১১ নভে, ২০২৬

নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার দায়ে মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত 
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ মামলার অপর আসামি অভিযুক্ত শিক্ষকের ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোণা শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল কবীর রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাত্র ৬০ দিনের মধ্যে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, শুনানি, পুলিশের অভিযোগপত্র এবং ডিএনএ পরীক্ষাসহ প্রয়োজনীয় বিচারিক কার্যক্রম শেষ করে মামলাটির রায় ঘোষণা করা হয়েছে।

যেভাবে সামনে আসে ঘটনা

মামলার বিবরণ অনুযায়ী, প্রায় চার বছর আগে আমান উল্লাহ মাহমুদী একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটির মা-বাবার বিচ্ছেদের পর সে তার নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। অন্যদিকে, জীবিকার তাগিদে শিশুটির মা সিলেটে গৃহপরিচারিকার কাজ করতেন।

গত ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষা করাতে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে অন্তঃসত্ত্বা বলে জানান। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরের বিরুদ্ধে মামলা করেন।

পরে ৬ মে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। পরদিন আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠান। রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন।

ডিএনএ পরীক্ষায় পিতৃত্বের প্রমাণ

শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে ২ জুলাই শিশুটি একটি কন্যাসন্তানের জন্ম দেয়।

নবজাতকের ডিএনএ পরীক্ষার জন্য ৯ জুলাই আদালতে আবেদন করে পুলিশ। পরে আদালতের নির্দেশে ২৮ জুলাই সেফ হোমে নবজাতকের নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে নবজাতকের সঙ্গে আসামি আমান উল্লাহ মাহমুদীর ডিএনএ প্রোফাইলের মিল পাওয়া যায়। এর মাধ্যমে নবজাতকের জৈবিক বাবা হিসেবে তার পরিচয় নিশ্চিত হয়।

পরবর্তীতে ২৭ আগস্ট পুলিশ আমান উল্লাহ মাহমুদী ও তার ভাই মামুন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রম শেষে বুধবার আদালত আমান উল্লাহ মাহমুদীকে মৃত্যুদণ্ড দেন এবং মামুন মিয়াকে খালাস দেন।

সূত্র: স্টার নিউজ।


শেয়ার করুন

0 coment rios: