![]() |
| ছবি: সংগৃহীত |
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর এজলাসে আসামিদের হাজির করা হয়। এদিনই প্রথমবারের মতো এ মামলার আসামিদের এ ধরনের নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ট্রাইব্যুনালে নেওয়া হলো।
এজলাসে প্রবেশের সময় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে বলতে শোনা যায়, ‘আমাদের জোর করে নেওয়া হচ্ছে। নির্যাতন করা হচ্ছে।’ অন্যদিকে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে মাথা নিচু করে নীরবে এজলাসে প্রবেশ করতে দেখা যায়।
দুপুরে প্রথমে হুইলচেয়ারে করে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে এজলাসে নেওয়া হয়। এরপর সাবেক মন্ত্রী ও চিকিৎসক ডা. দীপু মনি এবং ৭১ টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে স্বাভাবিকভাবে সেখানে নেওয়া হয়। অন্য আসামিদের দুপুর ১২টা ৫৫ মিনিটে হাজির করা হয়।
এ সময় আসামিদের সবার হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। তাঁদের পরনে ছিল বুলেটপ্রুফ জ্যাকেট এবং মাথায় হেলমেট। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে এজলাসে নেওয়ার সময় কিছুটা জোরাজুরি করতে দেখা যায়। তবে জিয়াউল আহসান ছিলেন নীরব।
আসামিদের ট্রাইব্যুনালে আনা-নেওয়ার সময় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। তাঁদের দুই পাশে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য এবং সামনে পুলিশ সদস্যরা অবস্থান নেন।
মামলায় ৪১ আসামি, গ্রেপ্তার ১১ জন
শাপলা চত্বরের হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে গ্রেপ্তার ১১ জনকে সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাকি আসামিরা পলাতক রয়েছেন।
গত ১২ নভেম্বর ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
অভিযোগে শাপলা চত্বর ও সিদ্ধিরগঞ্জের হত্যাকাণ্ড
মামলায় আসামিদের বিরুদ্ধে দুটি পৃথক অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে।
দ্বিতীয় অভিযোগে পরদিন, অর্থাৎ ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে।
এসব অভিযোগের ভিত্তিতে মানবতাবিরোধী অপরাধের মামলাটির বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে প্রসিকিউশন।
সূত্র: ঢাকা পোস্ট

0 coment rios: