১ নভে, ২০২৬

৫ শতাধিক আইনজীবীকে সনদ স্থগিতের আল্টিমেটাম চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির

ছবি: সংগৃহীত 
আইন পেশার বাইরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানে চাকরিতে নিয়োজিত থাকা পাঁচ শতাধিক আইনজীবীকে তাঁদের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সনদ স্থগিত করার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। এ জন্য আগামী ১২ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় আবেদন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সমিতি।

সমিতি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে বর্তমানে প্রায় ৯ হাজার সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে পাঁচ শতাধিক সদস্য বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা কোম্পানি ও অন্যান্য সংস্থায় বেতনভুক্ত পদে কর্মরত রয়েছেন। এ অবস্থায় আইন পেশায় সক্রিয় না থেকেও আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সনদ বহাল রাখার বিষয়টি নিয়ে উদ্যোগ নিয়েছে সমিতি।

১ নভেম্বর জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে বেতনভুক্ত পদে কর্মরত সদস্যদের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সনদ স্থগিতের জন্য নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব সদস্য আগে মৌখিকভাবে কিংবা নির্ধারিত ফরম ব্যবহার না করে সনদ স্থগিতের আবেদন করেছেন, তাঁদেরও নতুন করে নির্ধারিত ফরমে আবেদন জমা দিতে হবে। এ ক্ষেত্রে আবেদনের সঙ্গে বাংলাদেশ বার কাউন্সিলের নির্ধারিত ফরম, নিয়োগপত্র ও যোগদানপত্র সংযুক্ত করতে হবে। পাশাপাশি ব্যাংক ফি বাবদ ২ হাজার ১০০ টাকা জমা দিতে হবে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সমিতির পক্ষ থেকে আগে ফি জমা দেওয়ার বিষয়টি জানানো না হলেও পরবর্তী সময়ে বাংলাদেশ বার কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে সদস্যদের অবহিত করা হয়েছে।

সমিতির বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, বেতনভুক্ত চাকরিতে নিয়োজিত থাকার তথ্য গোপন করে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সনদ বহাল রাখলে সংশ্লিষ্ট সদস্যদের তালিকা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ বার কাউন্সিলে পাঠানো হতে পারে।

এ ছাড়া বেতনভুক্ত চাকরিতে নিয়োজিত থেকেও সমিতির বার্ষিক চাঁদা পরিশোধ করে সমিতির সুযোগ-সুবিধা গ্রহণের বিষয়েও আপত্তি জানিয়েছে কর্তৃপক্ষ। সমিতির গঠনতন্ত্র অনুযায়ী, এ ধরনের সদস্যরা ভবিষ্যতে সমিতির সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী হবেন না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সূত্র: চট্টগ্রাম আইনজীবী সমিতির বিজ্ঞপ্তি, কালবেলা


শেয়ার করুন

0 coment rios: