২৭ নভে, ২০২৬

রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন

ছবি: সংগৃহীত 
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রিমান্ড শেষে মুফতি রুহুল আমিনকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকা মহানগরের পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান আদালতে দাখিল করা আবেদনে জানান, গত ১৯ নভেম্বর রুহুল আমিনকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে আট কার্যদিবসের মধ্যে রিমান্ড কার্যকর করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, আদালতের নির্দেশনা অনুযায়ী ২৩ নভেম্বর কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি হেফাজতে নেওয়া হয়। এর আগে তাকে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক জিজ্ঞাসাবাদের জন্য শারীরিকভাবে সুস্থ বলে জানান।

তবে সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রুহুল আমিন বুকে সামান্য ব্যথা অনুভব করেন। পরে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাকে পুনরায় পুলিশ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠান।

সিআইডির আবেদনে বলা হয়, ২৬ নভেম্বর রুহুল আমিনকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ২৭ নভেম্বর তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এ-সংক্রান্ত চিকিৎসা সনদের সাত পৃষ্ঠার অনুলিপিও আদালতে দাখিল করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে রুহুল আমিন জানিয়েছেন, ঘটনার দিন তিনি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে উপস্থিত ছিলেন এবং তার সামনেই মামলার ঘটনা ঘটে। এ ছাড়া মামলার বিষয়ে তিনি আরও কিছু তথ্য দিয়েছেন বলে তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

তদন্ত কর্মকর্তা আরও জানান, মামলার এজাহারে ৫৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। তাদের নাম, স্থায়ী ঠিকানা ও অন্যান্য পরিচয় শনাক্তের কাজ চলছে। তদন্ত এখনো শেষ হয়নি। তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত রুহুল আমিনকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।

পল্টন থানায় ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর মামলাটি দায়ের করা হয়। এতে দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৪২৭, ১১৪ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি।

সূত্র: জাগো নিউজ ২৪


শেয়ার করুন

0 coment rios: