![]() |
| রূপালী ব্যাংকের ঋণ আদায় মামলায় দুই বিবাদীর নাম পুনর্বহালের নির্দেশ; দায় নির্ধারণ হবে বিচার ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে |
সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রূপালী ব্যাংক লিমিটেড বনাম যুগ্ম জেলা জজ ও অর্থঋণ আদালত, ৩য় আদালত, ঢাকা এবং অন্যান্য (সিভিল আপিল নং- ১৬৩/২০০৭) এর রায়ে এ পর্যবেক্ষণ দিয়েছেন। ২১ এপ্রিল ২০২৬ তারিখে দেওয়া এ রায়ে আদালত অর্থঋণ আদালতের সংশ্লিষ্ট আদেশ এবং হাইকোর্ট বিভাগের সিদ্ধান্ত বাতিল করে বিবাদী ৭ ও ১০-এর নাম মামলায় পুনর্বহালের নির্দেশ দেন। ১৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয় ৮ নভেম্বর, ২০২৬ তারিখে।
মামলার প্রেক্ষাপট
রূপালী ব্যাংক লিমিটেড নারায়ণগঞ্জের আশরাফ জুট মিলস লিমিটেড এবং এর পরিচালক, জামিনদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ১৭ কোটি ৩৬ লাখ ৬৮ হাজার ১৭১ টাকা ৩৪ পয়সা ঋণ আদায়ের দাবিতে অর্থঋণ মামলা দায়ের করে। পরবর্তীতে মামলাটি অর্থঋণ আদালত, ঢাকা-এর ৩ নম্বর আদালতে স্থানান্তরিত হয়।
মামলা চলাকালে ব্যাংক আদালতের কাছে সম্পত্তি রায়-পূর্ব ক্রোক (Attachment before Judgment) এবং অস্থায়ী নিষেধাজ্ঞা চায়। এদিকে, বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা (BSRS) আশরাফ জুট মিলসের বন্ধকী সম্পত্তি আইনগত ক্ষমতাবলে নিলামে বিক্রি করে উত্তরা জুট ফাইবার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছে হস্তান্তর করে।
পরবর্তীতে ব্যাংক ১৩ জানুয়ারি ২০০৩ তারিখে আরজি সংশোধনের আবেদন করে নিলাম-ক্রেতা প্রতিষ্ঠানকে ১০ নম্বর বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত করে। একই সঙ্গে ঋণের দাবিও সংশোধন করা হয়।
তবে ৭ নম্বর বিবাদী—প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক ও শেয়ারহোল্ডার—এবং ১০ নম্বর বিবাদী নিলাম-ক্রেতা প্রতিষ্ঠান পৃথক আবেদন করে মামলা থেকে নিজেদের নাম বাদ দেওয়ার আবেদন করেন। অর্থঋণ আদালত ৭ অক্টোবর ২০০৩ তারিখে উভয়ের নাম বাদ দেন। আদালতের যুক্তি ছিল, তাঁরা কেউই মূল ঋণগ্রহীতা, বন্ধকদাতা বা জামিনদার হিসেবে ঋণসংক্রান্ত দলিলে স্বাক্ষর করেননি।
এর বিরুদ্ধে রূপালী ব্যাংক হাইকোর্ট বিভাগে রিট দায়ের করলে তা ৪ জানুয়ারি ২০০৪ তারিখে খারিজ হয়। পরবর্তীতে আপিল বিভাগের অনুমতি নিয়ে ব্যাংক বর্তমান আপিল দায়ের করে।
আপিল বিভাগের পর্যবেক্ষণ
আপিল বিভাগ বলেন, ৭ নম্বর বিবাদী এবং ১০ নম্বর বিবাদীর আইনগত অবস্থান এক নয়। তাঁদের মামলায় অন্তর্ভুক্তির ভিত্তিও পৃথক। তাই একই যুক্তিতে উভয়কে মামলা থেকে বাদ দেওয়া আইনসম্মত নয়।
পরিচালকের ব্যক্তিগত স্বাক্ষর না থাকা দায় নির্ধারণের একমাত্র মানদণ্ড নয়
আদালত বলেন, একটি কোম্পানি স্বতন্ত্র আইনগত সত্তা হিসেবে তার পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক বা অনুমোদিত কর্মকর্তাদের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে। ফলে কোম্পানির ঋণসংক্রান্ত প্রতিটি দলিলে প্রত্যেক পরিচালকের ব্যক্তিগত স্বাক্ষর থাকা আবশ্যক নয়।
কোনো পরিচালক কোম্পানির ঋণ বা সংশ্লিষ্ট লেনদেনে কীভাবে যুক্ত ছিলেন, তাঁর বিরুদ্ধে কী ধরনের দাবি উত্থাপিত হয়েছে এবং সংশ্লিষ্ট দলিল ও সাক্ষ্য-প্রমাণ কী নির্দেশ করে—এসব বিষয় বিবেচনা করে তাঁর দায় নির্ধারণ করতে হবে।
এ মামলায় ৭ নম্বর বিবাদী কোম্পানির সাবেক পরিচালক ও শেয়ারহোল্ডার ছিলেন। ১৭ জুন ১৯৮৮ তারিখের একটি সভার কার্যবিবরণীতেও কোম্পানির সম্পদ ও দায় হস্তান্তরের প্রস্তাবে তাঁর সংশ্লিষ্টতার বিষয় উঠে আসে। আদালত বলেন, এসব বিষয় সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে বিচার করা প্রয়োজন। কেবল ঋণ বা বন্ধকী দলিলে ব্যক্তিগত স্বাক্ষর না থাকার কারণে প্রাথমিক পর্যায়েই তাঁকে মামলা থেকে বাদ দেওয়া যায় না।
নিলাম-ক্রেতার দায়ও দলিল ও লেনদেনের প্রকৃতি বিবেচনায় নির্ধারণ করতে হবে
১০ নম্বর বিবাদী উত্তরা জুট ফাইবার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড মূল ঋণগ্রহীতা ছিল না। প্রতিষ্ঠানটি BSRS-এর আইনগত নিলামের মাধ্যমে আশরাফ জুট মিলসের সম্পদ ক্রয় করে।
আপিল বিভাগ বলেন, নিলামে সম্পদ ক্রয়ের কারণে কোনো প্রতিষ্ঠান স্বয়ংক্রিয়ভাবে পূর্ববর্তী ঋণের ব্যক্তিগত দায় গ্রহণ করে না। তবে সম্পদ ও দায় একসঙ্গে হস্তান্তর করা হয়েছিল কি না, ক্রেতা কোনো দায় স্পষ্টভাবে বা পরোক্ষভাবে গ্রহণ করেছিল কি না এবং সংশ্লিষ্ট আইনগত নিলামের ফলাফল কী—এসব প্রশ্ন আরজি ও দলিলাদি বিবেচনায় নির্ধারণ করতে হবে।
আদালত আরও বলেন, নিলাম বিক্রয় আপিল বিভাগ কর্তৃক ইতোমধ্যে বহাল থাকায় কোনো পরোক্ষ প্রক্রিয়ায় সেই বিক্রয়কে পুনরায় প্রশ্নবিদ্ধ করা যাবে না। তবে এ কারণে নিলাম-ক্রেতার বিরুদ্ধে উত্থাপিত সংশ্লিষ্ট দাবি বিচার না করেই তাকে মামলা থেকে বাদ দেওয়া সমীচীন নয়।
আরজি সংশোধন ও প্রকৃত বিরোধ নিষ্পত্তির গুরুত্ব
আপিল বিভাগ উল্লেখ করেন, দেওয়ানি কার্যবিধির Order VI Rule 17 অনুযায়ী আরজি সংশোধনের বিধান প্রকৃত বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে প্রয়োগ করতে হবে। সংশোধিত আরজি অনুমোদিত হলে সেই আরজির ভিত্তিতেই পক্ষগুলোর অধিকার ও দায় নির্ধারণ করতে হবে।
আদালত আরও বলেন, কোনো পক্ষের চূড়ান্ত দায় নির্ধারণের প্রশ্ন এবং মামলার সম্পূর্ণ ও কার্যকর নিষ্পত্তির জন্য ওই পক্ষের উপস্থিতি প্রয়োজন কি না—এ দুটি পৃথক বিষয়।
কোনো পক্ষকে মামলা থেকে বাদ দেওয়ার ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে আদালতকে সতর্ক ও বিচারিক বিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নিতে হবে। বিশেষ করে, যখন সংশ্লিষ্ট পক্ষের লেনদেনে অংশগ্রহণ নিয়ে বিচারযোগ্য প্রশ্ন রয়েছে, তখন সাক্ষ্য-প্রমাণ গ্রহণের আগেই তার নাম বাদ দেওয়া উচিত নয়।
আপিল বিভাগের চূড়ান্ত সিদ্ধান্ত
আপিল বিভাগ মনে করেন, অর্থঋণ আদালত ৭ ও ১০ নম্বর বিবাদীর নাম বাদ দেওয়ার ক্ষেত্রে একই ও অপর্যাপ্ত যুক্তি প্রয়োগ করেছে। হাইকোর্ট বিভাগও রিট খারিজ করে আইনগতভাবে যথাযথ বিচারিক বিবেচনা প্রয়োগে ব্যর্থ হয়েছে।
ফলে আপিল বিভাগ—
- -হাইকোর্ট বিভাগের ৪ জানুয়ারি ২০০৪ তারিখের রায় ও আদেশ বাতিল করেন।
- -অর্থঋণ আদালতের ৭ অক্টোবর ২০০৩ তারিখের আদেশের সংশ্লিষ্ট অংশ বাতিল করেন।
- -৭ ও ১০ নম্বর বিবাদীর নাম মামলায় পুনর্বহালের নির্দেশ দেন।
- -অর্থঋণ আদালতকে আরজি ও সাক্ষ্য-প্রমাণ বিবেচনায় তাঁদের দায়, যদি থাকে, নির্ধারণ করে আইন অনুযায়ী মামলা নিষ্পত্তির নির্দেশ দেন।
আদালত স্পষ্ট করেন, এ রায়কে ৭ নম্বর বিবাদীর ব্যক্তিগত দায় কিংবা নিলাম-ক্রেতা প্রতিষ্ঠানের ঋণ গ্রহণের দায় সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা যাবে না। এসব বিষয় বিচার ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে নির্ধারিত হবে।
আইনি শিক্ষা: কোম্পানির ঋণ আদায় মামলায় কোনো পরিচালক বা সম্পদ ক্রেতাকে মামলা থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে শুধু ঋণ বা বন্ধকী দলিলে ব্যক্তিগত স্বাক্ষর না থাকার বিষয়টি যথেষ্ট নয়। সংশ্লিষ্ট ব্যক্তির ভূমিকা, আরজিতে উত্থাপিত দাবি, লেনদেনের প্রকৃতি এবং মামলার সম্পূর্ণ নিষ্পত্তিতে তাঁর উপস্থিতির প্রয়োজনীয়তা বিবেচনা করতে হবে।
বিডি ল' পোস্ট/মাসুম

0 coment rios: