![]() |
| ছবি: সংগৃহীত |
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ-এ-মওলা সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। অধ্যক্ষ পদে নিয়োগপ্রত্যাশী এক প্রার্থীর করা রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল খারিজ করে আদালত এসব নির্দেশনা দেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া। কারিগরি শিক্ষা অধিদপ্তরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ রাফিউল ইসলাম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জে আর খান রবিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. হুমায়ুন হোসেন তুহিন, ফারহানা আবেদিন ও শারমিন হামিদ।
মামলার বিবরণে জানা যায়, কিশোরগঞ্জের হোসেনপুর কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা ইনস্টিটিউটে অধ্যক্ষ নিয়োগের পরীক্ষায় অংশ নিয়ে লিখিত ও মৌখিক—উভয় পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন মো. জাহাঙ্গীর আলম। তবে ম্যানেজিং কমিটি কোরাম সংকটের অজুহাতে তাঁকে নিয়োগ দেয়নি। এ ঘটনায় ২০১৯ সালে হাইকোর্টে রিট দায়ের করেন তিনি।
রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত রুল খারিজ করে রায় দেন। একই সঙ্গে আদালত পর্যবেক্ষণ করেন, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির বিরুদ্ধে এ ধরনের রিট গ্রহণযোগ্য নয়।
রায়ের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জে আর খান রবিন জানান, আদালত নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও যোগ্য প্রার্থীর অধিকার নিশ্চিত করতে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন।
রায়ে আদালতের নির্দেশনা
আদালত বলেছেন, কোনো আবেদনকারী আইনানুগ নিয়োগপ্রক্রিয়ায় স্কুল বা কলেজে নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হলে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি কিংবা কমিটির কোনো সদস্য যৌক্তিক কারণ ছাড়া তাঁকে নিয়োগ থেকে বঞ্চিত করতে পারবেন না।
যোগ্য প্রার্থীকে অযৌক্তিকভাবে নিয়োগ না দিলে সংশ্লিষ্ট কমিটি বা ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।
এ ছাড়া নিয়োগপ্রক্রিয়ায় আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বাতিল, সংশ্লিষ্ট শিক্ষকের এমপিও স্থগিত এবং প্রয়োজনীয় অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টিও রায়ে উল্লেখ করা হয়েছে।
রায়ের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন হাইকোর্ট।
সূত্র: জাগো নিউজ ২৪

0 coment rios: