১১ নভে, ২০২৬

বিদেশি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর নয়: হাইকোর্ট

ছবি: সংগৃহীত 
বিদেশি কোনো আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেই তা বাংলাদেশের ভূখণ্ডে সরাসরি কার্যকর করার সুযোগ নেই বলে অভিমত দিয়েছেন হাইকোর্ট। এ ধরনের পরোয়ানার ভিত্তিতে কাউকে গ্রেপ্তার কিংবা বিদেশি রাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হলে বাংলাদেশের প্রচলিত আইন ও নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

‘জেরাব এলএলসি বনাম রাষ্ট্র ও অন্যান্য’ মামলার রিট আবেদন নিষ্পত্তি করে হাইকোর্ট এ পর্যবেক্ষণ দেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি খারিজ করে দেন আদালত।

বিচারপতি মো. তৌফিক ইনাম ও বিচারপতি মাহমুদ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ১০ নভেম্বর এ আদেশ দেন।

মামলার পটভূমি

মামলার বিবরণ অনুযায়ী, মোহাম্মদ আল ফয়জুল আলম বাংলাদেশের নাগরিক। তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জেরাব এলএলসিতে কর্মরত থাকাকালে অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত হন। পরবর্তী সময়ে দুবাইয়ের সংশ্লিষ্ট আদালতে বিচার শেষে তাঁকে এক বছরের কারাদণ্ড এবং ২৭ লাখ ৭৩ হাজার ৯৬৪ দিরহাম জরিমানা করা হয়।

তবে দণ্ডিত ব্যক্তি আদালতে উপস্থিত না থাকায় ২০২২ সালের ৪ আগস্ট তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

রিট আবেদনকারীদের দাবি, পরবর্তী সময়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে তাঁরা জানতে পারেন, বাংলাদেশে একজন ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে মোহাম্মদ আল ফয়জুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তাঁকে সংযুক্ত আরব আমিরাতে প্রত্যর্পণ বা হস্তান্তরের ব্যবস্থা নিতে ২০২৫ সালের ৯ ও ২৪ সেপ্টেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়।

কিন্তু এসব আবেদনের পরও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় জেরাব এলএলসি হাইকোর্টে রিট দায়ের করে।

রাষ্ট্রপক্ষের বক্তব্য

রাষ্ট্রপক্ষ আদালতকে জানায়, কোনো বেসরকারি প্রতিষ্ঠানের সরাসরি আবেদনের ভিত্তিতে বিদেশি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে কার্যকর করার সুযোগসংবলিত কোনো প্রযোজ্য চুক্তি বা আইনি কাঠামো নেই।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকেও নির্ধারিত সরকারি প্রক্রিয়ায় প্রত্যর্পণ বা হস্তান্তরের বিষয়ে বাংলাদেশের কাছে কোনো আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়নি। ফলে একটি বেসরকারি প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে বাংলাদেশের কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়ার আইনগত বাধ্যবাধকতা নেই।

হাইকোর্টের পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত

হাইকোর্ট পর্যবেক্ষণে বলেন, কাউকে গ্রেপ্তার করা কিংবা বিদেশি রাষ্ট্রের কাছে প্রত্যর্পণ বা হস্তান্তরের মতো বলপ্রয়োগমূলক পদক্ষেপ গ্রহণের জন্য অবশ্যই আইনের সুস্পষ্ট কর্তৃত্ব থাকতে হবে।

বিদেশি আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কেবল জারির কারণেই বাংলাদেশের অভ্যন্তরে স্বয়ংক্রিয়ভাবে কার্যকরযোগ্য হয়ে যায় না। একইভাবে, এমন পরোয়ানা কার্যকর করার জন্য বাংলাদেশের স্থানীয় কর্তৃপক্ষের ওপরও কোনো স্বয়ংক্রিয় আইনগত বাধ্যবাধকতা তৈরি হয় না।

আদালত আরও বলেন, বিদেশি কোনো ফৌজদারি মামলায় বেসরকারি প্রতিষ্ঠানের স্বার্থ জড়িত থাকলেও শুধু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার মাধ্যমে তাদের বিদেশি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে বাধ্য করা যায় না।

যতক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর কোনো বিধিবদ্ধ বা সাংবিধানিক দায়িত্ব পালনের বাধ্যবাধকতা প্রতিষ্ঠিত না হচ্ছে, ততক্ষণ তাদের নিষ্ক্রিয়তাকে আইনগত দায়িত্ব পালনে ব্যর্থতা হিসেবে গণ্য করার সুযোগ নেই।

এসব পর্যবেক্ষণের ভিত্তিতে হাইকোর্ট সিদ্ধান্ত দেন, রিট আবেদনকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে নির্দেশনা চাওয়ার মতো যথাযথ আইনগত ভিত্তি প্রতিষ্ঠা করতে পারেনি। ফলে কোনো রুল জারি না করেই রিট আবেদনটি নিষ্পত্তি করা হয়।

সূত্র: বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ।



শেয়ার করুন

0 coment rios: