৩ নভে, ২০২৬

সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ ও আইনজীবীদের সুযোগ-সুবিধা বাড়াতে ২৬ আইনজীবীর রিট

ছবি: সংগৃহীত 
সুপ্রিম কোর্টে পর্যাপ্তসংখ্যক বিচারপতি নিয়োগ, প্রয়োজনীয় বেঞ্চ গঠন, বিচার বিভাগের জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ এবং আইনজীবীদের পেশাগত সুযোগ-সুবিধা বাড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন ২৬ জন আইনজীবী।

মঙ্গলবার (৩ নভেম্বর) ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লবের নেতৃত্বে সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালতের ২৬ জন আইনজীবী জনস্বার্থে (পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন) এই রিট আবেদন করেন। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটি দাখিল করা হয়।

রিটে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে প্রয়োজনীয়সংখ্যক বিচারপতি নিয়োগ এবং মামলা নিষ্পত্তির সুবিধার্থে পর্যাপ্ত বেঞ্চ গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবীদের জন্য পর্যাপ্ত চেম্বার, বসার ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, সুপেয় পানি এবং আধুনিক ডিজিটাল অবকাঠামো নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে।

আবেদনে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরে সুপ্রিম কোর্টের জন্য প্রস্তাবিত বাজেট বরাদ্দ ২৯১ কোটি টাকা। অথচ একই অর্থবছরে দেশের জাতীয় বাজেটের পরিমাণ প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রিটকারীদের মতে, বিচার বিভাগের কার্যক্রমের পরিধি ও প্রয়োজনের তুলনায় এই বরাদ্দ অপর্যাপ্ত।

রিটে আরও উল্লেখ করা হয়, ২০২৬ সালের আগস্ট পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে মোট বিচারাধীন মামলার সংখ্যা প্রায় ৬ লাখ ৮৫ হাজার ৮৩০টি। বিপুলসংখ্যক মামলা নিষ্পত্তির দায়িত্বে রয়েছেন মাত্র ১০৫ জন বিচারপতি। এর মধ্যে আপিল বিভাগে পাঁচজন এবং হাইকোর্ট বিভাগে ১০০ জন বিচারপতি রয়েছেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

রিটকারীদের বক্তব্য, বিচার বিভাগের স্বাধীনতা ও কার্যকর বিচারিক কার্যক্রম নিশ্চিত করতে পর্যাপ্ত আর্থিক সক্ষমতা অপরিহার্য। মামলার ক্রমবর্ধমান চাপ মোকাবিলা এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচার পাওয়ার অধিকার বাস্তবায়নে প্রয়োজনীয় বিচারক, অবকাঠামো ও প্রশাসনিক সুবিধা নিশ্চিত করা জরুরি।

এ কারণে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে বিচার বিভাগের জন্য একটি যুক্তিসংগত, প্রয়োজনভিত্তিক ও আনুপাতিক বাজেট কাঠামো প্রণয়নের নির্দেশনাও চাওয়া হয়েছে।

রিটে আইন ও বিচার বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, অর্থ বিভাগের সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ বার কাউন্সিল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।


সূত্র: The Daily Star, ৩ নভেম্বর ২০২৬।


শেয়ার করুন

0 coment rios: