৮ নভে, ২০২৬

টাউট উচ্ছেদ কমিটি বিলুপ্ত করল ঢাকা আইনজীবী সমিতি, গঠন ৩ সদস্যের তদন্ত কমিটি

কমিটির কয়েকজন সদস্যের কার্যক্রম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ; পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ
ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের টাউট উচ্ছেদ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কমিটির কয়েকজন সদস্যের কার্যক্রম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ ওঠার পর সুষ্ঠু তদন্তের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগের বিষয়ে তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে সমিতি।

ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে ঢাকা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটির কয়েকজন সদস্যের কার্যক্রম নিয়ে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে ২০২৬-২০২৭ সালের টাউট উচ্ছেদ কমিটির কার্যক্রম বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

অভিযোগের বিষয়ে তদন্তের জন্য ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. আলমগীর আহিদ ভূঁইয়াকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন সমিতির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. ইফতেখারুল ইসলাম সওদাগর (এডি) এবং কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আদনান রহমান।

বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার অনুরোধ জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে উত্থাপিত অভিযোগের বিষয়ে তদন্ত শেষে কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে বিজ্ঞপ্তি থেকে জানা যায়।

সূত্র: ঢাকা আইনজীবী সমিতির জরুরি বিজ্ঞপ্তি।


শেয়ার করুন

0 coment rios: