৫ নভে, ২০২৬

তাহসিফ হত্যা মামলায় জেরিকার দ্বিতীয় দফায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর

ছবি: সংগৃহীত 
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির (২৭) মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনিস দিশার (১৯) দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৪ নভেম্বর) চার দিনের প্রথম দফার রিমান্ড শেষে জেরিকাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১ নভেম্বর একই আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন জেরিকার প্রথম দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার পর তাহসিফ তাঁর বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হন। রাত গভীর হলেও তিনি বাসায় না ফেরায় তাঁর মা বারবার ফোনে যোগাযোগ করেন। তখন তাহসিফ কিছুক্ষণের মধ্যে ফিরে আসবেন বলে জানান। পরে রাত ১টা ৩৫ মিনিটে তাঁর ফোন থেকে মায়ের মেসেঞ্জারে একটি ভয়েস বার্তা পাঠানো হয়। এতে বলা হয়, ‘রওনা দিয়েছি, আসছি।’ তবে রাত পেরিয়ে পরদিন বিকেল হলেও তিনি আর বাসায় ফেরেননি।

এজাহারে আরও বলা হয়, ২৮ অক্টোবর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে উত্তরখান থেকে নৌ-পুলিশ ফোন করে তাহসিফের বাবাকে জানায়, রাজারবাড়ি ঘাট এলাকায় তুরাগ নদ থেকে তাঁর ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্তের প্রাথমিক কার্যক্রম শেষে ২৯ অক্টোবর দুপুরে নৌ-পুলিশ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে। ওই দিন বিকেলে উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে ধর্মীয় রীতি অনুসরণ করে তাহসিফকে দাফন করা হয়।

এ ঘটনায় গত ৩১ অক্টোবর তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম রাজধানীর উত্তরখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় জেরিকা তাসনিস দিশাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।

সূত্র: বাসস


শেয়ার করুন

0 coment rios: