১১ নভে, ২০২৬

দীর্ঘ ২৯ বছর পর দোকান বরাদ্দ চেয়ে রিট: দীর্ঘদিন নিষ্ক্রিয় ও উদাসীন থাকায় বিলম্বের কারণে আবেদন খারিজ করলেন হাইকোর্ট: পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ছবিঃ সংগৃহীত 
দোকান বরাদ্দের জন্য অগ্রিম সালামি জমা দিলেও দীর্ঘ ২৯ বছর কোনো কার্যকর পদক্ষেপ না নিয়ে হাইকোর্টে রিট দায়ের করায় এক ব্যক্তির আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে রিট এখতিয়ার প্রয়োগের ক্ষেত্রে অযৌক্তিক ও ব্যাখ্যাহীন বিলম্ব থাকলে আবেদনকারীর পক্ষে মামলা করার যথেষ্ট ভিত্তি থাকলেও আদালত প্রতিকার দিতে অস্বীকৃতি জানাতে পারেন।

সম্প্রতি প্রকাশিত এক রায়ে হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. ইকবাল কবির এবং বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ সিদ্ধান্ত দেন। 

মামলাটি হলো রিট পিটিশন নং ৭৩৪/২০১৬ — আবদুর রহিম বনাম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও অন্যান্য। বিচারপতি এস এম সাইফুল ইসলাম ২৭ জুলাই ২০২৬ তারিখে বেঞ্চের পক্ষে রায়টি ঘোষণা করেন। মামলাটির শুনানি অনুষ্ঠিত হয় ২২ ও ২৩ জুন ২০২৬ তারিখে। পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয় ১১ নভেম্বর, ২০২৬ তারিখে। 

মামলার প্রেক্ষাপট

মামলার আবেদনকারী আবদুর রহিম আজিমপুর সরকারি নিউমার্কেটে ব্যবসা পরিচালনা করতেন। ১৯৮০ সালের ২৫ নভেম্বর গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সরকারি আবাসন পরিদপ্তরের একটি স্মারকের মাধ্যমে তাঁকে আজিমপুর নিউমার্কেটের কিচেন মার্কেটের ছাদে অবস্থিত হকার্স প্লাজার ৫১২ নম্বর দোকান বরাদ্দ দেওয়া হয়। পরবর্তী সময়ে ১৯৮১ সালের ২০ জুন তাঁকে দোকানটির দখল বুঝিয়ে দেওয়া হয়।

পরবর্তীতে মার্কেটটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনকারীসহ অন্যান্য দোকানমালিককে দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। একই সঙ্গে মার্কেট পুনর্নির্মাণের পর তাঁদের নতুন দোকান বরাদ্দ দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

এরপর ১৯৮৫ সালের ১৩ মার্চ ঢাকা পৌর করপোরেশন হকার্স প্লাজার ব্যবসায়ীদের প্রত্যেকের জন্য ৩০ হাজার টাকা অগ্রিম সালামি জমা দেওয়ার নির্দেশ দেয়। আবেদনকারী দুই কিস্তিতে ২০ হাজার ও ১০ হাজার টাকা পরিশোধ করেন বলে দাবি করেন।

কিন্তু নতুন মার্কেট নির্মাণ সম্পন্ন হওয়ার পর ক্ষতিগ্রস্ত পুরোনো দোকানমালিকদের যথাযথভাবে পুনর্বাসন না করে নতুন ব্যক্তিদের অনুকূলে দোকান বরাদ্দ দেওয়া হয়।

এ পরিস্থিতিতে হকার্স প্লাজা মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ১৯৮৭ সালে রিট পিটিশন নং ৩২/১৯৮৭ দায়ের করা হয়। পরবর্তীতে পক্ষগুলোর মধ্যে আপসের ভিত্তিতে ১৯৮৮ সালের ২৮ মার্চ মামলাটি নিষ্পত্তি হয়।

আবেদনকারীর দাবি ছিল, সমিতির পক্ষ থেকে জমা দেওয়া ক্ষতিগ্রস্ত দোকানমালিকদের তালিকায় তাঁর নাম ৪৪ নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত ছিল। তা সত্ত্বেও তাঁকে কোনো দোকান বরাদ্দ দেওয়া হয়নি।

পরবর্তীতে ঢাকা নিউ সুপার মার্কেট (নর্থ), ব্লক-ডি-এর নিচতলার ১০৫ নম্বর দোকানটি খালি রয়েছে জানতে পেরে তিনি ২০১৫ সালের ১৯ সেপ্টেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দোকান বরাদ্দের আবেদন করেন। কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি ২০১৬ সালে সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে রিট দায়ের করেন।

আবেদনকারীর বক্তব্য

আবেদনকারীর পক্ষে আইনজীবীরা আদালতে বলেন, কর্তৃপক্ষের নির্দেশে পুরোনো দোকান ছেড়ে দেওয়ার পর তাঁকে নতুন মার্কেটে দোকান বরাদ্দ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। সেই আশ্বাসের ভিত্তিতেই তিনি ৩০ হাজার টাকা অগ্রিম সালামি জমা দেন।

তাঁদের যুক্তি ছিল, একই ধরনের পরিস্থিতিতে অন্যান্য ক্ষতিগ্রস্ত দোকানমালিক আদালতের মাধ্যমে প্রতিকার পেয়েছেন। বিশেষ করে রিট পিটিশন নং ১১৩১/২০০৫-এ মো. হারুনসহ অন্য আবেদনকারীদের পক্ষে রুল যথাযথ ঘোষণা করা হয়েছিল। তাই একই অবস্থানে থাকা আবদুর রহিমও দোকান বরাদ্দ পাওয়ার অধিকারী।

সিটি করপোরেশনের বক্তব্য

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে আইনজীবীরা দাবি করেন, আবেদনকারীর দোকান বরাদ্দের অধিকার ছিল না এবং তিনি নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ সালামি জমা দেননি।

তাঁদের বক্তব্য অনুযায়ী, ৩০ হাজার টাকা জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা ছিল ১৯৮৫ সালের ৩০ মার্চ। কিন্তু আবেদনকারী নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ করেননি।

এ ছাড়া, বিতর্কিত ১০৫ নম্বর দোকানটি ১৯৮৬ সালেই রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছিল। ফলে আবেদনকারীর দাবিকৃত দোকানটি খালি থাকার বক্তব্যও সঠিক নয়।

সিটি করপোরেশনের পক্ষ থেকে আরও বলা হয়, প্রায় ৩০ বছর পর কোনো সন্তোষজনক ব্যাখ্যা ছাড়াই রিট দায়ের করা হয়েছে। এত দীর্ঘ বিলম্বের কারণে আবেদনটি খারিজযোগ্য।

হাইকোর্টের পর্যবেক্ষণ

উভয় পক্ষের বক্তব্য, রিট পিটিশন, হলফনামা এবং সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে হাইকোর্ট দেখতে পান, আবেদনকারী পুনর্নির্মিত নিউমার্কেট শপিং কমপ্লেক্সে দোকান বরাদ্দের জন্য দুই কিস্তিতে মোট ৩০ হাজার টাকা অগ্রিম সালামি জমা দিয়েছিলেন।

আদালত আরও উল্লেখ করেন, ১৯৮৭ সালে মার্কেটের পুনর্নির্মাণ ও দোকান বরাদ্দের কার্যক্রম সম্পন্ন হয়েছিল। অথচ আবেদনকারী ২০১৬ সালে, অর্থাৎ প্রায় ২৯ বছর পর বর্তমান রিট দায়ের করেন।

আদালতের মতে, এত দীর্ঘ সময় অপেক্ষা করার পেছনে আবেদনকারী কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। এমনকি ১৯৮৭ সালের পর প্রথমবারের মতো ২০১৫ সালের ১৯ সেপ্টেম্বর তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দোকান বরাদ্দ চেয়ে আবেদন করেন। অর্থাৎ প্রায় ২৮ বছর পর তিনি নিজের দাবির বিষয়ে পদক্ষেপ নেন।

হাইকোর্ট বলেন, রিট এখতিয়ারের অধীনে প্রতিকার প্রদান আদালতের বিবেচনামূলক ক্ষমতার বিষয়। সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে আদালত সাধারণত এমন আবেদনকারীকে সহায়তা করেন না, যিনি নিজের অধিকার আদায়ের ক্ষেত্রে দীর্ঘদিন নিষ্ক্রিয় ও উদাসীন থেকেছেন।

আদালতের পর্যবেক্ষণ ছিল, অযৌক্তিক ও ব্যাখ্যাহীন দীর্ঘ বিলম্ব থাকলে আবেদনকারীর পক্ষে যথেষ্ট মামলা করার ভিত্তি থাকলেও আদালত হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানাতে পারেন।

দোকানটি দীর্ঘদিন খালি থাকার দাবিও বিশ্বাসযোগ্য নয়

আদালত আরও বলেন, আবেদনকারী দাবি করেছেন, ঢাকা নিউ সুপার মার্কেট (নর্থ), ব্লক-ডি-এর নিচতলার ১০৫ নম্বর দোকানটি বরাদ্দের অপেক্ষায় খালি রয়েছে। অন্যদিকে, বিবাদীদের বক্তব্য অনুযায়ী, দোকানটি ১৯৮৬ সালেই রফিকুল ইসলামের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছিল।


হাইকোর্টের কাছে এটি বিশ্বাসযোগ্য মনে হয়নি যে, এত গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক মার্কেটের দোকান প্রায় ২৮ বছর ধরে খালি পড়ে রয়েছে।

আদালত আরও উল্লেখ করেন, এত দীর্ঘ সময় পর হঠাৎ করে আবেদনকারীর অনুকূলে দোকান বরাদ্দ দেওয়া হলে ইতোমধ্যে ওই দোকানের ওপর অধিকার বা স্বার্থ অর্জনকারী অন্য ব্যক্তিদের সঙ্গে নতুন বিরোধ ও জটিলতা সৃষ্টি হতে পারে। এতে অন্যদের প্রতি অবিচার হওয়ার আশঙ্কাও রয়েছে।

সবশেষে আদালত বলেন, আবেদনকারী মূলত মার্কেটে একটি দোকান বরাদ্দ পাওয়ার জন্য আবেদনকারী ছিলেন। বিতর্কিত ১০৫ নম্বর দোকানের ওপর তাঁর কোনো আইনগত অধিকার সৃষ্টি হয়নি।

হাইকোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত

সার্বিক তথ্য-উপাত্ত ও পরিস্থিতি বিবেচনায় হাইকোর্ট আবেদনকারীর দায়ের করা রিটের কোনো গ্রহণযোগ্য ভিত্তি খুঁজে পাননি।

ফলে আদালত রুলটি খারিজ (Discharged) করেন। একই সঙ্গে কোনো পক্ষের অনুকূলে মামলার খরচ সংক্রান্ত আদেশ দেননি এবং রিট দায়েরের সময় দেওয়া অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার ও বাতিল করেন।

রায়ের আইনি তাৎপর্য

এই রায়ে হাইকোর্ট পুনর্ব্যক্ত করেছেন যে, রিট এখতিয়ারের অধীনে প্রতিকার পাওয়ার ক্ষেত্রে শুধু কোনো দাবি বা সম্ভাব্য অধিকার থাকাই যথেষ্ট নয়; বরং নিজের অধিকার আদায়ে সময়মতো পদক্ষেপ নেওয়াও গুরুত্বপূর্ণ।

বিশেষ করে কোনো প্রশাসনিক সিদ্ধান্ত বা বরাদ্দসংক্রান্ত বিরোধের ক্ষেত্রে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর আদালতের দ্বারস্থ হলে সেই বিলম্বের যথাযথ ব্যাখ্যা দিতে হবে।

রায়ের মূল শিক্ষা হলো, সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে রিট প্রতিকার কোনো স্বয়ংক্রিয় অধিকার নয়; এটি আদালতের বিবেচনামূলক এখতিয়ার। অযৌক্তিক ও ব্যাখ্যাহীন বিলম্ব রিট প্রতিকার পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বাধা হতে পারে।

বিডি ল' পোস্ট / মাসুম 

শেয়ার করুন

0 coment rios: