৪ নভে, ২০২৬

দশ মাসে সুপ্রিম কোর্টের হেল্পলাইনে ৮ হাজারের বেশি ফোনকল, উল্লেখযোগ্যসংখ্যক অভিযোগ নিষ্পত্তি

ছবি: সংগৃহীত 
আইনি পরামর্শ গ্রহণ, মামলার সর্বশেষ তথ্য জানা এবং আদালতসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অভিযোগ জানাতে চলতি বছরের প্রথম দশ মাসে সুপ্রিম কোর্টের হেল্পলাইনে ৮ হাজার ৫৪টি কল এসেছে। এসব কলের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও সেবা নিয়েছেন বিচারপ্রার্থীরা।

সুপ্রিম কোর্টের হেল্পলাইন মনিটরিং সেলের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মোট ৮ হাজার ৫৪টি কল গ্রহণ করা হয়েছে। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই কল এসেছে ৭২৬টি। এসব কলের মধ্যে ১৪৪টিতে আইনি পরামর্শ এবং ১৫৪টিতে মামলাসংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়। সংশ্লিষ্টদের তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় তথ্য ও সেবা দেওয়া হয়েছে।

এদিকে রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে অক্টোবর মাসে প্রধান বিচারপতি বরাবর ৩১টি কল আসে। তবে এসব অভিযোগ সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত না হওয়ায় হেল্পলাইন থেকে এ বিষয়ে কোনো পরামর্শ দেওয়া সম্ভব হয়নি।

মনিটরিং সেলের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে হেল্পলাইন নম্বর ১০৩-এ আসা কলগুলোর মধ্যে ৩৮৫টির ক্ষেত্রে কলকারীর পক্ষ থেকে আর কোনো প্রত্যুত্তর পাওয়া যায়নি।

অন্যদিকে সুপ্রিম কোর্ট ও দেশের বিভিন্ন জেলা আদালতের কার্যক্রম নিয়ে অনিয়ম, দায়িত্বে অবহেলা, বিচারিক সেবা পেতে বিলম্ব এবং অসদাচরণের অভিযোগ পাওয়া যায় ১২টি। এর মধ্যে আইনি সেবা পেতে বিলম্ব, রায়ের অনুলিপি না পাওয়া, মামলার নথি হারিয়ে যাওয়া এবং দ্রুত মামলা নিষ্পত্তির দাবিসংক্রান্ত সাতটি অভিযোগ ইতোমধ্যে নিষ্পত্তি করা হয়েছে। বাকি পাঁচটি অভিযোগের বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রধান বিচারপতির নির্দেশনায় ২০২৫ সালের ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট হেল্পলাইন সেন্টারের কার্যক্রম উদ্বোধন করা হয়। বিচারপ্রার্থীদের সহজে আইনি তথ্য ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ চালু করা হয়েছে।

বর্তমানে সুপ্রিম কোর্টের হেল্পলাইনে ০১৩১৬-১৫৪২১৬ ও ০১৭৯৫-৩৭৩৬৮০ নম্বরে সরাসরি কল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগের সুযোগ রয়েছে। এ ছাড়া ১০৩ নম্বরে অনলাইন সেবাও চালু রয়েছে।

সূত্র: ডিবিসি নিউজ


শেয়ার করুন

0 coment rios: