৯ অক্টো, ২০২৬

উচ্চতর প্রশিক্ষণে জাপান যাচ্ছেন ২৩ বিচারক-আইনজীবী

ছবি: সংগৃহীত 
বিচারপ্রাপ্তি সহজ করা, আইনি সহায়তার কার্যক্রম আরও কার্যকর করা এবং বিচারসেবার মানোন্নয়নের লক্ষ্যে উচ্চতর প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন বাংলাদেশের ২৩ সদস্যের একটি প্রতিনিধি দল। এ দলে রয়েছেন ১৭ জন বিচারক ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং ৬ জন আইনজীবী। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে আগামী ১ থেকে ১৪ নভেম্বর এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

গত ৭ অক্টোবর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের পরিকল্পনা শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, প্রশিক্ষণে অংশ নিতে যাওয়া প্রতিনিধি দলে বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারক, আইন ও বিচার বিভাগের কর্মকর্তা, সুপ্রিম কোর্ট প্রশাসনের প্রতিনিধি, লিগ্যাল এইড কর্মকর্তা এবং জেলা বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা রয়েছেন।

প্রতিনিধি দলে যাঁরা রয়েছেন:

জাপানগামী প্রতিনিধি দলে রয়েছেন নরসিংদীর জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবীর, কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব মো. মাসুম বিল্লাহ, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার এএইচএম তোয়াহা এবং একই বিভাগের স্পেশাল অফিসার মো. মাজহারুল হক।

এ ছাড়া আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. সাইফুদ্দীন হোসাইন, মো. মঈনউদ্দিন কাদির ও মুহাম্মদ আশেকুর রহমান প্রতিনিধি দলে রয়েছেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক মো. ফরিদুজ্জামান, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফুজ্জামান, কুমিল্লার চিফ লিগ্যাল এইড অফিসার মনিকা খান, বরিশালের যুগ্ম জেলা ও দায়রা জজ মনিরুজ্জামান, নরসিংদীর যুগ্ম জেলা ও দায়রা জজ মো. তৌহিদ আল আজাদ, ঝিনাইদহের সিনিয়র দেওয়ানি জজ অনুশ্রী রায়, বগুড়ার দেওয়ানি জজ মো. রকিবুল হাসান এবং বরিশালের দেওয়ানি জজ মো. জাহিদুল ইসলাম।

ছয় আইনজীবীও থাকছেন প্রতিনিধি দলে:

প্রশিক্ষণে অংশ নিতে যাওয়া ছয় আইনজীবীর মধ্যে রয়েছেন নরসিংদী জেলা বার অ্যাসোসিয়েশনের মোহাম্মদ আলী, মোহাম্মদ কাইয়ুম ও আফরোজা বেগম। কুমিল্লা জেলা বার অ্যাসোসিয়েশন থেকে যাচ্ছেন আয়েশা বেগম, সরকার গিয়াস উদ্দিন মাহমুদ ও শাহিদা আনোয়ার।

সফরের ব্যয় বহন করবে জাইকা:

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রশিক্ষণ ও ভ্রমণের পুরো সময়কে অংশগ্রহণকারীদের কর্মকালীন সময় হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ, এ সময় তাঁরা ‘অন ডিউটি’ হিসেবে বিবেচিত হবেন।

প্রতিনিধি দলের জাপান সফর ও প্রশিক্ষণের যাবতীয় ব্যয় বহন করবে জাইকা। ফলে এ সফরের জন্য বাংলাদেশ সরকারের স্থানীয় বা বৈদেশিক মুদ্রায় কোনো অর্থ ব্যয় হবে না।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিনিধি দলটি আগামী ১ নভেম্বর অথবা এর কাছাকাছি কোনো সুবিধাজনক সময়ে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। প্রশিক্ষণ শেষে ১৪ নভেম্বর তাঁদের দেশে ফেরার কথা রয়েছে।


বিডিএলপিবি/এম
সূত্র: আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন


শেয়ার করুন

0 coment rios: