্তির মেয়াদ ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত বাড়ানোর আবেদন সময়ের পরিপ্রেক্ষিতে কার্যকর প্রতিকার প্রদানের সুযোগ হারিয়েছে। চুক্তির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে যাওয়ায় ওই মেয়াদ বাড়ানোর জন্য নতুন করে নির্দেশনা দেওয়ার কোনো কার্যকর উদ্দেশ্য অবশিষ্ট নেই।

৩০ অক্টোবর ২০২৪ তারিখের স্মারকটি পূর্ববর্তী সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে। আবেদনকারীর চুক্তি নবায়নের বলফযোগ্য অধিকার নেই এবং চুক্তির স্বাভাবিক মেয়াদ শেষ হওয়ার আগে পৃথক বাতিল নোটিশ দেওয়ার বাধ্যবাধকতাও ছিল না—এ সিদ্ধান্তের পর ওই স্মারকেও হস্তক্ষেপ করার কোনো স্বতন্ত্র আইনগত ভিত্তি আদালত খুঁজে পাননি।

আইনি শিক্ষা

- নির্দিষ্ট মেয়াদের চুক্তির স্বাভাবিক অবসান ও আগাম বাতিল এক বিষয় নয়: চুক্তির নির্ধারিত মেয়াদ শেষ হলে স্বাভাবিকভাবে চুক্তির অবসান ঘটতে পারে। আগাম বাতিলের ক্ষেত্রে প্রযোজ্য নোটিশের শর্ত স্বাভাবিক মেয়াদ শেষ হওয়ার ক্ষেত্রেও প্রযোজ্য হবে—এমন নয়, যদি চুক্তিতে স্পষ্টভাবে তা বলা না থাকে।

- চুক্তি নবায়নের অধিকার স্বয়ংক্রিয় নয়: নির্দিষ্ট মেয়াদের চুক্তি সম্পাদন করা বা চুক্তির অধীনে সন্তোষজনকভাবে দায়িত্ব পালন করা পরবর্তী মেয়াদে চুক্তি নবায়নের বলফযোগ্য অধিকার সৃষ্টি করে না।

- চুক্তির শর্তের বাইরে নতুন বাধ্যবাধকতা আরোপ করা যায় না: চুক্তিতে যে শর্ত অন্তর্ভুক্ত করা হয়নি, আদালত ব্যাখ্যার মাধ্যমে সাধারণত তা নতুন করে চুক্তির অংশ হিসেবে যুক্ত করতে পারে না।

- সরকারি ক্রয় বিধিমালা চুক্তি নবায়নের স্বয়ংক্রিয় নিশ্চয়তা নয়: সরকারি চুক্তি সম্প্রসারণের জন্য সংশ্লিষ্ট চুক্তি ও প্রযোজ্য বিধিমালায় আইনগত ভিত্তি থাকতে হবে।

- অন্তর্বর্তী আদেশ মৌলিক অধিকার সৃষ্টি করে না: মামলার বিচারাধীন অবস্থায় স্থিতাবস্থা বজায় রাখার আদেশ কোনো পক্ষকে চুক্তি নবায়নের স্থায়ী বা চূড়ান্ত অধিকার প্রদান করে না।

- প্রকৃত সেবা প্রদান ও সেবা গ্রহণের পাওনা পৃথকভাবে বিবেচ্য: চুক্তি নবায়নের অধিকার না থাকলেও চুক্তি বা অন্তর্বর্তী আদেশের আওতায় প্রকৃতপক্ষে সরবরাহ করা জনবল ও গৃহীত সেবার জন্য আইনগতভাবে প্রাপ্য অর্থ পরিশোধের দায় বহাল থাকতে পারে।

রায়ের ফলাফল

হাইকোর্ট আবেদনকারীর দায়ের করা রুলের কোনো মেরিট খুঁজে পাননি এবং রুল ডিসচার্জ করেন। ২৩ সেপ্টেম্বর ২০২৪ ও ৩০ অক্টোবর ২০২৪ তারিখের স্মারকগুলোর মধ্যে আইনগত কোনো অসংগতিও আদালত খুঁজে পাননি। পূর্বে দেওয়া স্থিতাবস্থা বজায় রাখার অন্তর্বর্তী আদেশ বাতিল করা হয়।

তবে আদালত সংশ্লিষ্ট প্রতিপক্ষকে নির্দেশ দেন, চুক্তির অধীনে প্রকৃতপক্ষে সরবরাহ করা জনবল ও গৃহীত সেবার জন্য কোনো বকেয়া অর্থ থাকলে তা চুক্তির শর্ত ও প্রযোজ্য আইন অনুযায়ী নির্ধারণ করে রায়ের সার্টিফায়েড কপি প্রাপ্তির ৬০ দিনের মধ্যে পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আদালত মামলায় কোনো খরচের আদেশ দেননি।

বিডি ল' পোস্ট/মাসুম


শেয়ার করুন

0 coment rios: