১৩ নভে, ২০২৬

১ জুলাই, ২০২৭ থেকে দলিল লেখায় স্ট্যাম্পের ব্যবহার বন্ধ, পুরো শুল্ক দিতে হবে এ-চালানে

১ জুলাই, ২০২৭ থেকে স্ট্যাম্পের পরিবর্তে দলিল লিখতে হবে কার্টিজ পেপারে

জমি, ফ্ল্যাটসহ বিভিন্ন সম্পত্তির দলিল নিবন্ধনের ক্ষেত্রে স্ট্যাম্প ব্যবহারের প্রচলিত পদ্ধতিতে বড় পরিবর্তন আনছে সরকার। আগামী ১ জুলাই ২০২৭ থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্পের পরিবর্তে কার্টিজ পেপারে দলিল লিখতে হবে। একই সঙ্গে দলিলের বিপরীতে প্রযোজ্য সম্পূর্ণ স্ট্যাম্প শুল্ক এ-চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিতে হবে। এ ক্ষেত্রে এ-চালানের মাধ্যমে পরিশোধের পর মুদ্রিত চালানের কপি দলিলের সঙ্গে সংযুক্ত করতে হবে।

গত ২ নভেম্বর ২০২৬ তারিখে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের স্ট্যাম্প শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনটি এসআরও নম্বর ৩৮৬-আইন/২০২৬।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, The Stamp Act, 1899-এর ১১এ ধারা এবং The Stamp Duties (Additional Modes of Payment) Act, 1974-এর ২(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার এ-চালানের মাধ্যমে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক পরিশোধের নতুন পদ্ধতি নির্ধারণ করেছে।

নতুন নিয়ম অনুযায়ী, ১ জুলাই ২০২৭ থেকে দলিল নিবন্ধনসহ বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক এ-চালানের মাধ্যমে পরিশোধ করতে হবে। এ জন্য Automated Challan System বা ‘এ-চালান’ (www.achallan.gov.bd) ব্যবহার করতে হবে।

বর্তমানে প্রচলিত নিয়মে নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত স্ট্যাম্প ব্যবহার করে দলিল লেখা যায় এবং অবশিষ্ট স্ট্যাম্প শুল্ক এ-চালানের মাধ্যমে পরিশোধ করতে হয়। তবে নতুন পদ্ধতি পুরোপুরি কার্যকর হলে স্ট্যাম্পের মাধ্যমে শুল্ক পরিশোধের পরিবর্তে সম্পূর্ণ অর্থ এ-চালানে জমা দিতে হবে। অর্থাৎ দলিল লেখার ক্ষেত্রে প্রচলিত স্ট্যাম্প ব্যবহারের পরিবর্তে কার্টিজ পেপার ব্যবহার বাধ্যতামূলক হবে।

যেভাবে পরিশোধ করতে হবে স্ট্যাম্প শুল্ক

প্রজ্ঞাপনে এ-চালানের মাধ্যমে স্ট্যাম্প শুল্ক পরিশোধের ক্ষেত্রে কয়েকটি শর্তও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—

১. নিবন্ধনযোগ্য দলিলের ক্ষেত্রে এ-চালানের মাধ্যমে শুল্ক পরিশোধের পর চালানের মুদ্রিত কপি সংশ্লিষ্ট দলিলের সঙ্গে সংযুক্ত করতে হবে। দলিলের প্রথম পাতায় এ-চালান-সংক্রান্ত নম্বর উল্লেখ করতে হবে।

২. বীমা পলিসির ওপর প্রদেয় স্ট্যাম্প শুল্ক এ-চালানের মাধ্যমে পরিশোধের ক্ষেত্রে চালানের মুদ্রিত কপি বীমা পলিসির সঙ্গে সংযুক্ত করতে হবে। পাশাপাশি বীমা পলিসির শনাক্তকরণ নম্বর এবং সংশ্লিষ্ট এ-চালানের নম্বর উল্লেখ করতে হবে।

৩. একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে একযোগে স্ট্যাম্প শুল্ক পরিশোধের ক্ষেত্রে প্রত্যেকের নাম ও শনাক্তকরণ নম্বর (প্রযোজ্য ক্ষেত্রে টিআইএন, এনআইডি, বিআইএন বা ট্রেড লাইসেন্স নম্বর) উল্লেখ করতে হবে।

২০২৭ সালের জুন পর্যন্ত থাকছে পুরোনো পদ্ধতিও

তবে নতুন নিয়ম কার্যকরের আগে সাধারণ মানুষের জন্য একটি অন্তর্বর্তীকালীন সুযোগ রাখা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৩০ জুন ২০২৭ পর্যন্ত এ-চালানের পাশাপাশি বর্তমানে প্রচলিত পদ্ধতিতেও স্ট্যাম্প শুল্ক পরিশোধ করা যাবে।

অর্থাৎ ১ জুলাই ২০২৭-এর আগে প্রচলিত নিয়মে স্ট্যাম্প ব্যবহার করে দলিল লেখা যাবে। একই সঙ্গে কেউ চাইলে কার্টিজ পেপারে দলিল লিখে এ-চালানের মাধ্যমে সম্পূর্ণ স্ট্যাম্প শুল্ক পরিশোধের পদ্ধতিও অনুসরণ করতে পারবেন।

নতুন এ ব্যবস্থা কার্যকর হলে দলিল নিবন্ধনের ক্ষেত্রে স্ট্যাম্প কেনা ও ব্যবহারের প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আসবে। পাশাপাশি সরকারি কোষাগারে স্ট্যাম্প শুল্ক জমা দেওয়ার প্রক্রিয়া আরও সরাসরি এ-চালাননির্ভর হবে।


সূত্র: অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, স্ট্যাম্প শাখা; এস.আর.ও. নং ৩৮৬-আইন/২০২৬, বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যা, ২ নভেম্বর ২০২৬, পৃষ্ঠা ২৬৬৭৭–২৬৬৭৮।

মূল প্রজ্ঞাপন: বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (BG Press) – বাংলাদেশ গেজেট


শেয়ার করুন

0 coment rios: