![]() |
| ছবি: সংগৃহীত |
ঢাকার বিচারিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ নামে পৃথক বিচারিক অঞ্চল গঠনের উদ্যোগ নিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক আইনজীবী।
রিটকারী আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান মঙ্গলবার (৩ নভেম্বর) বিষয়টি জানিয়েছেন।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক, আইনগত ও বিচারিক পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়ে আইনমন্ত্রী, আইন ও বিচার বিভাগের সচিব এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে আইনি নোটিশ পাঠান তিনি। তবে নোটিশের কোনো কার্যকর সাড়া না পাওয়ায় পরবর্তী সময়ে হাইকোর্টে রিট আবেদন করেন।
নোটিশে ঢাকা উত্তর জেলা ও দায়রা জজ আদালত এবং ঢাকা উত্তর মহানগর দায়রা আদালত প্রতিষ্ঠার পাশাপাশি ঢাকা দক্ষিণ জেলা ও দায়রা জজ আদালত এবং ঢাকা দক্ষিণ মহানগর দায়রা আদালত গঠন বা পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
নোটিশে বলা হয়, ঢাকার বিপুল জনসংখ্যা, বিস্তৃত ভৌগোলিক পরিধি এবং ক্রমবর্ধমান দেওয়ানি, ফৌজদারি, পারিবারিক, বিশেষ ও মহানগর ফৌজদারি মামলার চাপ বিবেচনায় বিদ্যমান বিচারিক কাঠামোর পুনর্বিন্যাস জরুরি।
বর্তমান ব্যবস্থায় বিপুলসংখ্যক মামলা, বিচারপ্রার্থী, আইনজীবী, সাক্ষী, আসামি ও সংশ্লিষ্ট ব্যক্তির সমাগমের কারণে বিচারিক প্রশাসনের ওপর ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছে। এর ফলে আদালতে যাতায়াত, মামলার ব্যবস্থাপনা এবং দ্রুত বিচার নিষ্পত্তির ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
এ পরিস্থিতিতে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ নামে পৃথক বিচারিক অঞ্চল গঠন করা হলে বিচারিক কার্যক্রমের বিকেন্দ্রীকরণ, মামলার চাপ হ্রাস এবং বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘবে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
সূত্র: বাংলানিউজ২৪ | ৩ নভেম্বর ২০২৬

0 coment rios: