![]() |
| ছবি: সংগৃহীত |
মঙ্গলবার (১০ নভেম্বর) সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ।
মামলার এজাহার ও অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, ২০১০ সালের ২৫ মে ইসলামী শরিয়াহ মোতাবেক তিন লাখ এক টাকা দেনমোহরে তানিয়া আরেফিনের সঙ্গে রফিকুল ইসলামের বিয়ে হয়। তানিয়া সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের মৃত আব্দুল মজিদের মেয়ে। অন্যদিকে রফিকুল ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী প্রতাপপুর গ্রামের মৃত আফছার আলীর ছেলে।
মামলার অভিযোগে বলা হয়, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রী তানিয়া আরেফিনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন রফিকুল। এর ধারাবাহিকতায় ২০২০ সালের ২৫ ডিসেম্বর ভোররাতে ২০ লাখ টাকা যৌতুক দাবি করে তাকে মারধর করা হয়। একপর্যায়ে রড ও ইট দিয়ে আঘাত করলে তানিয়ার নাকের হাড় ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় ভুক্তভোগী তানিয়া আরেফিন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সাক্ষ্য-প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা করে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে সিদ্ধান্ত দেন।
রায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(খ) ধারায় রফিকুল ইসলামকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই আইনের ১১(গ) ধারায় তাকে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ জরিমানা অনাদায়ে অতিরিক্ত এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আদালত জানিয়েছেন, দুই ধারায় দেওয়া কারাদণ্ড একই সঙ্গে কার্যকর হবে। ফলে সব মিলিয়ে সাবেক এই পুলিশ কর্মকর্তাকে সাত বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
সূত্র: ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট

0 coment rios: