৮ নভে, ২০২৬

সরকারি প্রশাসনের কাছে নাগরিকের আবেদন 'কারণ না জানিয়ে' অনির্দিষ্টকাল ধরে ফেলে রাখা যাবে না: হাইকোর্ট

 


৬০ দিনের মধ্যে কারণসংবলিত আদেশ দিতে জেলা প্রশাসককে নির্দেশ
সরকারি প্রশাসনের কাছে কোনো নাগরিক আবেদন করলে তা কারণ না জানিয়ে অনির্দিষ্টকাল ধরে ফেলে রাখা যাবে না বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কোনো বিষয়ে সিদ্ধান্ত চেয়ে আবেদন করা হলে তা যুক্তিসংগত সময়ের মধ্যে বিবেচনা করে সিদ্ধান্ত জানানো প্রশাসনের দায়িত্ব। আবেদন নিষ্পত্তি না করে দীর্ঘদিন ঝুলিয়ে রাখা ন্যায়সংগত ও জবাবদিহিমূলক প্রশাসনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ব্যক্তিগত মালিকানাধীন পুকুর ভরাটের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে দাখিল করা আবেদন দীর্ঘদিন নিষ্পত্তি না হওয়ায় দায়ের করা এক মো. শাহজাহান সরদার ও অপরজন বনাম বাংলাদেশ সরকার ও অন্যান্য রিট পিটিশন নং- ২৪৪০/২০২৫ মামলার রায়ে এ পর্যবেক্ষণ দেন আদালত। একই সঙ্গে আবেদনটি ৬০ দিনের মধ্যে আইন অনুযায়ী নিষ্পত্তি করে কারণসংবলিত আদেশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয় ৮ নভেম্বর ২০২৬ তারিখে। 

মামলার প্রেক্ষাপট

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ মূল এখতিয়ারাধীন বেঞ্চে মামলাটি দায়ের করেন মো. শাহজাহান সরদার ও অপর একজন। মামলায় বাংলাদেশ সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়।

আবেদনকারীদের দাবি, তফসিলভুক্ত জমিতে অবস্থিত পুকুরটি তাঁদের ব্যক্তিগত সম্পত্তি এবং এটি আর নির্ধারিত উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে না। এ কারণে তাঁরা পুকুরটি বালু ও মাটি দিয়ে ভরাট করতে চান।

এ জন্য প্রয়োজনীয় অনুমতি চেয়ে ২০২৫ সালের ১৯ জানুয়ারি জেলা প্রশাসকের কাছে আবেদন করেন তাঁরা। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনটির বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। প্রশাসনের এমন নিষ্ক্রিয়তার প্রতিকার চেয়ে সংবিধানের ১০২ অনুচ্ছেদে হাইকোর্টে রিট আবেদন করেন আবেদনকারীরা।

আদালতের পর্যবেক্ষণ

বিচারপতি মো. তৌফিক ইনাম ও বিচারপতি মাহমুদ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটি শুনানি শেষে বলেন, এ রিটে মূল বিবেচ্য বিষয় পুকুরটি ভরাট করার অনুমতি আবেদনকারীরা পাবেন কি না, তা নয়; বরং অনুমতি চেয়ে দাখিল করা আবেদনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনিষ্পন্ন অবস্থায় ফেলে রাখতে পারে কি না।

আদালত বলেন, ন্যায়সংগত ও জবাবদিহিমূলক প্রশাসনের মৌলিক শর্ত হলো—কোনো ব্যক্তি সংশ্লিষ্ট এখতিয়ারসম্পন্ন সরকারি কর্তৃপক্ষের কাছে কোনো বিষয়ে সিদ্ধান্ত চেয়ে আবেদন করলে কর্তৃপক্ষকে যুক্তিসংগত সময়ের মধ্যে তা বিবেচনা করে সিদ্ধান্ত জানাতে হবে।

কর্তৃপক্ষ কোনো আবেদনকে কারণ উল্লেখ না করে অনির্দিষ্টকালের জন্য অনিষ্পন্ন রাখতে পারে না। এ ধরনের নিষ্ক্রিয়তা আবেদনকারীর মধ্যে অপ্রয়োজনীয় অনিশ্চয়তা সৃষ্টি করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সিদ্ধান্ত পাওয়ার বৈধ প্রত্যাশাকে ক্ষুণ্ন করে।

আদালত আরও বলেন, কোনো আবেদন যথাযথ কর্তৃপক্ষের কাছে দাখিল করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবেদনটির বিষয়বস্তু, প্রাসঙ্গিক তথ্য, প্রযোজ্য আইন ও বিধিমালা স্বাধীনভাবে বিবেচনা করতে হবে। আবেদনকারীর পক্ষে বা বিপক্ষে—যেকোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কর্তৃপক্ষের রয়েছে। তবে সিদ্ধান্তটি অবশ্যই কারণসংবলিত আদেশের মাধ্যমে জানাতে হবে।

হাইকোর্টের নির্দেশনা

আদালত স্পষ্ট করেন, আবেদনকারীরা পুকুরটি ভরাট করার অধিকারী কি না কিংবা প্রস্তাবিত মাটি ভরাটের কাজ আইন ও বিধিমালা অনুযায়ী অনুমোদনযোগ্য কি না, সে বিষয়ে আদালত কোনো মতামত দিচ্ছেন না। এসব বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রাসঙ্গিক তথ্য ও আইন বিবেচনা করে নির্ধারণ করতে হবে।

মামলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় হাইকোর্ট রুল নিষ্পত্তি করে জেলা প্রশাসককে আবেদনকারীদের ১৯ জানুয়ারি ২০২৫ তারিখের আবেদনটি বিবেচনা ও নিষ্পত্তির নির্দেশ দেন।

রায়ের অনুলিপি পাওয়ার ৬০ দিনের মধ্যে প্রযোজ্য আইন ও বিধিমালা অনুসরণ করে কারণসংবলিত আদেশ দিতে হবে। এ ক্ষেত্রে কোনো বহিরাগত বিবেচনা কিংবা আবেদনকারীদের দাবির merits সম্পর্কে রায়ে দেওয়া পর্যবেক্ষণ দ্বারা প্রভাবিত হওয়া যাবে না। গৃহীত সিদ্ধান্ত আবেদনকারীদের দ্রুত জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে।

আইনি তাৎপর্য

এ রায়ের মাধ্যমে হাইকোর্ট পুনর্ব্যক্ত করেছেন যে, প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে দাখিল করা আবেদন নিষ্পত্তি করা কেবল আনুষ্ঠানিক দায়িত্ব নয়; এটি ন্যায়সংগত প্রশাসন ও আইনের শাসনের অংশ।

তবে কোনো আবেদন নিষ্পত্তির নির্দেশ দেওয়া মানেই আবেদনকারীর দাবির পক্ষে অনুমোদন দেওয়া নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনগত শর্ত, প্রাসঙ্গিক তথ্য ও বিধিমালা বিবেচনা করে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে বাধ্য।

বিডি ল' পোস্ট/মাসুম


শেয়ার করুন

0 coment rios: