২৮ নভে, ২০২৬

দুই বছরেও বিচার শেষ হয়নি আলিফ হত্যা মামলার, দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার দাবি, জীবদ্দশায় পুত্র হত্যার বিচার দেখতে চান আলিফের পিতা

ছবি: সংগৃহীত 
চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যার দুই বছর পেরিয়ে গেলেও মামলার বিচার কার্যক্রম শেষ হয়নি। মামলায় ৪৯ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত মাত্র চারজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। ছেলের হত্যার বিচার জীবদ্দশায় দেখে যেতে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানিয়েছেন নিহত আলিফের বাবা ও মামলার বাদী জামাল উদ্দিন।

এদিকে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম আদালতপাড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন আইনজীবীরা। পরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে আলিফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এসব কর্মসূচি থেকে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি

স্মরণসভা ও বিক্ষোভ কর্মসূচিতে আইনজীবীরা বলেন, একজন আইনজীবীকে প্রকাশ্যে হত্যার পরও দুই বছরেও বিচার শেষ না হওয়া অত্যন্ত উদ্বেগজনক। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় সরকারি আদেশ দ্রুত জারি করতে হবে। অন্যথায় বিচার শেষ হতে আরও দীর্ঘ সময়, এমনকি এক যুগও লেগে যেতে পারে।

মামলার বাদীপক্ষের আইনজীবী রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, মামলাটি বর্তমানে দায়রা মামলা হিসেবে বিচারাধীন। মহানগর দায়রা জজ নিজ ক্ষমতাবলে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তির জন্য মামলাটি পাঠালেও প্রয়োজনীয় সরকারি গেজেট প্রকাশ না হওয়ায় সেখানে বিচার কার্যক্রম শুরু করা যাচ্ছে না।

তিনি জানান, আলিফের বাবা ও মামলার বাদী জামাল উদ্দিন ২০২৫ সালের ২৩ ডিসেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের আবেদন করেছিলেন। তবে এখনো এ বিষয়ে সরকারের চূড়ান্ত আদেশ পাওয়া যায়নি।

রায়হানুল ওয়াজেদ চৌধুরী আরও বলেন, মামলায় মোট ৪৯ জন সাক্ষী থাকলেও এখন পর্যন্ত মাত্র চারজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সাক্ষ্য দেওয়া ব্যক্তিদের কাউকেই এখনো চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষ থেকে জেরা করা হয়নি। বাকি সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও জেরা, অন্যান্য বিচারিক কার্যক্রম, যুক্তিতর্ক এবং রায় ঘোষণা—সবই এখনো বাকি।

এভাবে বিচার কার্যক্রম চলতে থাকলে মামলার নিষ্পত্তিতে আরও দীর্ঘ সময় লাগতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষ থেকে একের পর এক দরখাস্ত দাখিল করে বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত করা হচ্ছে বলেও অভিযোগ করেন বাদীপক্ষের এই আইনজীবী। তবে আদালতের বিচারিক প্রক্রিয়ার প্রতি তারা শ্রদ্ধাশীল বলে উল্লেখ করেন তিনি।

ছেলের হত্যার বিচার দেখে যেতে চান বাবা

নিহত সাইফুল ইসলাম আলিফের বাবা ও মামলার বাদী জামাল উদ্দিন ছেলের হত্যার বিচার জীবদ্দশায় দেখে যাওয়ার আকুতি জানিয়েছেন।

তিনি বলেন, “জীবদ্দশায় ছেলে হত্যার বিচার দেখে যেতে চাই। আর কিছু বলার নেই।”

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন বলেন, আলিফ হত্যার দুই বছর পার হলেও বিচার কার্যক্রম ধীরগতিতে চলছে। দীর্ঘ বিরতির পর শুনানির তারিখ দেওয়া হচ্ছে এবং গতানুগতিকভাবে বিচার এগিয়ে নেওয়া হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি দ্রুততম সময়ের মধ্যে মামলাটির বিচার শেষ করার পাশাপাশি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানান।

যেভাবে হত্যাকাণ্ড

২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনের অদূরে মেথরপট্টি এলাকায় হামলার শিকার হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। পরে তাকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

ওই দিন বহিষ্কৃত ইসকন নেতা ও সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করার পর কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আদালতপাড়া ও আশপাশের এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘাতের একপর্যায়ে আলিফের ওপর হামলা চালানো হয়।

এ ঘটনায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ১ জুলাই নগর পুলিশের তৎকালীন সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) মো. মাহফুজুর রহমান ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

পরে বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সুকান্ত নামের একজনকে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হলে আসামির সংখ্যা দাঁড়ায় ৩৯ জনে।

চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল গত ১৯ জানুয়ারি ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বর্তমানে চিন্ময় কৃষ্ণ দাসসহ ২৭ জন আসামি কারাগারে রয়েছেন। বাকি আসামিরা পলাতক।

মামলায় চিকিৎসক, পুলিশ সদস্যসহ মোট ৪৯ জন সাক্ষী রয়েছেন। বিচার শুরু হওয়ার পর এখন পর্যন্ত মামলার বাদীসহ মাত্র চারজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। ফলে দুই বছর পেরিয়ে গেলেও মামলাটির বিচার কার্যক্রম এখনো প্রাথমিক পর্যায়েই রয়েছে।

সূত্র: বাসস


শেয়ার করুন

0 coment rios: