৭ অক্টো, ২০২৬

রাতে সুপ্রিম কোর্টের নিরাপত্তায় নতুন নির্দেশনা

ছবি: সংগৃহীত 
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রাতে আদালত এলাকায় প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত জরুরি প্রয়োজনে সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করতে হলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা দাফতরিক পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চাইলে এসব পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট দেশের বিচার বিভাগের সর্বোচ্চ প্রতিষ্ঠান এবং একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা এখানকার বিভিন্ন কোর্ট রুমে বিচারিক কার্যক্রম পরিচালনা করেন। তাই প্রধান বিচারপতি, বিচারপতি ও মামলা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবীদের পাশাপাশি পুরো স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্র বহনের বিষয়ে এর আগেও সাধারণ নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে সম্প্রতি আদালত প্রশাসনের নজরে এসেছে, রাতের সময়ে সুপ্রিম কোর্ট এলাকায় ‘অপ্রত্যাশিত ব্যক্তিবর্গ’ প্রবেশ করছেন। এতে আদালত প্রাঙ্গণের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা আরও জোরদার করতে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্র প্রদর্শনের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।

আদালত প্রাঙ্গণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

সূত্র: সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি 


শেয়ার করুন

0 coment rios: