![]() |
| ছবিঃ সংগৃহীত |
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. তৌফিক ইনাম ও বিচারপতি মাহমুদ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ ১৫ নভেম্বর ২০২৬ তারিখে মো. রুম্মান আলী বনাম বাংলাদেশ ও অন্যান্য, রিট পিটিশন নং ১২৮৬১/২০১৭ মামলায় এ পর্যবেক্ষণ দেন। রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয় ২৪ নভেম্বর, ২০২৬ তারিখে।
মামলার প্রেক্ষাপট
চাঁপাইনবাবগঞ্জের একটি চাল উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠানের মালিক মো. রুম্মান আলীর বিরুদ্ধে বিদ্যুৎ মিটার অপসারণ ও অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে বিদ্যুৎ আইন, ১৯১০-এর ৩৯এ ও ৪০এ ধারায় বিদ্যুৎ মামলা নং ২৯/২০১৬ দায়ের করা হয়।
পরবর্তীতে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বিদ্যুতের কথিত ক্ষতির ক্ষতিপূরণ হিসেবে ৯৬ লাখ ৫৭ হাজার ৪০৩ টাকা দাবি করা হয়। এ অর্থের একটি অংশ জমা দেওয়ার পাশাপাশি আরও ২৫ লাখ টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, অন্যথায় তাঁর জামিন বাতিল হতে পারে বলে জানানো হয়।
এ অবস্থায় মামলাটির কার্যক্রম এবং ক্ষতিপূরণ আদায়ের দাবির বৈধতা চ্যালেঞ্জ করে সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে রিট দায়ের করা হয়।
আদালতের পর্যবেক্ষণ
হাইকোর্ট প্রথমে বিবেচনা করেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৪৭ ধারায় কমিশন কর্তৃক অনুমোদিত কর্মকর্তার লিখিত অভিযোগ ছাড়া আদালত কোনো অপরাধের বিচারার্থে আমলে নিতে পারে না—এই বিধান বিদ্যুৎ আইন, ১৯১০-এর ৩৯এ ও ৪০এ ধারায় দায়ের করা মামলার ক্ষেত্রেও প্রযোজ্য কি না।
আদালত বলেন, এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৪৭ ধারার লিখিত অভিযোগের বাধ্যবাধকতা ওই আইনের অধীন অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য। বিদ্যুৎ চুরিসহ বিদ্যুৎ-সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে বিদ্যুৎ আইন, ১৯১০-এর বিধান অনুসারে মামলা পরিচালিত হলে সংশ্লিষ্ট আইনের নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
আদালত আরও উল্লেখ করেন, বিদ্যুৎ আইন, ১৯১০-এর ৫০(১) ধারায় নির্দিষ্ট অপরাধগুলোকে আমলযোগ্য হিসেবে ঘোষণা করা হয়েছে এবং ৫০(৩) ধারায় সংশ্লিষ্ট লাইসেন্সধারী প্রতিষ্ঠানের সহকারী প্রকৌশলী বা তদূর্ধ্ব কর্মকর্তাকে নির্দিষ্ট অপরাধের ক্ষেত্রে মামলা দায়ের করার ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে এনার্জি রেগুলেটরি কমিশনের অনুমোদিত কর্মকর্তার পৃথক লিখিত অভিযোগ না থাকার কারণে সংশ্লিষ্ট ফৌজদারি মামলার কার্যক্রম অবৈধ হয়ে যায় না।
ক্ষতিপূরণ ও ফৌজদারি জরিমানা পৃথক বিষয়
ক্ষতিপূরণের দাবির বিষয়ে আদালত বলেন, বিদ্যুৎ আইন অনুযায়ী কোনো অপরাধের জন্য কারাদণ্ড বা জরিমানা আরোপের ফৌজদারি দায় এবং বিদ্যুৎ ব্যবহারের ফলে সৃষ্ট কথিত ক্ষতির ক্ষতিপূরণ প্রদান—দুটি পৃথক আইনগত বিষয়।
আদালতের মতে, বিদ্যুৎ বিভাগের দাবিকৃত ক্ষতিপূরণের অর্থকে কেবল দাবির ভিত্তিতে বিদ্যুৎ আইন, ১৯১০-এর ৩৯এ বা ৪০এ ধারার অধীন ফৌজদারি জরিমানা হিসেবে গণ্য করা যাবে না। ক্ষতিপূরণ নির্ধারণ ও আদায়ের জন্য পৃথক আইনগত ভিত্তি থাকতে হবে। স্পষ্ট আইনগত ক্ষমতা ছাড়া ক্ষতিপূরণের দাবিকে ফৌজদারি দণ্ডে রূপান্তর করা বা দণ্ড হিসেবে আদায় করা যায় না।
তবে আদালত ৯৬ লাখ ৫৭ হাজার ৪০৩ টাকা ক্ষতিপূরণের দাবির বৈধতা, সঠিকতা কিংবা পরিমাণ সম্পর্কে কোনো মতামত দেননি। এ অর্থ নির্ধারণ ও আদায়ের বিষয়টি আইন অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ বা আদালতে নিষ্পত্তির জন্য উন্মুক্ত রেখেছেন।
ক্ষতিপূরণ জমা দেওয়ার শর্তে জামিন দেওয়া বা বাড়ানোর ক্ষমতা নেই
হাইকোর্ট স্পষ্টভাবে বলেন, বিদ্যুৎ আইন, ১৯১০-এর ৩৯এ বা ৪০এ ধারার অধীনে ম্যাজিস্ট্রেটের ক্ষতিপূরণের অর্থ নির্ধারণ বা আদায়ের ক্ষমতা নেই। একইভাবে, আইন দ্বারা স্পষ্টভাবে ক্ষমতা প্রদান না করা হলে জামিন মঞ্জুর করা বা জামিনের মেয়াদ বাড়ানোর শর্ত হিসেবে দাবিকৃত ক্ষতিপূরণের পুরো অর্থ বা আংশিক অর্থ জমা দেওয়ার নির্দেশও দেওয়া যাবে না।
আদালত বলেন, ফৌজদারি মামলায় জামিন প্রদানের ক্ষমতা এমন কোনো বিতর্কিত আর্থিক দাবি আদায়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা যাবে না, যা ম্যাজিস্ট্রেটের আইনগত এখতিয়ারের বাইরে। এ ধরনের শর্ত আরোপ করা হলে তা আইন দ্বারা আদালতের ওপর অর্পিত নয় এমন এখতিয়ার প্রয়োগের শামিল হবে।
রায়ের ফলাফল
হাইকোর্ট সিদ্ধান্ত দেন যে, এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৪৭ ধারায় অনুমোদিত কর্মকর্তার লিখিত অভিযোগ না থাকার কারণে বিদ্যুৎ আইন, ১৯১০-এর ৩৯এ ও ৪০এ ধারায় দায়ের করা মামলাটির কার্যক্রম অবৈধ নয়। ফলে রিটের রুল খারিজ করা হয়।
তবে ম্যাজিস্ট্রেটের ফৌজদারি এখতিয়ারকে বিদ্যুৎ ক্ষতির ক্ষতিপূরণ নির্ধারণ বা আদায় কিংবা জামিনের শর্ত হিসেবে বিতর্কিত ক্ষতিপূরণ আদায়ের ক্ষেত্রে সম্প্রসারিত করা যাবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন অনুযায়ী উপযুক্ত আদালতে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা নিতে পারবে।
আদালত সংশ্লিষ্ট বিচারিক আদালতকে বিদ্যুৎ মামলা নং ২৯/২০১৬ দ্রুত আইন অনুযায়ী নিষ্পত্তির নির্দেশ দেন। পূর্ববর্তী অন্তর্বর্তী আদেশও প্রত্যাহার করা হয়।
বিডি ল' পোস্ট/মাসুম

0 coment rios: