![]() |
| ছবি: সংগৃহীত |
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুলশান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা একটি মামলায় এক দিনের রিমান্ড শেষে দিলীপ কুমার আগরওয়ালাকে আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে জুলাই আন্দোলন-সংক্রান্ত হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত। পরে ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া দিলীপ কুমার আগরওয়ালাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো এবং ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, দিলীপ কুমার আগরওয়ালা (৫৭) আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। মামলার ঘটনাস্থলে অন্য আসামিদের সঙ্গে তার সরাসরি উপস্থিতি ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে আবেদনে দাবি করা হয়।
মামলার প্রকৃত ঘটনা উদ্ঘাটন, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, তাদের নাম-ঠিকানা সংগ্রহ এবং ঘটনার সময় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলেও রিমান্ড আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।
বুধবারের শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের পাশাপাশি তার জামিনের আবেদন করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ তাকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পক্ষে যুক্তি উপস্থাপন করে। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন আবেদন নাকচ করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

0 coment rios: