৩১ অক্টো, ২০২৬

১৪ কার্যদিবসে হাইকোর্টে নিষ্পত্তি ৬৯ হাজারের বেশি পুরোনো মামলা

ছবি: সংগৃহীত 
হাইকোর্ট বিভাগের বিশেষ উদ্যোগে মাত্র ১৪ কার্যদিবসে ৬৯ হাজার ৭০৯টি পুরোনো মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে একদিনেই ১২টি ক্রিমিনাল মোশন বেঞ্চে ২ হাজার ৩৫৪টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, প্রধান বিচারপতির নির্দেশনায় হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চে দীর্ঘদিন ধরে বিচারাধীন পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমের আওতায় গত ২৯ অক্টোবর পর্যন্ত মোট ৬৯ হাজার ৭০৯টি পুরোনো ক্রিমিনাল মিস ও রিট মামলা নিষ্পত্তি করা হয়েছে।

সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, দীর্ঘদিনের মামলাজট কমানো এবং বিচারিক কার্যক্রমে গতি আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে গত ৭ মে থেকে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চে প্রতি সপ্তাহের নির্ধারিত দিনে পুরোনো মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে শুনানি ও নিষ্পত্তির কার্যক্রম শুরু হয়।

বিশেষ এ কার্যক্রমের মাধ্যমে ধারাবাহিকভাবে বিপুলসংখ্যক পুরোনো মামলা নিষ্পত্তি হচ্ছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, মামলাজট নিরসন এবং বিচারপ্রার্থীদের দ্রুত বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সূত্র: জাগো নিউজ ২৪




শেয়ার করুন

0 coment rios: