![]() |
| ছবি: সংগৃহীত |
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, বিজ্ঞ আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রবেশ ও বহির্গমন গেট নিয়ন্ত্রণ, পরিচয়পত্র যাচাই এবং প্রবেশপথে নিয়মিত নিরাপত্তা তল্লাশি জোরদার করা প্রয়োজন।
নতুন নির্দেশনায় গেট ব্যবহারের ক্ষেত্রে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ ও বহির্গমনের জন্য শুধু মাজার গেট এবং আউটার গেট (বার কাউন্সিল ভবনসংলগ্ন গেট) ব্যবহার করতে হবে। ন্যায় সরণি গেট দিয়ে একমুখী চলাচল করতে হবে। অর্থাৎ, শুধু সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে বের হওয়ার জন্য এ গেট ব্যবহার করা যাবে। প্রশাসনিক ভবনের মসজিদসংলগ্ন গেট সার্বক্ষণিক বন্ধ থাকবে।
পরিচয়পত্র বহন বাধ্যতামূলক
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশের সময় বিজ্ঞ আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিকে অবশ্যই পরিচয়পত্র বা জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রবেশপথে প্রয়োজনে তা প্রদর্শন করতে হবে।
জোরদার হচ্ছে নিরাপত্তা তল্লাশি
নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রবেশপথে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রয়োজন অনুযায়ী আগত ব্যক্তিদের তল্লাশি করবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করা হয়েছে।
বিজ্ঞপ্তিটি বাস্তবায়নের জন্য সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট কর্মকর্তা, রেজিস্ট্রার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অনুলিপি পাঠানো হয়েছে।
সূত্র: সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি

0 coment rios: