![]() |
| ছবি: সংগৃহীত |
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ আদেশ দেন। আদেশ অনুযায়ী, সাবেক বিচারপতি নাইমা হায়দারকে আগামী ৩১ জানুয়ারির মধ্যে তাঁর ব্যাখ্যা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে হবে।
১৯টি রিটের নথি পর্যালোচনায় অনিয়ম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ৬০ শতাংশ নারী কোটা যথাযথভাবে অনুসরণ না করার অভিযোগে ২০২০ সালে কয়েকজন চাকরিপ্রত্যাশী হাইকোর্টে রিট করেন। এসব রিটের শুনানি শেষে ২০২৩ সালের ৯ আগস্ট বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রায় দেন।
রায়ে লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যোগ্য বিবেচিত রিট আবেদনকারীদের নিয়োগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী সময়ে প্রাথমিক শিক্ষক নিয়োগসংক্রান্ত আরও কয়েকটি রিটের শুনানি ও নিষ্পত্তি হয়।
এসব রায়ের বিরুদ্ধে সরকারপক্ষ আপিল ও লিভ টু আপিল করে। শুনানির সময় রিটগুলোর নিষ্পত্তি প্রক্রিয়ায় কিছু অনিয়ম ও অসংগতি আদালতের নজরে আসে। এরপর সংশ্লিষ্ট নথিপত্র তলব করা হয়।
১৯টি রিটের নথি পর্যালোচনা করে গুরুতর অনিয়মের বিষয়টি সামনে আসায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটি আপিল বিভাগে প্রতিবেদন দাখিল করে।
শুনানি শেষে ৫৭৪ জনকে সহ-আবেদনকারী করার বিষয়টি প্রশ্নবিদ্ধ
আপিল বিভাগের আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনে নতুন পক্ষ যুক্ত করার আবেদন গ্রহণ ও মঞ্জুর করার পদ্ধতি আদালতের কাছে অস্বাভাবিক বলে মনে হয়েছে।
বিশেষ করে, ২০২৩ সালের রিট আবেদন (রিট নম্বর ১৫৯১৫) শুনানি শেষ হয় ২০২৪ সালের ২৮ এপ্রিল। এর দুই দিন পর, ৩০ এপ্রিল আরও ৫৭৪ জনকে সহ-রিট আবেদনকারী হিসেবে যুক্ত করার অনুমতি দেওয়া হয়। পরে ৬ মে রায় ঘোষণা করা হয়।
কিন্তু নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, ৩০ এপ্রিল যুক্ত হওয়া সহ-আবেদনকারীদের নাম মামলার শিরোনামে অন্তর্ভুক্ত করা হয়নি। সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তাঁদের নাম অন্তর্ভুক্ত করার কথা থাকলেও তা করা হয়নি।
আপিল বিভাগের পর্যবেক্ষণে বলা হয়েছে, সংশ্লিষ্ট বেঞ্চের শুনানি পরিচালনা ও রুল নিষ্পত্তির পদ্ধতি ছিল দুঃখজনক ও অনভিপ্রেত। পরবর্তী সময়ে আরও কয়েকটি মামলায় একই ধরনের ঘটনা ঘটেছে।
দুই আইনজীবীর বিরুদ্ধে তদন্ত, পেশাগত কার্যক্রমে নিষেধাজ্ঞা
আপিল বিভাগের আদেশে বলা হয়েছে, তদন্তের জন্য পাঠানো ১৯টি রিটের মধ্যে ৯টিতে গুরুতর অনিয়ম ও অসংগতি পাওয়া গেছে। এসব মামলায় শুনানি পরিচালনা করেছিলেন আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া ও মো. কামাল হোসেন।
তাঁদের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে বাংলাদেশ বার কাউন্সিলকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আগামী ৩১ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে বলা হয়েছে।
তদন্তের স্বার্থে দুই আইনজীবীকে আপাতত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনা থেকে বিরত রাখা হয়েছে।
সাবেক বিচারপতির ব্যাখ্যা, পরবর্তী শুনানি ৪ ফেব্রুয়ারি
সাবেক বিচারপতি নাইমা হায়দার ইতিমধ্যে পদত্যাগ করেছেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রাথমিক তদন্ত চলাকালে গত ৫ ফেব্রুয়ারি তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।
তবে সংশ্লিষ্ট রিটগুলোর শুনানি ও নিষ্পত্তির প্রক্রিয়া নিয়ে ওঠা প্রশ্নের ব্যাখ্যা তাঁকে দিতে হবে। আপিল বিভাগ আগামী ৩১ জানুয়ারির মধ্যে ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
আদেশের অনুলিপি ও তদন্ত প্রতিবেদন অবিলম্বে সাবেক বিচারপতির কাছে পাঠাতে রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী আদেশের জন্য বিষয়টি আগামী ৪ ফেব্রুয়ারি আপিল বিভাগের কার্যতালিকায় উঠবে।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আনীক আর হক।
সূত্র: প্রথম আলো

0 coment rios: