৪ অক্টো, ২০২৬

পান রপ্তানিতে সমিতির প্রত্যয়নপত্রের বাধ্যবাধকতা স্থগিত করলেন চেম্বার আদালত

ছবি: সংগৃহীত 
পান রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির প্রত্যয়নপত্র বাধ্যতামূলক করে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। রোববার (৪ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার জজ মো. রেজাউল হক শুনানি শেষে এ আদেশ দেন।

আদেশের ফলে বর্তমানে পান রপ্তানির জন্য বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির প্রত্যয়নপত্র সংগ্রহের যে বাধ্যবাধকতা তৈরি হয়েছিল, তা আর কার্যকর থাকছে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তার মতে, এর ফলে পান রপ্তানির ক্ষেত্রে সৃষ্ট আইনগত বাধা আপাতত দূর হয়েছে।

এর আগে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ গত ৬ আগস্ট আদেশ দেন, সমিতির প্রত্যয়নপত্র ছাড়া বাংলাদেশ থেকে পান রপ্তানি করা যাবে না। ওই আদেশের পর পান রপ্তানির ক্ষেত্রে সমিতির প্রত্যয়নপত্র গ্রহণের শর্তটি বাধ্যতামূলক হয়ে পড়ে।

হাইকোর্টের ওই আদেশের কার্যকারিতা নিয়ে আপত্তি তুলে রাষ্ট্রের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয় আপিল বিভাগে লিভ টু আপিল আবেদন করে। শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের ৬ আগস্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেন।

ফলে আপাতত পান রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির প্রত্যয়নপত্র নেওয়ার বাধ্যবাধকতা থাকছে না। তবে এ বিষয়ে আপিল বিভাগের পরবর্তী কার্যক্রম ও চূড়ান্ত সিদ্ধান্তের ওপর বিষয়টির ভবিষ্যৎ নির্ভর করবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তাকে সহযোগিতা করেন মন্ত্রণালয়ের আইনজীবী অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম।

অন্যদিকে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ফিদা এম কামাল ও অ্যাডভোকেট ফয়সল মোহাম্মদ ফায়েজী।


বিডিএলপিবি/মাসুম 

সূত্র: গণমাধ্যমে প্রদত্ত অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎকার


শেয়ার করুন

0 coment rios: