৮ নভে, ২০২৬

প্রধান বিচারপতির অবসরের বয়স ৬৭ থেকে কমিয়ে ৬৫ বছর করার প্রস্তাব দেব: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত 
প্রধান বিচারপতির অবসরের বয়সসীমা ৬৭ বছর থেকে কমিয়ে পুনরায় ৬৫ বছর নির্ধারণের প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর মতে, সংবিধান সংশোধনের মাধ্যমে এ উদ্যোগ নেওয়া হলে বিচার বিভাগের স্বাধীনতা আরও সুসংহত করা সম্ভব।

শনিবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর অফিসার্স ক্লাবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধান বিচারপতির অবসরের বয়সসীমা ৬৭ বছরের পরিবর্তে ৬৫ বছর নির্ধারণ করা হলে কেমন হয়, তা বিবেচনা করা প্রয়োজন। অতীতে রাজনৈতিক ও সাংবিধানিক প্রেক্ষাপটে অবসরের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে বর্তমানে তিনি মনে করেন, ওই সিদ্ধান্ত না নেওয়াই ভালো হতো।

তিনি ১৯৯৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বঙ্গভবনে ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে যাওয়ার স্মৃতিচারণ করেন। পাশাপাশি ২০০১ সালে বিএনপি সরকারের মেয়াদ শেষে সংবিধানের একটি অনুচ্ছেদ পরিবর্তনের ফলে সৃষ্ট পরিস্থিতির কথাও তুলে ধরেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, একজনকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার সুযোগ তৈরির উদ্দেশ্যে প্রধান বিচারপতির অবসরের বয়সসীমা ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ বছর করা হয়েছিল। ইতিহাস একদিন এ সিদ্ধান্তের যথাযথ মূল্যায়ন করবে। তবে ওই সিদ্ধান্তের সুবিধাভোগী বিচার বিভাগ কখনো অবসরের বয়সসীমা পুনরায় ৬৫ বছরে ফিরিয়ে নেওয়ার দাবি জানায়নি।

তিনি আরও বলেন, অবসরের বয়সসীমা বাড়ানোর দায় শুধু বিএনপির ওপর চাপানো হয়। অথচ পরবর্তী সময়ে অন্যদেরও এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বয়সসীমা ৬৫ বছরে ফিরিয়ে আনার সুযোগ ছিল।

১৯৭৯ সালের পঞ্চম সংশোধনী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচারপতি খায়রুল হক ওই সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করেছিলেন। কিন্তু সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগের জন্য যেসব সুবিধা যুক্ত হয়েছিল, সেগুলোর কোনোটি বাতিল করা হয়নি। বরং অবসরের বয়সসীমাসহ বিভিন্ন সুবিধা বহাল রাখা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবসরের বয়সসীমা পুনরায় ৬৫ বছর করার প্রস্তাব উত্থাপিত হলে বর্তমানে দায়িত্বে থাকা এবং যেসব বিচারকের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তদন্ত হয়নি, তাঁদের বিষয়টিও আলোচনায় আসবে।

সবশেষে তিনি বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা আরও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হলে বর্তমান পরিস্থিতির পরিবর্তন আসতে পারে। এ বিবেচনায় প্রধান বিচারপতির অবসরের বয়সসীমা ৬৫ বছর করার প্রস্তাব উত্থাপন করা প্রয়োজন বলে তিনি মনে করেন।

সূত্র: বাংলা নিউজ ২৪


শেয়ার করুন

0 coment rios: