![]() |
| ছবি: সংগৃহীত |
আন্তর্জাতিক বিচার আদালতের এই সিদ্ধান্তের বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ, আদালত প্রতিষ্ঠার পর এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য আন্তর্জাতিকভাবে দায়ী করা হলো। গাম্বিয়ার করা মামলায় ১৫ বিচারকের মধ্যে ৯ জনের সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে এ রায় দেওয়া হয়।
কী ঘটেছিল ২০১৭ সালে?
২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু হয়। ওই অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হন। নারী ও শিশুরা যৌন সহিংসতা ও ভয়াবহ নির্যাতনের শিকার হন। পুড়িয়ে দেওয়া হয় অসংখ্য বাড়িঘর ও গ্রাম।
প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। তাঁদের অনেকেই কক্সবাজারের বিভিন্ন শরণার্থীশিবিরে আশ্রয় নেন। এর আগে ২০১৬ সালেও রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান ও সহিংসতার ঘটনা ঘটে।
মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি ছিল, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে নিরাপত্তা অভিযান পরিচালনা করা হয়েছিল। তবে আইসিজে উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা করে সিদ্ধান্তে পৌঁছেছেন যে, রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায় থেকেই এসব কর্মকাণ্ড পরিচালিত হয়েছিল।
আইসিজের রায়ে কী বলা হয়েছে?
আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের হত্যা, ব্যাপক যৌন সহিংসতা এবং শিশুদের ওপর চরম নির্যাতন চালিয়েছে। পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে রোহিঙ্গাদের বসতবাড়ি ও গ্রাম। এসব কর্মকাণ্ডের পাশাপাশি রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যও গণহত্যার অভিপ্রায় নির্ধারণে বিবেচনায় নেওয়া হয়েছে।
আদালত আরও বলেছেন, গণহত্যা প্রতিরোধ, অপরাধীদের শাস্তি নিশ্চিত এবং এ-সংক্রান্ত আন্তর্জাতিক সনদের বাধ্যবাধকতা বাস্তবায়নে প্রয়োজনীয় আইন প্রণয়নের ক্ষেত্রেও মিয়ানমার ব্যর্থ হয়েছে। পাশাপাশি গণহত্যার অভিযোগ-সংক্রান্ত আলামত সংরক্ষণে আদালতের আগের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন না করার বিষয়টিও উঠে এসেছে।
রায়ের ফলে মিয়ানমারের কী করণীয়?
আইসিজের রায়ে মিয়ানমারকে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—
১. গণহত্যা সনদের অধীনে চলমান লঙ্ঘন বন্ধ করা এবং সনদের বাধ্যবাধকতা বাস্তবায়নে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা।
২. গণহত্যার সঙ্গে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে—এমন ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে ও কার্যকর তদন্ত করা। অভিযোগ প্রমাণিত হলে তাঁদের বিচার ও শাস্তি নিশ্চিত করা।
৩. ভবিষ্যতে এ ধরনের অপরাধ যাতে আর না ঘটে, সে জন্য কার্যকর নিশ্চয়তা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা।
৪. বাংলাদেশসহ বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা করা।
৫. বাস্তুচ্যুত রোহিঙ্গা পরিবারগুলোর পুনর্মিলন নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত সম্পত্তি ফেরত দেওয়া বা তার বিকল্প ব্যবস্থা গ্রহণ করা।
৬. নিখোঁজ ব্যক্তিদের সন্ধান, যথাযথ দাফন এবং শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের ব্যবস্থা করা।
৭. গণহত্যার কারণে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠী ও ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া।
তবে ক্ষতিপূরণের পরিমাণ এবং কী পদ্ধতিতে তা দেওয়া হবে, সে বিষয়ে আদালত পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত নেবেন। এ জন্য রায় ঘোষণার দুই বছরের মধ্যে, অর্থাৎ ২০২৮ সালের ১৯ নভেম্বরের মধ্যে মিয়ানমারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনসংক্রান্ত ব্যবস্থা নিয়ে আদালতে প্রতিবেদন জমা দিতে হবে।
রোহিঙ্গাদের কি নিরাপদে ফিরিয়ে নেওয়া সম্ভব?
ঐতিহাসিক এই রায়ের পরও রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। বিশেষ করে রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা এবং মৌলিক অধিকার নিশ্চিত না হলে তাঁদের প্রত্যাবাসন কার্যকর করা কঠিন। ফলে আইসিজের রায় প্রত্যাবাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ আইনি ভিত্তি তৈরি করলেও বাস্তবে তা কার্যকর করতে মিয়ানমারের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন।
রায় বাস্তবায়ন না করলে কী হবে?
আন্তর্জাতিক বিচার আদালতের রায় সংশ্লিষ্ট রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক। ফলে মিয়ানমারের ওপর রায় বাস্তবায়নের আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা রয়েছে। তবে আইসিজের সরাসরি শাস্তি কার্যকর করার ব্যবস্থা নেই।
মিয়ানমার রায় বাস্তবায়নে ব্যর্থ হলে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপনের সুযোগ রয়েছে। তবে নিরাপত্তা পরিষদের যেকোনো কার্যকর পদক্ষেপ রাজনৈতিক পরিস্থিতি এবং সদস্যরাষ্ট্রগুলোর অবস্থানের ওপর নির্ভর করবে।
এ ছাড়া আইসিজে রাষ্ট্রের আন্তর্জাতিক দায় নির্ধারণ করে; ব্যক্তিগতভাবে কোনো সেনা কর্মকর্তা বা রাজনৈতিক নেতাকে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত করে না। নির্দিষ্ট ব্যক্তিদের অপরাধের বিচার পৃথক আন্তর্জাতিক বা জাতীয় ফৌজদারি বিচারপ্রক্রিয়ার মাধ্যমে হতে হবে।
রোহিঙ্গাদের জন্য ঐতিহাসিক স্বীকৃতি, তবে লড়াই শেষ নয়
আইসিজের এই রায় রোহিঙ্গাদের ওপর সংঘটিত নির্যাতন ও বাস্তুচ্যুতির বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ আইনি স্বীকৃতি। দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের অপেক্ষায় থাকা রোহিঙ্গাদের জন্য এটি বড় অর্জন হলেও তাঁদের জীবনে তাৎক্ষণিক পরিবর্তন আসবে এটার নিশ্চয়তা নেই।
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, নাগরিকত্ব ও সমান অধিকার নিশ্চিত করা, ক্ষতিপূরণ প্রদান এবং দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। ফলে এই রায় ন্যায়বিচারের চূড়ান্ত পরিণতি নয়, বরং রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
তথ্যসূত্র: আল জাজিরা, বিবিসি, আন্তর্জাতিক বিচার আদালতের (ICJ) ১৯ নভেম্বর ২০২৬-এর রায়ের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি এবং হিউম্যান রাইটস ওয়াচ।
বিডি ল' পোস্ট/মাসুম