৬ অক্টো, ২০২৬

আদালত থেকে আবারও পালালেন সেই শরিফ

ছবি: সংগৃহীত 
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে শরিফুল ইসলাম নামে এক আসামি আবারও পালিয়ে গেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে হাজিরা শেষে তাকে হাজতখানায় নেওয়ার পথে এ ঘটনা ঘটে।

এর আগে ২০২৫ সালের জুনেও ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার সময় পুলিশ সদস্যকে মারধর করে হাতকড়া খুলে পালিয়েছিলেন তিনি।

আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৯ জুন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে পুলিশ সদস্যকে আঘাত করে হাতকড়া খুলে পালিয়ে যান শরিফুল ইসলাম। ওই ঘটনায় সেদিনই হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

ওই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকায় মঙ্গলবার শরিফুলকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে তোলা হয়। তবে কোনো সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় সেদিন সাক্ষ্য গ্রহণ করা সম্ভব হয়নি।

পরে ডিএমপির প্রসিকিউশন বিভাগে কর্মরত কনস্টেবল আব্দুল আলিম শরিফুলকে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় কৌশলে হাতকড়া খুলে তিনি আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, কোতোয়ালি থানার মামলার হাজতি আসামি শরিফুল ইসলাম কৌশলে হাতকড়া খুলে পালিয়ে গেছেন। মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকায় তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল।


সূত্র: সমকাল (০৬.১০.২০২৬)


শেয়ার করুন

0 coment rios: