![]() |
| ছবিঃ সংগৃহীত |
এমন গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সরকারের পক্ষে জমিটিকে অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত করার আইনগত ভিত্তি ও মূল মালিকের ভারতে অভিবাসনের প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় সরকারের দায়ের করা সিভিল রিভিশন খারিজ করেছেন আদালত।
২০২৬ সালের ১৬ জুলাই হাইকোর্ট বিভাগের বিচারপতি কাজী জিনাত হক এ রায় দেন। মামলাটি হলো সিভিল রিভিশন নং ৪৩৪৫/২০২৩ — বাংলাদেশ সরকার বনাম শ্যাওপন ব্যানার্জী ও অন্যান্য। দেওয়ানি কার্যবিধি, ১৯০৮-এর ১১৫(১) ধারার অধীনে সরকার এই সিভিল রিভিশন দায়ের করেছিল। পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয় ১১ নভেম্বর, ২০২৬ তারিখে।
মামলার প্রেক্ষাপট
মামলার বিরোধপূর্ণ জমির মূল মালিক ছিলেন দুর্গা দাস মৌলিক। পরবর্তী সময়ে জমিটি কয়েকজন ব্যক্তির নামে রেকর্ড হয়। কিন্তু তাঁরা খাজনা পরিশোধে ব্যর্থ হওয়ায় বাংলা ১৩৩৭/১৩৩৮ সালের দিকে জমিটি পুনরায় দুর্গা দাসের কাছে ফিরে আসে। এরপর জমিটি তাঁর দখলে ছিল এবং সিএস খতিয়ান নং ৪৫৮, ৩০২ ও ১১৩-তে তাঁর নামে রেকর্ড হয়।
দুর্গা দাস মৌলিক মৃত্যুবরণ করলে তাঁর একমাত্র ছেলে নরেন্দ্র ভূষণ মৌলিক উত্তরাধিকারী হন। পরবর্তীতে ১৯৩৪ সালের ১৯ জুন ১০৮৪ নম্বর রেজিস্ট্রি দলিলের মাধ্যমে তিনি জমিটি মৃণালিনী দেবীর কাছে হস্তান্তর করেন।
মৃণালিনী দেবী পরবর্তী সময়ে তাঁর ছয় ছেলের মধ্যে জমিটি বণ্টন করেন। তাঁরা হলেন—কালিদাস, মৃগাঙ্ক, শ্যামাদাস, রামকৃষ্ণ, নারায়ণ বন্দ্যোপাধ্যায় এবং শোমেশ ব্যানার্জী।
পরবর্তীতে এসএ খতিয়ান নং ৩৯৩, ২৬৩ ও ৯৫-এ তাঁদের নাম রেকর্ড হয়। বাদীপক্ষের দাবি ছিল, তাঁরা মৃগাঙ্কের উত্তরাধিকারী এবং দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছেন। এমনকি সংশ্লিষ্ট ভূমি কর্তৃপক্ষকে নিয়মিত খাজনাও পরিশোধ করেছেন।
বাদীপক্ষের আরও বক্তব্য ছিল, মূল মালিক বা তাঁর পূর্বসূরিরা ১৯৬৫ সালের আগে কিংবা পরে কখনো ভারতে বসবাস করতে যাননি। ফলে জমিটিকে শত্রু সম্পত্তি বা পরবর্তী সময়ে অর্পিত সম্পত্তি হিসেবে গণ্য করার আইনগত ভিত্তি ছিল না।
কিন্তু ২০০৭ সালের ২০ নভেম্বর জরিপের সময় তাঁরা প্রথম জানতে পারেন, জমিটি অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত হয়েছে। এ কারণে আরএস খতিয়ানে তাঁদের নামে জমি রেকর্ড করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অস্বীকৃতি জানায়।
নিম্ন আদালতের সিদ্ধান্ত
এ অবস্থায় বাদীরা ২০০৭ সালে ঝিনাইদহের সিনিয়র সহকারী জজ আদালতে ৪২৩/২০০৭ নম্বর স্বত্ব মামলা দায়ের করেন। বিচারিক আদালত ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর মামলাটি খারিজ করেন। আদালতের যুক্তি ছিল, আরএস রেকর্ড চূড়ান্ত প্রকাশের আগে মামলা দায়ের করায় মামলাটি অপরিপক্ব ছিল। পাশাপাশি বাদীরা তাঁদের মালিকানার ধারাবাহিকতা যথাযথভাবে প্রমাণ করতে পারেননি বলেও আদালত মত দেন।
পরবর্তীতে বাদীরা ঝিনাইদহের জেলা জজ আদালতে ৫২/২০১৭ নম্বর দেওয়ানি আপিল দায়ের করেন।২০১৯ সালের ২২ মে আপিল আদালত নিম্ন আদালতের রায় ও ডিক্রি বাতিল করে বাদীদের পক্ষে রায় দেন। আপিল আদালত মনে করেন, বাদীরা জমিতে তাঁদের স্বার্থ ও দখল প্রমাণ করতে সক্ষম হয়েছেন এবং সরকার জমিটিকে অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত করার আইনগত ভিত্তি প্রতিষ্ঠা করতে পারেনি।
এ রায়ের বিরুদ্ধে বাংলাদেশ সরকার হাইকোর্টে সিভিল রিভিশন দায়ের করে।
সরকারের বক্তব্য
সরকারের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আদালতে যুক্তি দেন, মূল মালিক ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ভারতে অভিবাসন করেছিলেন কি না, তা প্রমাণের দায়িত্ব দাবিদার পক্ষের ওপর বর্তায়।
তবে শুনানিতে তিনি স্বীকার করেন, বিরোধপূর্ণ জমিটি অর্পিত সম্পত্তি হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে সরকার কোনো গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি। এমনকি সরকারি রেকর্ডে জমিটি সরকারের নামে অন্তর্ভুক্ত করার আইনগত ভিত্তিও আদালতে উপস্থাপন করতে পারেননি।
অন্যদিকে, বাদীপক্ষের আইনজীবীরা বলেন, সরকার জমির মালিকানা বা অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্তির বৈধতা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। মূল মালিক মৃগাঙ্ক ভারতে অভিবাসন করেননি; বরং বাংলাদেশেই মৃত্যুবরণ করেছেন। ফলে তাঁর উত্তরাধিকারীদের জমির ওপর আইনগত স্বার্থ রয়েছে।
হাইকোর্টের পর্যবেক্ষণ
হাইকোর্ট মামলার দলিলপত্র, খতিয়ান, খাজনার রসিদ এবং সাক্ষীদের জবানবন্দি পর্যালোচনা করে আপিল আদালতের সিদ্ধান্ত যথাযথ বলে মনে করেন।
আদালত উল্লেখ করেন, সরকার দাবি করেছিল মৃগাঙ্ক ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ভারতে চলে গিয়েছিলেন। কিন্তু এ দাবির সমর্থনে সরকার কোনো নির্ভরযোগ্য দলিল বা মৌখিক সাক্ষ্য উপস্থাপন করতে পারেনি।
অন্যদিকে, বাদীপক্ষের সাক্ষ্য অনুযায়ী মৃগাঙ্ক বাংলাদেশেই মৃত্যুবরণ করেন এবং তাঁর পাঁচ ভাই উত্তরাধিকারী হিসেবে জমিতে স্বার্থ অর্জন করেন।
আদালত আরও লক্ষ্য করেন, সরকারের সাক্ষী জেরার সময় স্বীকার করেছেন যে, তিনি মৃগাঙ্ককে কখনো দেখেননি এবং তাঁর ভারতে অভিবাসনসংক্রান্ত কোনো দলিলও তাঁর কাছে নেই।
হাইকোর্টের মতে, এসএ খতিয়ানগুলোতে মৃগাঙ্ক ও তাঁর ভাইদের নাম থাকা তাঁদের যৌথ মালিকানার পক্ষে গুরুত্বপূর্ণ প্রমাণ। পাশাপাশি বাদীপক্ষের দাখিল করা খাজনার রসিদ এবং সাক্ষ্যপ্রমাণ তাঁদের জমির দখল ও স্বার্থ প্রতিষ্ঠা করে।
আদালত আরও বলেন, জমিটি সরকারের নামে অর্পিত সম্পত্তি হিসেবে রেকর্ড করার পেছনে কী আইনগত ভিত্তি ছিল, সরকার তা প্রতিষ্ঠা করতে পারেনি।
রায়ে হাইকোর্ট পূর্ববর্তী কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আলোকে আইনের নীতিগুলো তুলে ধরেন।
১. আবুল খায়ের মিয়া (মৃত), তাঁর উত্তরাধিকারী আবুল কাশেম ও অন্যান্য বনাম বাংলাদেশ ও অন্যান্য, ৩২ ডিএলআর (এডি) (১৯৮০) ২৯:
আপিল বিভাগ বলেন, কোনো সম্পত্তিকে শত্রু সম্পত্তি হিসেবে গণ্য করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রমাণ করতে হবে যে, মূল মালিক বা তাঁর বিক্রেতা ১৯৬৫ সালে শত্রু সম্পত্তি আইন কার্যকর হওয়ার আগে ভারতে অভিবাসন করেছিলেন।
২. আরতি রানী পাল বনাম সুদর্শন কুমার পাল, ৫৬ ডিএলআর (এডি) ৭৩:
আপিল বিভাগ বলেন, ১৯৬৯ সালের Enemy Property (Continuance of Emergency Provisions) Ordinance রহিত হওয়ার পর ওই রহিত আইনের ভিত্তিতে কোনো সম্পত্তিকে নতুন করে অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত করা যায় না।
৩. বিনয় ভূষণ বর্ধন (মৃত), তাঁর উত্তরাধিকারী প্রণয় ভূষণ বর্ধন ও অন্যান্য বনাম সাব-ডিভিশনাল অফিসার, ব্রাহ্মণবাড়িয়া ও অন্য একজন, ৩০ ডিএলআর (এসসি) (১৯৭৮) ১৩৯:
এ মামলায় আদালত বলেন, যৌথ সম্পত্তিতে একজন সহশরিকের দখল আইনগতভাবে অন্য সহশরিকদের দখল হিসেবেও বিবেচিত হবে, যতক্ষণ না সুনির্দিষ্ট সীমানা নির্ধারণের মাধ্যমে বাটোয়ারা সম্পন্ন হয়।
৪. বাংলাদেশ সরকার বনাম পরেশ চন্দ্র ঘরামী ও অন্যান্য, ৫০ ডিএলআর (এডি) (১৯৯৮) ৭০:
আপিল বিভাগ সিদ্ধান্ত দেন, সরকার কোনো সম্পত্তিকে অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত করার আইনগত ভিত্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে এবং বাদীরা তাঁদের স্বার্থের পক্ষে প্রমাণ উপস্থাপন করলে তাঁদের অনুকূলে দেওয়া ডিক্রি যথাযথ হতে পারে।
৫. মরণ মণ্ডল (মৃত), তাঁর উত্তরাধিকারী দয়াল চন্দ্র মণ্ডল ও অন্যান্য বনাম সহকারী কাস্টডিয়ান অব ভেস্টেড অ্যান্ড নন-রেসিডেন্ট প্রপার্টিজ ও অন্যান্য, ১৮ বিএলডি (হাইকোর্ট) (১৯৯৮) ২১:
এ মামলায় বলা হয়, জরুরি অবস্থা প্রত্যাহারের পর কোনো ভিপি মামলা শুরু করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ তদন্তের মাধ্যমে নিশ্চিত হতে হবে যে, রেকর্ডীয় প্রজা ১৯৬৫ সালের আগে ভারতে অভিবাসন করেছিলেন। শুধু বিচ্ছিন্ন কোনো নোট বা যাচাইবিহীন প্রতিবেদন দিয়ে এমন অভিবাসন প্রমাণ করা যায় না।
হাইকোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত
সার্বিক সাক্ষ্যপ্রমাণ ও পূর্ববর্তী নজির পর্যালোচনা করে হাইকোর্ট সিদ্ধান্ত দেন, সরকার মৃগাঙ্কের ভারতে অভিবাসনের কোনো নির্ভরযোগ্য প্রমাণ দিতে পারেনি।
বরং মামলার নথিপত্র থেকে প্রতীয়মান হয়, মৃগাঙ্ক বাংলাদেশে মৃত্যুবরণ করেন এবং বাদীরা তাঁর উত্তরাধিকারী হিসেবে জমিতে স্বার্থ অর্জন করেছেন।
এসএ খতিয়ান, খাজনার রসিদ ও মৌখিক সাক্ষ্যপ্রমাণের মাধ্যমে বাদীরা জমির ওপর তাঁদের স্বার্থ ও দখল প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। অন্যদিকে, সরকার জমিটিকে অর্পিত সম্পত্তি হিসেবে রেকর্ড করার আইনগত ভিত্তি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।
ফলে হাইকোর্ট সরকারের দায়ের করা সিভিল রিভিশনের রুল মেরিটবিহীন বিবেচনায় খারিজ করেন। একই সঙ্গে জেলা জজ আদালতের দেওয়া আপিলের রায় ও ডিক্রি বহাল রাখেন এবং বিচারিক আদালতের রায় ও ডিক্রি বাতিল করেন। কোনো পক্ষের অনুকূলে খরচের আদেশ দেওয়া হয়নি।
রায়ের আইনি শিক্ষা
এই রায়ের মাধ্যমে হাইকোর্ট পুনর্ব্যক্ত করেছেন, কোনো ব্যক্তির সম্পত্তিকে শত্রু সম্পত্তি বা অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত করার ক্ষেত্রে শুধু মালিক ভারতে চলে গেছেন—এমন অভিযোগ যথেষ্ট নয়। বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিবাসনের নির্ভরযোগ্য প্রমাণ এবং সম্পত্তি তালিকাভুক্ত করার আইনগত ভিত্তি প্রতিষ্ঠা করতে হবে।
বিশেষ করে, যৌথ সম্পত্তিতে উত্তরাধিকারীদের স্বার্থ ও দখল নির্ধারণের ক্ষেত্রে খতিয়ান, খাজনার রসিদ এবং সাক্ষ্যপ্রমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
মূল আইনি নীতি: ১৯৬৫ সালের যুদ্ধের সময় মূল মালিক ভারতে অভিবাসন করেছিলেন—এমন অভিযোগের ভিত্তিতে কোনো সম্পত্তিকে শত্রু বা অর্পিত সম্পত্তি হিসেবে গণ্য করতে হলে সেই অভিবাসনের প্রমাণ দেওয়ার দায়িত্ব সরকারের ওপর বর্তায়। যাচাইবিহীন তথ্য বা অনুমানের ভিত্তিতে কোনো নাগরিকের সম্পত্তির অধিকার খর্ব করা যায় না।
বিডি ল' পোস্ট / মাসুম

0 coment rios: