৪ নভে, ২০২৬

স্ত্রীর মামলায় আত্মসমর্পণের পর পুলিশ কর্মকর্তা কারাগারে

ছবি: সংগৃহীত 
নারায়ণগঞ্জে আইনজীবী স্ত্রীর দায়ের করা পারিবারিক মামলায় এক মাসের কারাদণ্ডপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবু নকীব আদালতে আত্মসমর্পণ করেছেন। তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামজিদ হোসেনের আদালতে আত্মসমর্পণ করেন তিনি। পরে শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আবু নকীব মিরপুর-১ নৌপুলিশ কার্যালয়ে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, আদালতে আত্মসমর্পণের পর আবু নকীব জামিনের আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত তাঁর আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী নারায়ণগঞ্জ জজ কোর্টের আইনজীবী জাসমীন আহমেদের অভিযোগ, প্রেমের সম্পর্কের সূত্র ধরে আবু নকীবের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের দাবিতে তাঁকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। একপর্যায়ে তিনি জানতে পারেন, তাঁকে না জানিয়েই আবু নকীব একাধিক বিয়ে করেছেন।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জাসমীন আহমেদ মুসলিম পারিবারিক আইনসংক্রান্ত বিধানের ৫(৬) ধারায় নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত আবু নকীবকে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

তবে রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত না থাকায় পলাতক ছিলেন। পরবর্তীতে মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করলে শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

সূত্র: দেশ রূপান্তর, ৩ নভেম্বর ২০২৬


শেয়ার করুন

0 coment rios: